মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা

মুম্বাইয়ে ২৬ সেপ্টেম্বর বসেছিল তারকাদের মিলনমেলা। মণীশ মালহোত্রার মিজওয়ান শোতে বলিউডের একঝাঁক তারকার উপস্থিতিতে জমে ওঠে ফ্যাশনের আসর। আলিয়া ভাট ও ভিকি কৌশল শোস্টপার হিসাবে র‍্যাম্পে হাঁটেন। পাশাপাশি মাধুরী দীক্ষিত, উর্মিলা মাতন্ডকর, কাজল ও শিল্পা শেঠির নজরকাড়া উপস্থিতিও কেড়েছে ফ্যাশনপ্রেমীদের মনোযোগ।

ঐতিহ্যবাহী পোশাককে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে প্রত্যেক তারকাই নিজেদের মতো করে সাজিয়েছিলেন। কারও পরনে ছিল চিকনকারি শাড়ি, কারও পোশাকে ছিল সিকুইনের ঝলক, আবার কেউ বেছে নিয়েছিলেন ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি সমকালীন পোশাক।

মাধুরীর আইভরি আভিজাত্য

মাধুরী দীক্ষিতের সাজে ফুটে উঠেছিল চিরকালীন সৌন্দর্য ও আভিজাত্য। তিনি পরেছিলেন আইভরি রঙের চিকনকারি শাড়ি। শাড়িজুড়ে ছিল সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারি ও সিকুইনের কাজ। নীল, গোলাপি ও সবুজের ওমব্রে নকশা শাড়িটিকে এনে দিয়েছিল বাড়তি আকর্ষণ।

এর সঙ্গে ছিল কারুকাজ করা ব্লাউজ। হীরার দুল, চুড়ি ও স্টেটমেন্ট রিংয়ে সাজ পূর্ণ করেন অভিনেত্রী। হাতে ছিল নকশাখচিত ক্লাচ। খোলা চুলে নরম ওয়েভ তাঁর পুরো লুককে আরও স্নিগ্ধ করে তোলে।

উর্মিলার বেইজ-গোল্ড গ্ল্যামার

মিজওয়ান শোতে উর্মিলা মাতন্ডকর বেছে নিয়েছিলেন বেইজ ও সোনালি রঙের দৃষ্টিনন্দন পোশাক। থাই-লেংথ ব্লাউজজুড়ে ছিল সিকুইনের সূক্ষ্ম কারুকাজ। এর সঙ্গে ছিল বেইজ রঙের শিফন স্কার্ট, যাতে করা হয়েছিল নকশার কাজ।

ব্লাউজের স্কুপ নেকলাইন ও স্ক্যালপড হেম তাঁর পোশাকে যোগ করেছিল আধুনিকতার ছোঁয়া। স্টেটমেন্ট কানের দুল, হাতে ঘড়ি ও আংটিতে উর্মিলার সাজে ছিল পরিমিত গ্ল্যামার।

গোলাপি শাড়িতে কাজল

মণীশ মালহোত্রার ডিজাইন করা হালকা গোলাপি সিকুইন শাড়িতে হাজির হন কাজল। শাড়িজুড়ে থাকা ঝলমলে কারুকাজ আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। এর সঙ্গে ছিল সিল্কের ব্লাউজ।

গলায় ভারী কোনো গয়না না রেখে হীরার কানের দুল ও ম্যাচিং চুড়িতে সাজ সম্পূর্ণ করেন অভিনেত্রী। তাঁর পুরো লুকে ছিল সাবলীল সৌন্দর্য ও আভিজাত্যের ছাপ।

শিল্পার পোশাকে ঐতিহ্য ও আধুনিকতা

শিল্পা শেঠি বেছে নিয়েছিলেন আইভরি রঙের একটি আধুনিক পোশাক, যেখানে শারারা ও ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজের উপাদানকে নতুন সিলুয়েটে উপস্থাপন করা হয়েছে। পোশাকজুড়ে ছিল সূক্ষ্ম চিকনকারি এমব্রয়ডারি।

সুইটহার্ট নেকলাইনযুক্ত ব্যান্ডো-স্টাইল ব্লাউজের সঙ্গে ছিল ফ্লেয়ার্ড ট্রাউজার্স। এর ওপর স্বচ্ছ শিফনের ড্রেপটি ওড়নার মতো করে স্টাইল করা হয়েছিল। স্টেটমেন্ট কানের দুল ও খোলা চুলে শিল্পার লুক হয়ে উঠেছিল আরও আকর্ষণীয়।

১৫ বছরে মিজওয়ান

এবারের মিজওয়ান শোর বিশেষত্ব ছিল মিজওয়ানের ১৫ বছর পূর্তি উদযাপন। সেই উপলক্ষে বলিউডের তারকাদের উপস্থিতিতে জমকালো হয়ে ওঠে মণীশ মালহোত্রার আয়োজন। আলিয়া ভাট ও ভিকি কৌশলের শোস্টপার লুকের পাশাপাশি মাধুরী দীক্ষিত, উর্মিলা মাতন্ডকর, কাজল ও শিল্পা শেঠির ফ্যাশনেবল উপস্থিতিও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক, সূক্ষ্ম কারুকাজ আর আধুনিক স্টাইলিংয়ে মিজওয়ানের এবারের মঞ্চ হয়ে উঠেছিল বলিউডের গ্ল্যামার ও ফ্যাশনের এক দারুণ প্রদর্শনী।