বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়

ভাড়া বাড়িতে থাকার সবচেয়ে বড় সমস্যা, ঘরটি নিজের মতো করে সাজাতে চাইলেও অনেক কিছুতেই বাধা থাকে। দেয়ালে পেরেক ঠোকা, স্থায়ীভাবে রং করা কিংবা আসবাবে বড় ধরনের পরিবর্তন আনা সবকিছুর জন্যই বাড়িওয়ালার অনুমতি প্রয়োজন হতে পারে।

তবে তাই বলে ঘরকে নিজের পছন্দমতো সাজানোর সুযোগ নেই, এমন নয়। স্থায়ী কোনও পরিবর্তন না করেও কিছু বুদ্ধিদীপ্ত উপায়ে ভাড়া বাড়ির অন্দরকে করে তুলতে পারেন আরও সুন্দর ও আরামদায়ক।

দেয়ালে রং না করে সাজাতে পারেন ওয়ালপেপার (ছবি: সংগৃহীত)

দেয়াল বদলান, রং নয়

দেয়ালে রং করার অনুমতি না থাকলে ব্যবহার করতে পারেন সহজে খুলে ফেলা যায় এমন ওয়ালপেপার বা স্টিকার। তবে সরাসরি দেয়ালে লাগানোর বদলে হালকা বোর্ডের ওপর পছন্দের নকশা বসিয়ে সেটি সাজসজ্জার অংশ হিসেবে ব্যবহার করতে পারেন।

ঘরের কোনও বিবর্ণ অংশ ঢাকতেও এই কৌশল কাজে আসবে। একইভাবে টেবিলের ওপরের অংশ, তাক কিংবা ছোট আসবাবেও অস্থায়ী কভার ব্যবহার করে চেহারা বদলে ফেলা যায়।

একটি সুন্দর রাগ বা পাটি পুরো ঘরের আবহ পাল্টে দিতে পারে (ছবি: সংগৃহীত)

মেঝেতে যোগ করুন রঙের ছোঁয়া

ঘরের মেঝে বদলানোর সুযোগ না থাকলেও একটি সুন্দর রাগ বা পাটি পুরো ঘরের আবহ পাল্টে দিতে পারে। আসবাবের রং ও ঘরের দেয়ালের সঙ্গে মিলিয়ে নকশা বেছে নিলে জায়গাটি আরও গোছানো দেখাবে।

ছোট রাগ দিয়ে বসার জায়গা আলাদা করেও ঘরে নতুন একটি বিন্যাস তৈরি করা যায়।

দেয়াল ফুটো না করেই আঠাযুক্ত পেরেকে ঘর সাজান (ছবি: সংগৃহীত)

দেয়ালে না ফুটিয়েই সাজান

ভাড়া বাড়িতে দেয়ালে পেরেক বা স্ক্রু ব্যবহার করা অনেক সময় ঝুঁকিপূর্ণ। তাই হালকা ফ্রেম, কাপড়ের নকশা, হাতে আঁকা ছবি কিংবা ছোট সাজসজ্জার সামগ্রী ব্যবহার করতে পারেন।

ক্ষতি না করে খুলে ফেলা যায় এমন হুক বা স্ট্রিপ ব্যবহার করলেও দেয়াল সাজানো সম্ভব। এতে বাড়ি ছাড়ার সময়ও বড় ধরনের মেরামতের ঝামেলা থাকে না।

বারান্দায় কিংবা ঘরের খালি কোণ সাজাতে পারেন ইন্ডোরপ্লান্টে (ছবি: সংগৃহীত)

ঘরে আনুন সবুজ

ইনডোর প্ল্যান্ট ঘরের চেহারা বদলানোর সবচেয়ে সহজ উপায়গুলোর একটি। জানালার পাশে, বারান্দায় কিংবা ঘরের খালি কোণে কয়েকটি টব রাখলেই অন্দরে সতেজতা আসে।

মানি প্ল্যান্ট, পিস লিলি বা রাবার প্ল্যান্টের মতো গাছ বেছে নিতে পারেন। তবে গাছ রাখার আগে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস আসে কি না, সেটিও দেখে নেওয়া ভালো।

সুন্দর চাদর দিয়েই ঘরের রং ও আবহে পরিবর্তন আনা যায় (ছবি: সংগৃহীত)

টেক্সটাইলেই বদলে দিন ঘরের আবহ

নতুন সোফা বা বিছানা কেনার প্রয়োজন নেই। কয়েকটি কুশন, বালিশের কভার, থ্রো বা সুন্দর চাদর দিয়েই ঘরের রং ও আবহে পরিবর্তন আনা যায়।

একই সঙ্গে পর্দার রং বদলানো, সোফায় নতুন কুশন যোগ করা কিংবা বিছানায় আকর্ষণীয় বেডস্প্রেড ব্যবহার করলেও ঘর অনেক বেশি পরিপাটি ও ব্যক্তিত্বপূর্ণ দেখাবে।

অল্প বদলেই ভাড়া বাড়ি হয়ে উঠুক নিজের

ভাড়া বাড়ি হলেও সেখানে দীর্ঘ সময় বসবাস করলে জায়গাটিকে নিজের মতো করে তুলতে ইচ্ছে করাটাই স্বাভাবিক। স্থায়ী পরিবর্তনের বদলে অস্থায়ী সাজসজ্জার উপকরণ বেছে নিলে বাড়িওয়ালার শর্তও মানা হবে, আবার নিজের পছন্দের অন্দরও তৈরি করা যাবে।