ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ২৮ সেপ্টেম্বর ল’রিয়াল প্যারিসের ‘লে দেফিলে’ শোতে শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন তিনি। মাথায় হিরাখচিত টিয়ারা, পরনে কালো কুতুর গাউন আর আগুনরাঙা চুল। এই সাজে ঐশ্বরিয়ার উপস্থিতিতে ছিল রাজকীয় গ্ল্যামারের ছাপ।

‘এক্সপ্রেস ইওর ওর্থ’ শিরোনামের এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয় প্যারিসের প্লাস জফ্রেতে। পটভূমিতে ছিল আইফেল টাওয়ার ও একোল মিলিতেয়ারের দৃষ্টিনন্দন দৃশ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তের ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও তারকারাও এতে অংশ নেন।

কালো কুতুরে ঐশ্বরিয়া

ঐশ্বরিয়ার এবারের পোশাকটি ছিল সিরিয়ার বিলাসবহুল ফ্যাশন লেবেল ‘ইয়ারা শুমেকার’-এর কাস্টম তৈরি। দুই অংশের কালো ভেলভেট গাউনে ছিল ত্রিমাত্রিক ফ্রিঞ্জ এমব্রয়ডারি। গভীর নেকলাইন, শরীরঘেঁষা সিলুয়েট এবং নিখুঁতভাবে ফিট করা কোমর তাঁর গ্ল্যামারাস লুককে আরও আকর্ষণীয় করে তোলে।

মেঝে ছুঁয়ে যাওয়া লম্বা হেমলাইনের সঙ্গে পোশাকটিতে যোগ করা হয়েছিল ক্রিস্টাল-খচিত ভেলভেট কেপ। কেপের বর্ডারজুড়ে ছিল মুক্তা ও ক্রিস্টালের সূক্ষ্ম কারুকাজ। পুরো লুকটি স্টাইল করেছেন তারকা স্টাইলিস্ট মোহিত রাই।

মাথায় টিয়ারা, হাতে হীরার আংটি

গয়নার ক্ষেত্রেও ঐশ্বরিয়া বেছে নিয়েছেন আভিজাত্যের ছোঁয়া। মাথায় ছিল হিরাখচিত টিয়ারা, হাতে হীরার আংটি। পায়ে পরেছিলেন এলিগ্যান্ট পাম্পস। সব মিলিয়ে তাঁর র‍্যাম্প লুকটি হয়ে উঠেছিল আরও পরিপূর্ণ।

তবে এবারের উপস্থিতিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে ঐশ্বরিয়ার নতুন চুলের রং। প্যারিসে তাঁকে দেখা গেছে আগুনরাঙা লাল চুলে। সাইড পার্টিং করে নরম ওয়েভে সাজানো চুল তাঁর পরিচিত লুকে এনে দেয় নতুন মাত্রা।

লাল ঠোঁটে নজরকাড়া মেকআপ

মেকআপেও ছিল গ্ল্যামারের ছাপ। চোখে উইংড আইলাইনার, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, সঙ্গে রুজ করা গাল, ফেদারড ভ্রু ও হালকা কনট্যুরিং। কালো পোশাকের সঙ্গে লাল ঠোঁট ও লাল চুলের সমন্বয় তাঁর লুকটিকে করে তোলে আরও আকর্ষণীয়।

তারকায় ভরা র‍্যাম্প

ল’রিয়াল প্যারিসের এবারের নবম আসরে ঐশ্বরিয়ার সঙ্গে র‍্যাম্পে ছিলেন সিমোন অ্যাশলি, মেরি বোশে, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, বেবে ভিও গ্রান্ডিস, লুমা গ্রোথে, কেন্ডাল জেনার, আজা নাওমি কিং, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকা।

ঐশ্বরিয়ার এই লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। ফ্যাশনপ্রেমী ডায়েট সাবয়া ইনস্টাগ্রামে তাঁর র‍্যাম্পের একটি ভিডিও শেয়ার করে লুকটির প্রশংসা করেন। ইলিউশন গাউন, কেপ, লাল চুল, লাল ঠোঁট ও নিখুঁতভাবে ফিট করা কোমরে ঐশ্বরিয়ার সাজে ছিল পুরোনো হলিউড গ্ল্যামারের আবহ।

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার এবারের উপস্থিতি তাই শুধু একটি ফ্যাশন লুক নয়, বরং তাঁর দীর্ঘদিনের স্টাইল আইকন পরিচয়ের আরেকটি আলোচিত অধ্যায় হয়ে থাকলো।

সূত্র: এনডিটিভি