সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা

সকালের নাশতা যেমন সুস্বাদু হওয়া চাই, তেমনই পুষ্টিকরও হওয়া দরকার। প্রতিদিনের খাবারে ওটস যোগ করলে মিলতে পারে ফাইবার, আর সুজির সঙ্গে সবজি মিশিয়ে নিলে স্বাদ ও পুষ্টি দুটোই বাড়ে। ঝটপট তৈরি করা যায় এমন মুচমুচে ওটস-সুজির চিলা হতে পারে সকালের নাশতার জন্য বেশ ভালো একটি পদ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে এক কাপ ওটস ও এক কাপ সুজি শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিন। এরপর একটি পাত্রে ভাজা ওটস ও সুজি নিয়ে তার সঙ্গে টক দই মেশান। প্রয়োজনমতো পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। এবার এই ব্যাটার ঢেকে প্রায় ১৫ মিনিট রেখে দিন। এতে সুজি কিছুটা ফুলে উঠবে এবং ব্যাটারটি চিলার জন্য উপযুক্ত হয়ে যাবে।

এরপর মিশ্রণের মধ্যে কুচিয়ে রাখা গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে দিন। সঙ্গে স্বাদমতো লবণ ও সামান্য গোলমরিচ মিশিয়ে সব উপকরণ ভালো করে মেখে নিন।

এবার তাওয়া গরম করে অল্প তেল ছড়িয়ে তার ওপর মিশ্রণটি দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে এক পিঠ ভালো করে সেঁকা হলে উল্টে অন্য পিঠও সোনালি ও মুচমুচে করে নিন। গরম গরম চিলার সঙ্গে পছন্দের চাটনি বা দই পরিবেশন করলে সকালের নাশতা হয়ে উঠবে আরও জমজমাট।