ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর

ঘর পরিষ্কার করতে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে হবে এমন ধারণা অনেকেরই। অথচ প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই ঘরকে অগোছালো করে তোলে। চেয়ারজুড়ে জামাকাপড়, বিছানায় এলোমেলো চাদর, টেবিলে ছড়িয়ে থাকা ছোটখাটো জিনিস কিংবা খাওয়ার পর বাসন সরিয়ে না রাখার মতো অভ্যাসে অল্প সময়েই ঘরের চেহারা বদলে যায়। তাই আলাদা করে বড়সড় পরিষ্কারের বদলে দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস বদলালেই ঘর অনেক বেশি পরিপাটি রাখা সম্ভব।

চেয়ারে জামাকাপড় জমতে দেবেন না

বাইরে থেকে ফিরে জামা খুলে চেয়ারে বা বিছানার ওপর ফেলে রাখার অভ্যাস অনেকেরই। এক-দুই দিন এভাবে চললেই সেখানে জামাকাপড়ের স্তূপ তৈরি হয়ে যায়।

ব্যবহৃত পোশাক ধোয়ার হলে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ঝুড়ি বা বালতিতে রাখুন। আর ধোয়ার প্রয়োজন না থাকলে ভাঁজ করে আলমারিতে তুলে রাখুন। এতে ঘরও গোছানো থাকবে, প্রয়োজনের সময় পোশাক খুঁজতেও সমস্যা হবে না।

পোশাকের জন্য নির্দিষ্ট জায়গা রাখুন

ঘরে আলমারিতে জায়গা কম থাকলে দরজার পেছনে বা দেওয়ালের সুবিধাজনক অংশে হুক বা ওপেন হ্যাঙ্গার ব্যবহার করা যেতে পারে। নিয়ম করে পোশাক নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখলে ঘরের বিভিন্ন জায়গায় জামাকাপড় ছড়িয়ে থাকার প্রবণতা কমবে।

তবে হ্যাঙ্গারেও অতিরিক্ত পোশাক ঝুলিয়ে না রেখে নিয়মিত গুছিয়ে নেওয়া জরুরি।

ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিন

একটি অগোছালো বিছানাই পুরো ঘরকে অপরিষ্কার দেখাতে পারে। তাই ঘুম থেকে ওঠার পর কয়েক মিনিট সময় নিয়ে চাদর টানটান করে পেতে দিন এবং বালিশগুলো ঠিক জায়গায় রাখুন।

কাজটি খুব ছোট হলেও ঘরের চেহারায় বড় পরিবর্তন আনতে পারে। দিনের শুরুতেই একটি কাজ শেষ হয়ে যাওয়ায় মনও কিছুটা গোছানো থাকে।

ছোটখাটো জিনিস ছড়িয়ে রাখবেন না

চাবি, চার্জার, রিমোট, কলম, প্রসাধনী কিংবা নানা প্রয়োজনীয় ছোট জিনিস টেবিলের ওপর ছড়িয়ে থাকলে ঘর দ্রুত অগোছালো দেখায়।

এসবের জন্য একটি ছোট বাক্স, অর্গানাইজার বা ঢাকনাযুক্ত ট্রে ব্যবহার করতে পারেন। ব্যবহারের পর জিনিসটি আবার নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করুন।

খাওয়ার পর কাপ-প্লেট সরিয়ে ফেলুন

চা বা কফি খাওয়ার পর কাপ টেবিলেই রেখে দেওয়া, পানির বোতল জমিয়ে রাখা কিংবা খাবার শেষে প্লেট-বাটি না সরানোর অভ্যাসও ঘর অপরিচ্ছন্ন করে তোলে।

খাওয়া বা পান করা শেষ হলে কাপ, প্লেট ও বোতল নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে রাখুন। একই নিয়ম ছোটখাটো অন্যান্য জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য।

ঘর গোছানোর সহজ নিয়ম

ঘর সব সময় ঝকঝকে রাখতে প্রতিদিন বড়সড় পরিষ্কার করার প্রয়োজন নেই। বরং ‘যেখানে থেকে নিয়েছেন, কাজ শেষে সেখানেই রাখুন’ এই একটি অভ্যাস তৈরি করতে পারলেই অনেকটা কাজ সহজ হয়ে যায়।

দিনের শেষে মাত্র ১০-১৫ মিনিট সময় নিয়ে বিছানা, টেবিল, চেয়ার ও মেঝে একবার দেখে নিন। প্রতিদিনের এই ছোট্ট রুটিনই ঘরকে দীর্ঘ সময় ধরে পরিচ্ছন্ন ও গোছানো রাখতে পারে।