ফিশফ্রাই, কাটলেট, বড়া কিংবা ফ্রেঞ্চফ্রাই ভাজাভুজি মুচমুচে হলে খেতে বেশি ভালো লাগে। তবে এর জন্য সব সময় ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। তেলের সঠিক তাপমাত্রা, খাবারের আর্দ্রতা এবং বাইরের আবরণ ঠিক থাকলে অল্প তেলেও ভাজাভুজি হতে পারে কুড়মুড়ে।
জেনে নিন সহজ ৫ কৌশল—
১. ভাজার আগে উপকরণ ভালোভাবে শুকিয়ে নিন
ভাজাভুজির মুচমুচে ভাব নষ্ট হওয়ার অন্যতম কারণ অতিরিক্ত আর্দ্রতা। বিশেষ করে ফ্রেঞ্চফ্রাই তৈরির সময় কাটা আলুতে পানি লেগে থাকলে তা তেলে দেওয়ার পর সহজে মুচমুচে হবে না।
তাই ভাজার আগে পরিষ্কার কাপড় বা কিচেন টাওয়েল দিয়ে আলু বা অন্যান্য উপকরণ ভালোভাবে শুকিয়ে নিন।
২. তেলের তাপমাত্রা ঠিক রাখুন
বেশি তেল নয়, বরং তেলের সঠিক তাপমাত্রাই ভাজাভুজি মুচমুচে করার অন্যতম চাবিকাঠি। তেল বেশি গরম হলে বাইরের অংশ দ্রুত বাদামি হয়ে যেতে পারে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার আশঙ্কা থাকে। আবার তেল কম গরম হলে খাবার অতিরিক্ত তেল শুষে নিতে পারে।
ভাজার সময় তেলের তাপমাত্রা সাধারণত ১৭৫ থেকে ১৯০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে ভালো ফল পাওয়া যায়। চাইলে রান্নাঘরে ব্যবহারের উপযোগী কুকিং থার্মোমিটার ব্যবহার করতে পারেন।
একসঙ্গে বেশি খাবার তেলে দেবেন না। অল্প অল্প করে কয়েক ধাপে ভাজলে তেলের তাপমাত্রা খুব বেশি কমে যাবে না এবং খাবারও ভালোভাবে মুচমুচে হবে।
৩. একবার নয়, দুই ধাপে ভাজুন
মুচমুচে ভাজাভুজির জন্য দুই ধাপে ভাজার কৌশল কাজে লাগতে পারে। প্রথমবার মাঝারি আঁচে ভেজে খাবারটি ভালোভাবে রান্না করে নিন। এরপর কিছুক্ষণ রেখে দ্বিতীয়বার তুলনামূলক বেশি আঁচে ভাজুন। এতে বাইরের আবরণ দ্রুত কুড়মুড়ে হয়ে উঠবে। বিশেষ করে ফ্রেঞ্চফ্রাইয়ের ক্ষেত্রে এই কৌশল বেশ কার্যকর।
৪. ব্যাটারে ব্যবহার করুন ঠান্ডা পানি বা সোডা
ফিশফ্রাই, প্রন টেম্পুরা বা ব্যাটারে ভেজে তৈরি খাবারের বাইরের আবরণ মুচমুচে করতে ব্যাটার তৈরির সময় ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। আরও কুড়মুড়ে আবরণ চাইলে সাধারণ পানির বদলে ঠান্ডা সোডা ব্যবহার করেও দেখতে পারেন। ব্যাটার তৈরি করার পর বেশি সময় রেখে না দিয়ে দ্রুত ভাজতে দিলে ভালো ফল পাওয়া যায়।
৫. ভাজার পর টিস্যুর ওপর রাখবেন না
ভাজা খাবার তেল ঝরানোর জন্য অনেকে কাগজের প্লেট বা টিস্যু পেপারের ওপর রাখেন। এতে নিচের অংশে বাষ্প আটকে গিয়ে খাবার নরম হয়ে যেতে পারে। এর বদলে ভাজাভুজি একটি ওয়্যার র্যাক বা জালির ওপর রাখুন। এতে অতিরিক্ত তেল নিচে ঝরে যাবে এবং চারপাশে বাতাস চলাচল করায় খাবারের মুচমুচে ভাবও বজায় থাকবে।
মনে রাখবেন, মুচমুচে ভাজাভুজির জন্য বেশি তেলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো উপকরণ শুকনো রাখা, তেলের তাপমাত্রা ঠিক রাখা এবং একসঙ্গে বেশি খাবার না ভাজা। এই কয়েকটি কৌশল মেনে চললে কম তেলেও ফিশফ্রাই, কাটলেট, পকোড়া কিংবা ফ্রেঞ্চফ্রাই বেশ কুড়মুড়ে করে তৈরি করা সম্ভব।