লন্ডনে ‘ডিগার’ সিনেমার বিশ্ব প্রিমিয়ারে রাজকীয় আভিজাত্যে হাজির হয়ে নজর কাড়লেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার এই আয়োজনে স্বামী প্রিন্স উইলিয়াম ও অভিনেতা টম ক্রুজের সঙ্গে লালগালিচায় দেখা যায় তাঁকে। তবে কেটের সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর পরনের গাউন ও ঐতিহাসিক রাজকীয় গয়না।
কেট বেছে নিয়েছিলেন ২০১৬ সালের জেনি প্যাকহ্যামের একটি গাঢ় বেগুনি রঙের গাউন। বিশেষভাবে তৈরি এই গাউনটি এর আগে তাঁকে জনসমক্ষে পরতে দেখা যায়নি। পোশাকটির সঙ্গে তিনি পরেছিলেন রাজপরিবারের গয়নার সংগ্রহের দুটি ঐতিহাসিক অলংকার কুইন মাদারের অ্যামেথিস্ট সাটোয়ার নেকলেস এবং প্রিন্সেস ডায়ানার কলিংউডের মুক্তা ও হীরার কানের দুল।
জেনি প্যাকহ্যামের গাউনে নজরকাড়া কেট
মেঝে ছুঁয়ে যাওয়া সান্ধ্য গাউনটি ছিল উজ্জ্বল রয়্যাল পার্পল রঙের। হালকা সিল্ক শিফনে তৈরি পোশাকটির নকশায় ছিল সূক্ষ্ম ভাঁজ ও টেক্সচারের দারুণ সমন্বয়।
গাউনের সামান্য গভীর ভি-নেকলাইন ঘিরে ছিল নিখুঁত উল্লম্ব প্লিট। সূক্ষ্ম এই প্লিটগুলো কোমরের কাছে এসে শরীরের গড়নকে স্পষ্ট করেছে। এরপর সিল্ক শিফনের প্রবহমান কাপড় নেমে গেছে স্কার্টের দিকে।
পোশাকটির সেমি-শিয়ার হাতাও ছিল বিশেষ আকর্ষণ। ঢিলেঢালা ও বেলুনের মতো ভলিউম তৈরি করা হাতা কবজির কাছে এসে গুছিয়ে গেছে কাঠামোবদ্ধ কাফে।
কোমরের নিচ থেকে সিল্ক শিফনের কাপড় ছড়িয়ে তৈরি করেছে ভলিউমযুক্ত এ-লাইন স্কার্ট। মেঝে ছুঁইছুঁই এই স্কার্ট হাঁটার সময় সামান্য পেছনে ছড়িয়ে পড়ছিল, যা পুরো লুকে যোগ করেছে রাজকীয় আবহ।
কুইন মাদারের ঐতিহাসিক নেকলেস
কেটের গয়নার তালিকায় সবচেয়ে আলোচিত ছিল কুইন মাদারের অ্যামেথিস্ট সাটোয়ার নেকলেস। তিন সারির এই নেকলেসে রয়েছে হীরা, মুক্তা ও অ্যামেথিস্ট। সঙ্গে ছিল ছোট ছোট হীরায় ঘেরা একটি হৃদয়াকৃতির পেনডেন্ট।
দেখতে আধুনিক মনে হলেও নেকলেসটির রয়েছে দীর্ঘ রাজকীয় ইতিহাস। হার্পার’স বাজার-এর তথ্য অনুযায়ী, ১৯২৩ সালে লেডি এলিজাবেথ বোয়েস-লিয়নকে বিয়ের উপহার হিসেবে নেকলেসটি দিয়েছিলেন কুইন আলেকজান্দ্রা। সে সময় এলিজাবেথ বোয়েস-লিয়ন বিয়ে করেন ডিউক অব ইয়র্ককে, যিনি পরবর্তীতে রাজা ষষ্ঠ জর্জ হিসেবে সিংহাসনে বসেন।
শতবর্ষ পেরোনো এই রাজকীয় গয়নাটি ১৯২০-এর দশকে জনপ্রিয় ‘সাটোয়ার’ শৈলীরও একটি উল্লেখযোগ্য নিদর্শন।
ডায়ানার কানের দুলে স্মৃতির ছোঁয়া
কুইন মাদারের নেকলেসের পাশাপাশি কেট পরেছিলেন প্রিন্সেস ডায়ানার বিখ্যাত কলিংউড মুক্তার ঝোলা কানের দুল। ১৯৮১ সালে বিয়ের উপহার হিসেবে ডায়ানাকে এই গয়না দিয়েছিল কলিংউড জুয়েলার্স। ডায়ানা ও স্পেন্সার পরিবারের সঙ্গে এই ব্র্যান্ডটির দীর্ঘদিনের সম্পর্ক ছিল।
রাজকীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফ্যাশন আরও পরিপূর্ণ করতে কেট বেছে নিয়েছিলেন জিমি চুর ক্লাচ ও মানানসই হিল জুতো। রয়্যাল পার্পল গাউন, শতবর্ষী রাজকীয় নেকলেস আর ডায়ানার স্মৃতিবিজড়িত কানের দুলে তাঁর ‘ডিগার’ প্রিমিয়ারের লুক হয়ে উঠেছিল ঐতিহ্য ও আধুনিকতার এক পরিশীলিত সমন্বয়।