হোটেলের বিছানায় এত বালিশ থাকে কেন? নেপথ্যে কী

হোটেলের ঘরে ঢুকেই অনেকের চোখে পড়ে বিছানার ওপর সাজিয়ে রাখা একাধিক বালিশ। কোনোটি বড়, কোনোটি ছোট, আবার কোনোটি বেশ নরম, কোনোটি তুলনায় শক্ত। অনেকের মনে প্রশ্ন জাগে, ঘুমানোর জন্য তো এক বা দু’টি বালিশই যথেষ্ট, তা হলে হোটেলের বিছানায় এত বালিশ রাখা হয় কেন?

এর পেছনে রয়েছে আরাম, অতিথির ব্যক্তিগত পছন্দ এবং ঘরের সৌন্দর্য এই তিনের সমন্বয়।

আরামের জন্য আলাদা বালিশ

প্রত্যেক মানুষের ঘুমানোর অভ্যাস এক নয়। কেউ উঁচু বালিশে স্বচ্ছন্দ বোধ করেন, আবার কেউ পছন্দ করেন পাতলা বালিশ। কারও ঘুমানোর সময় মাথার নিচে নরম বালিশ প্রয়োজন হয়, কেউ আবার শক্ত বালিশে আরাম পান। তাই হোটেলে বিভিন্ন ধরনের বালিশ রাখা হলে অতিথিরা নিজেদের পছন্দমতো বেছে নিতে পারেন।

ঘুমানোর ভঙ্গি অনুযায়ী সুবিধা

এক একজন মানুষের ঘুমানোর ভঙ্গি আলাদা। যেমন কেউ ঘুমান চিৎ হয়ে, কেউ পাশ ফিরে আবার কেউ বা উপুড় হয়ে। সে অনুযায়ী বালিশের উচ্চতা ও দৃঢ়তার পছন্দও বদলে যায়। অতিরিক্ত বালিশ মাথার নিচে ব্যবহার করা ছাড়াও হাঁটুর মাঝে বা শরীরের অন্য অংশের নিচে রেখে আরাম পেতে সাহায্য করে। তবে সবার জন্য একই ধরনের বালিশ উপযুক্ত নয়। তাই হোটেলে একাধিক বালিশ রাখা হয়।

হোটেলের ঘরের সৌন্দর্য বাড়াতে

একাধিক বালিশ রাখার আরও একটি কারণ ঘরের সাজসজ্জা। বিছানার ওপর বিভিন্ন আকারের বালিশ সুন্দরভাবে সাজালে ঘর আরও পরিপাটি ও আকর্ষণীয় দেখায়। হোটেলের বিছানাকে আরামদায়ক ও দৃষ্টিনন্দন করে তুলতে এই সাজসজ্জা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অতিথির অভিজ্ঞতাকে গুরুত্ব

হোটেল কর্তৃপক্ষ অতিথিদের আরামদায়ক থাকার অভিজ্ঞতা দিতে চায়। তাই অনেক হোটেলে বিভিন্ন আকার ও ধরনের বালিশ রাখা হয়, যাতে অতিথিরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। তবে সব হোটেলে একই ব্যবস্থা থাকে না। কোথাও অতিরিক্ত বালিশ দেওয়া হয় ঘরের সাজের জন্য, কোথাও আবার অতিথির আরামের বিষয়টিই বেশি গুরুত্ব পায়।

তাই পরেরবার হোটেলের বিছানায় একাধিক বালিশ দেখলে অবাক হওয়ার কিছু নেই। সেগুলি শুধু বিছানার সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, অতিথির আরাম ও ব্যক্তিগত পছন্দের কথা মাথায় রেখেও রাখা হতে পারে।