একঘেয়ে সালাদ খেতে ভালো না লাগলে স্বাদে একটু বদল আনতে পারেন। বাঁধাকপি, গাজর ও শসার সঙ্গে আদা-রসুন, কাঁচা মরিচ এবং কাশ্মীরি মরিচে মশলা মিশিয়ে তৈরি করা যায় ইন্ডিয়ান স্টাইল কিমচি সালাদ। টক, ঝাল ও হালকা মিষ্টি স্বাদের এই পদটি গরমের দিনে দুপুরের খাবারের সঙ্গে পরিবেশন করলে মন্দ লাগবে না।
কী কী লাগবে?
দু’কাপ মিহি করে কাটা বাঁধাকপি, আধ কাপ লম্বা করে কাটা গাজর এবং আধ কাপ শসা কুচি নিন। এর সঙ্গে লাগবে দু’টি কাঁচা মরিচ কুচি, এক চা চামচ আদা কুচি ও এক টেবিল চামচ রসুন কুচি। স্বাদ আনতে এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, দু’টেবিল চামচ পাতিলেবুর রস, এক টেবিল চামচ সরিষার তেল, স্বাদমতো লবণ এবং আধ চা চামচ চিনি রাখুন।
কী ভাবে বানাবেন?
প্রথমে একটি বড় পাত্রে বাঁধাকপি, গাজর ও শসা নিয়ে তাতে সামান্য লবণ ছড়িয়ে ভালোভাবে মেখে নিন। পাত্রটি ঢেকে প্রায় ১৫ মিনিট রেখে দিন। এতে সবজি থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে। সময় হয়ে গেলে হাত দিয়ে সবজিগুলি চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন।
এ বার পানি ঝরানো সবজির সঙ্গে কাঁচা মরিচ, আদা ও রসুন মিশিয়ে দিন। তারপর কাশ্মীরি মরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, চিনি ও সরিষার তেল যোগ করে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিন। মশলা যাতে প্রতিটি সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়, সে দিকে খেয়াল রাখুন।
মিশ্রণটি তৈরি হয়ে গেলে ২০ থেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করুন মশলাদার ইন্ডিয়ান স্টাইল কিমচি সালাদ।