কম সাজেও নজরকাড়া ক্যাটরিনা, নজর কাড়ল চকোলেট-বাদামি সাজ

লন্ডনে নিজের প্রসাধনী ও সৌন্দর্যচর্চার ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়লেন ক্যাটরিনা কাইফ। স্পেস এনকে-তে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রীর সাজে মিশেছিল আভিজাত্য, আধুনিকতা ও আত্মবিশ্বাস। তাঁর পোশাক বুঝিয়ে দিলো, সাবলীল সাজেও কীভাবে ফুটিয়ে তোলা যায় ব্যক্তিত্বের দৃঢ়তা।

ক্যাটরিনার এই বিশেষ সাজের দায়িত্বে ছিলেন স্টাইলিস্ট রিয়া কাপুর। ইনস্টাগ্রামে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়ে তিনি ক্যাপশনে লেখেন, “সুপারস্টারের মতো আত্মবিশ্বাসী উপস্থিতি- শুধুই তারকার শক্তি।” ছবিতে ক্যাটরিনাকে দেখা গিয়েছে টোটেমের গাঢ় চকোলেট-বাদামি রঙের পোশাকে। ঢিলেঢালা ব্লেজারের গোটানো হাতা, একই রঙের ওয়েস্টকোট এবং ভেতরের কালো টপে সাজটি ছিল মার্জিত ও আধুনিক।

চিরাচরিত প্যান্টের বদলে ক্যাটরিনা বেছে নিয়েছিলেন ঢেউখেলানো গড়নের স্কার্ট। কাপড়ের ভাঁজ, কুঁচি করা নকশা ও অসমমিত কাট পোশাকে এনেছে স্বতন্ত্র মাত্রা। ব্লেজার ও ওয়েস্টকোটের কাঠামোবদ্ধ গড়নের সঙ্গে স্কার্টের নরম, প্রবহমান নকশা তৈরি করেছে সুন্দর ভারসাম্য। একই রঙের বিভিন্ন শেড ও পোশাক মিলিয়ে সাজের এই ধরনই প্রমাণ করে, একরঙা পোশাকেও আভিজাত্য ফুটিয়ে তোলা যায়।

অনুষঙ্গ বাছাইয়েও ছিল পরিমিতির ছাপ। হাতে ছিল ডেমেলিয়েরের কালো রঙের মসৃণ নকশার ব্যাগ, পায়ে প্যারিস টেক্সাসের বুট। আর লিন্ডা ফ্যারোর স্টাইলিশ সানগ্লাস গোটা সাজে যোগ করেছে আত্মবিশ্বাসী, ঝকঝকে উপস্থিতি। গয়নার ক্ষেত্রে বাড়তি চাকচিক্য এড়িয়ে কানে পরেছিলেন ছোট হিরের দুল, যাতে পোশাকই থাকে মূল আকর্ষণ।

লম্বা কালো চুল খোলা রেখে হালকা কোঁকড়ানো ঢঙে সাজিয়েছিলেন ক্যাটরিনা। মেকআপেও ছিল স্বাভাবিক সৌন্দর্যের ছোঁয়া। চোখে বাদামি রঙের স্মোকি মেকআপ, ঠোঁটে পিচ-নিউড লিপস্টিক এবং গালে হালকা গোলাপি আভা তাঁর সাজকে করেছে আরও স্নিগ্ধ। ভারী সাজসজ্জা ছাড়াই কীভাবে আত্মবিশ্বাসী ও আভিজাত্যপূর্ণ উপস্থিতি তৈরি করা যায়, ক্যাটরিনার এই লুক তারই উদাহরণ।