ছোট শোয়ার ঘরও দেখাবে প্রশস্ত, অন্দরসজ্জায় বদল আনুন এভাবে

শহরের ছোট ফ্ল্যাটে জায়গার সংকট নতুন কিছু নয়। বিশেষ করে শোয়ার ঘর আয়তনে ছোট হলে প্রয়োজনীয় আসবাব রাখার পর চলাফেরার জায়গা আরও কমে যায়। ঘরের আয়তন বাড়ানোর সুযোগ না থাকলেও অন্দরসজ্জায় কিছু বুদ্ধিদীপ্ত পরিবর্তন এনে ছোট ঘরকে তুলনামূলক বড় ও খোলামেলা দেখানো সম্ভব।

ঘরকে প্রশস্ত দেখানোর ক্ষেত্রে আলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানালা দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করলে সেটিকে ঘরে যতটা সম্ভব ছড়িয়ে পড়তে দিন। ভারী পর্দার বদলে হালকা কাপড়ের পর্দা ব্যবহার করলে দিনের আলো সহজেই ঘরে ঢুকতে পারবে। প্রাকৃতিক আলো কম থাকলে ঘরের বিভিন্ন অংশে প্রয়োজন অনুযায়ী ছোট ও নরম আলো ব্যবহার করা যেতে পারে। এতে ঘর অন্ধকার ও বদ্ধ মনে হবে না।

ছোট শোয়ার ঘরে বড় আকারের খাট রাখলে মেঝের অনেকটা জায়গা দখল হয়ে যায়। তাই জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে খাট বেছে নেওয়া জরুরি। দুজনের ব্যবহারের জন্য কিং সাইজের পরিবর্তে কুইন সাইজের খাট রাখলে কিছুটা জায়গা বাঁচতে পারে। খাটের নকশাও যতটা সম্ভব সরল হলে ঘরকে কম ভারী দেখায়।

বিছানার সাজেও পরিমিতি রাখা দরকার। একাধিক কুশন, বড় কমফর্টার কিংবা অতিরিক্ত বালিশ দিয়ে বিছানা সাজালে দেখতে আকর্ষণীয় লাগতে পারে, কিন্তু ছোট ঘরে তা জায়গাটিকে আরও ভরাট করে তুলতে পারে। প্রয়োজনীয় কয়েকটি বালিশ ও পরিপাটি বিছানার চাদরই ঘরকে পরিচ্ছন্ন ও ছিমছাম রাখতে যথেষ্ট।

খাটের পাশে টেবিল রাখার প্রয়োজন হলে মেঝেতে আলাদা টেবিল বসানোর বদলে দেয়ালে লাগানো ছোট টেবিল ব্যবহার করা যেতে পারে। এতে মেঝের জায়গা খালি থাকে এবং ঘরে হাঁটাচলার জন্য অতিরিক্ত জায়গা পাওয়া যায়। একইভাবে বড় টেবিল ল্যাম্পের পরিবর্তে দেয়ালে লাগানো আলো ব্যবহার করলেও মেঝে ও টেবিলের ওপরের জায়গা কিছুটা সাশ্রয় করা সম্ভব।

ছোট ঘরে আসবাব যত কম রাখা যায়, ততই সেটি প্রশস্ত দেখানোর সুযোগ বাড়ে। প্রয়োজনের তুলনায় বেশি চেয়ার, টেবিল, আলমারি বা সাজসজ্জার সামগ্রী রাখলে ঘর দ্রুত অগোছালো দেখাতে পারে। তাই প্রতিটি আসবাব রাখার আগে সেটি সত্যিই প্রয়োজন কি না, তা ভেবে নেওয়া ভালো।

আলোর পাশাপাশি আয়নাও ছোট ঘরকে বড় দেখানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। জানালা দিয়ে যে দেয়ালে প্রাকৃতিক আলো পড়ে, সেখানে বড় আয়না রাখা যেতে পারে। আয়নায় আলো প্রতিফলিত হয়ে ঘরকে আরও উজ্জ্বল ও খোলামেলা দেখাতে পারে। তবে আয়না রাখার জায়গা এমন হওয়া উচিত, যাতে ঘরের স্বাভাবিক চলাচলে কোনো অসুবিধা না হয়।

ছোট শোয়ার ঘরকে প্রশস্ত দেখানোর জন্য সবকিছু বদলে ফেলার প্রয়োজন নেই। সঠিক মাপের আসবাব, পর্যাপ্ত আলো, পরিমিত সাজ এবং আয়নার মতো কিছু সহজ কৌশল ব্যবহার করলেই ঘরের চেহারায় বড় পরিবর্তন আনা সম্ভব। জায়গা কম হলেও তাই পরিকল্পিত অন্দরসজ্জায় শোয়ার ঘর হয়ে উঠতে পারে আরামদায়ক, গোছানো এবং তুলনামূলক প্রশস্ত।