শীতের সকালের সাধারণ দৃশ্য চারপাশে সাদা কুয়াশার চাদর, ঘাসের ডগায় শিশিরবিন্দু আর দূরের গাছপালা ঝাপসা হয়ে থাকা। কখনও কুয়াশার ঘন পর্দায় আড়াল হয়ে যায় রাস্তা, মাঠঘাট ও ঘরবাড়ি। কিন্তু বছরের অন্য সময়ের তুলনায় শীতের সকালেই কুয়াশা বেশি দেখা যায় কেন? এর পেছনের রহস্য কি। এর পেছনে রয়েছে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা এবং রাতের আবহাওয়ার বিশেষ ভূমিকা।
তাপমাত্রা কমে গেলেই কী তৈরি হয় কুয়াশা
বাতাসে সব সময়ই কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। শীতের রাতে ভূপৃষ্ঠ তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এর প্রভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের তাপমাত্রাও কমতে থাকে। একপর্যায়ে বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলো বাতাসে ভেসে থাকলে তৈরি হয় কুয়াশা।
শীতকালে রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। বিশেষ করে আকাশ পরিষ্কার থাকলে ভূপৃষ্ঠ দ্রুত তাপ হারাতে পারে। বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা থাকলে এ পরিস্থিতিতে কুয়াশা তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।
ভোরের দিকে কুয়াশা বেশি থাকে কেন?
সূর্যাস্তের পর থেকে ভূপৃষ্ঠ ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। রাত যত গভীর হয়, তাপমাত্রা তত কমতে থাকে। সাধারণত ভোরের দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি পৌঁছায় পরিবেশ। তাই এ সময় বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরির সম্ভাবনা বাড়ে।
এ ছাড়া বাতাসের গতি কম থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা ও আর্দ্র বাতাস জমে থাকে। এতে কুয়াশা ঘন হওয়ার সুযোগ পায়। তবে বাতাস খুব বেশি জোরে বইলে কুয়াশা ছড়িয়ে যেতে পারে বা এর ঘনত্ব কমে যেতে পারে।
সব শীতের সকালেই কি কুয়াশা হয়?
সব শীতের সকালেই কুয়াশা হবে এমন নয়। কুয়াশা তৈরির জন্য বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা এবং তাপমাত্রা কমে যাওয়ার মতো পরিস্থিতি প্রয়োজন। বাতাস শুষ্ক থাকলে কিংবা আবহাওয়া ও বাতাসের গতিপ্রকৃতি অনুকূল না হলে কুয়াশা কম হতে পারে। নদী, জলাশয়, ফসলের মাঠ ও নিচু এলাকায় আর্দ্রতার পরিমাণ এবং স্থানীয় আবহাওয়ার কারণে কোনও কোনও দিন কুয়াশা বেশি দেখা যায়।
সূর্য উঠলে কুয়াশা কেটে যায় কেন?
সকালে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে শুরু করে। এতে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের তাপমাত্রা বাড়ে এবং কুয়াশার ক্ষুদ্র জলকণাগুলো বাষ্পীভূত হতে পারে। ফলে ধীরে ধীরে কুয়াশা পাতলা হয়ে যায়। তবে সূর্যের তাপ কম থাকলে, আর্দ্রতা বেশি হলে কিংবা বাতাসের পরিস্থিতি অনুকূল না হলে কুয়াশা দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।
কুয়াশার সৌন্দর্যের পাশাপাশি সতর্কতাও জরুরি
শীতের কুয়াশায় প্রকৃতি এক অন্য রূপ ধারণ করে। মাঠঘাট, গাছপালা ও গ্রামীণ পথের ওপর সাদা আবরণ মনকে প্রশান্তি দেয়। তবে ঘন কুয়াশায় সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তাই এ সময় যানবাহন চালানোর ক্ষেত্রে গতি কম রাখা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সামনের রাস্তা স্পষ্টভাবে দেখা না গেলে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
শীতের সকালে কুয়াশা প্রকৃতির একটি স্বাভাবিক আবহাওয়াগত ঘটনা। রাতের তাপ হারানো, তাপমাত্রা কমে যাওয়া ও বাতাসের আর্দ্রতা—এই কয়েকটি বিষয় মিলেই তৈরি করে কুয়াশার পরিচিত সাদা চাদর।