মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু প্রতিবার দোকান থেকে কিনে আনতে ইচ্ছে করে না? তাহলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ঘন ও সুস্বাদু বাসুন্দি। খুব বেশি ঝামেলা নেই, কয়েকটি সাধারণ উপকরণেই তৈরি হয়ে যাবে এই মিষ্টান্ন। ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও জমে উঠবে। উৎসব হোক কিংবা অতিথি আপ্যায়ন, এক বাটি ঠান্ডা বাসুন্দি মুহূর্তেই জমিয়ে দিতে পারে মিষ্টির পর্ব। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি।
উপকরণ
খোয়া বা মাওয়া ১০০ গ্রাম, দুধ দেড় লিটার, জাফরান দুধ ২ টেবিল চামচ, চিনি ১/৪ কাপ, এলাচ গুঁড়ো আধা চা-চামচ এবং কুচোনো আমন্ড ও বাদাম ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে খোয়া ঝুরঝুরে করে রাখুন। খোয়া না থাকলে এর বদলে আধা কাপ মিল্ক পাউডার ব্যবহার করা যেতে পারে। এবার বড় কড়াইয়ে দুধ নিয়ে মাঝেমধ্যে নেড়ে ফুটিয়ে নিন। দুধ কিছুটা ঘন হলে জাফরান দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন।
এরপর ঝুরঝুরে করা খোয়া দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। দুধ ঘন হয়ে এলে চিনি দিয়ে নেড়ে রান্না করুন, যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। এবার এলাচ গুঁড়ো ও কুচোনো আমন্ড-বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে দিন।
সামান্য ঠান্ডা হলে বাসুন্দি আরও ঘন হয়ে আসবে। গরম অথবা ভালোভাবে ঠান্ডা দুইভাবেই পরিবেশন করা যায়। চাইলে পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখেও নিতে পারেন।
রেসিপির টিপস
দুধ ফুটানোর সময় মাঝেমধ্যে নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। মনে রাখবেন, ঠান্ডা হলে বাসুন্দি স্বাভাবিকভাবেই আরও ঘন হয়ে যায়। জাফরান দুধ ও বাদাম ব্যবহার করলে এর স্বাদ ও ঘ্রাণ আরও বাড়বে।