সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক

চার দশকের ফ্যাশনযাত্রা উদ্‌যাপনে আবু জানি ও সন্দীপ খোসলা আয়োজন করেছিলেন তারকাখচিত এক জমকালো গালা। ফ্যাশন, চলচ্চিত্র ও বিনোদনজগতের তারকাদের উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে উঠেছিল ঝলমলে। আর সেই গ্ল্যামারাস আয়োজনে নিজের ব্যতিক্রমী সাজে আলাদা করে নজর কাড়লেন নাভ্যা নভেলি নন্দা।

নাভ্যার পরনে ছিল অ্যান্টিক সোনালি রঙের ভারী কারুকাজ করা মিনিড্রেস। ভারতীয় ঐতিহ্যবাহী গয়না ও কুতুরের নান্দনিকতা থেকে অনুপ্রাণিত এই পোশাকে একসঙ্গে ধরা দিয়েছে রাজকীয় আভিজাত্য ও আধুনিক ফ্যাশনের সাহসী প্রকাশ।

পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বর্মের মতো কাঠামোবদ্ধ বডিস। সোনালি রঙের স্তরযুক্ত সূচিকর্মের সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে ধাতব পুঁতি, গোলাকার মোটিফ, চেইন ও মুদ্রার মতো অলংকরণ। ভারী কারুকাজের এই বডিসের সঙ্গে ছোট দৈর্ঘ্যের সিলুয়েট তৈরি করেছে একেবারে সমকালীন ফ্যাশন স্টেটমেন্ট।

উঁচু গোলাকার গলার নকশা ও ছোট হাতাতেও ছিল ঘন অলংকরণ। শরীরের সঙ্গে মানানসই বডিসটি নেমে গেছে ভারী কারুকাজে সাজানো মিনিস্কার্টে। পুরো পোশাকের ঘন সোনালি কাজ একে অনেকটা পরিধেয় গয়নার মতোই করে তুলেছে।

ঐতিহ্যের জৌলুসের পাশাপাশি লুকটিতে আধুনিকতার ছাপ এনেছে ছোট হেমলাইন ও কাঠামোবদ্ধ ফিট। ফলে ভারতীয় অলংকারের সমৃদ্ধ নান্দনিকতা আর আধুনিক মিনিড্রেসের সাহসী সিলুয়েটের দারুণ মিলন ঘটেছে নাভ্যার সাজে।

শুধু ফ্যাশনেই নয়, সম্প্রতি উদ্যোক্তা হিসেবেও নিজের ভাবনার কথা জানিয়েছেন নাভ্যা। জেনএআই রেডি নারী কর্মসূচির উদ্বোধনী আয়োজনে তিনি নিজের উদ্যোক্তা হয়ে ওঠার পথচলায় পরিবারের নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

বিশেষ করে প্রয়াত দাদি ঋতু নন্দার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কথা স্মরণ করেন তিনি। ঋতু নন্দা ছিলেন রাজ কাপুরের মেয়ে এবং নিজেও একজন উদ্যোক্তা। ছোটবেলায় দাদিকে কাজ করতে দেখেই উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহ ও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান নাভ্যা।

নাভ্যার ভাষায়, তার মা, খালা ও দাদিসহ পরিবারের নারীরা সব সময় তাকে অনুপ্রেরণা ও সমর্থন দিয়েছেন। তাদের এই উৎসাহই নিজের পথ তৈরি করতে তাকে সাহস জুগিয়েছে।

পরিবারের নারীদের অবদান স্মরণ করে নাভ্যা বলেন, তাদের ভালোবাসা ও সমর্থনের কারণে তিনি তাদের গর্বিত করতে চান। ফ্যাশনের মঞ্চে যেমন নিজের স্বতন্ত্র স্টাইল দিয়ে নজর কাড়ছেন, তেমনি নিজের পেশাগত পরিচয়ও তৈরি করছেন পরিবারের অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে।