দুর্গাপূজার সাজে বাঙালি নারীর পছন্দের তালিকায় লাল শাড়ির অবস্থান বরাবরই বিশেষ। ঐতিহ্য আর উৎসবের আবহকে সঙ্গে নিয়ে সপ্তমীতে লাল শাড়িতে ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নিজের ফেসবুক পেজে ‘শুভ সপ্তমী’ ক্যাপশনে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলোতে ঐতিহ্যবাহী লাল শাড়িতে উৎসবের সাজে দেখা গেছে এই অভিনেত্রীকে। তার সাজে ফুটে উঠেছে উৎসবের চেনা রং, আর শাড়ির সঙ্গে মানানসই গহনায় যোগ হয়েছে পরিপাটি সাজের ছোঁয়া।
পূজার সাজে পোশাক নির্বাচনের ক্ষেত্রে রঙের গুরুত্ব অনেক। বিশেষ করে লাল রং উৎসবের আমেজকে আরও উজ্জ্বল করে তোলে। আর বাঙালির উৎসবের পোশাকে লাল রঙের আবেদন চিরন্তন। শাড়ির আবেদন কখনোই পুরোনো হয় না, বরং সময়ের সঙ্গে বদলে যায় এর পরার ধরন, গহনার নির্বাচন ও সাজের উপস্থাপনা। মিমের সপ্তমীর সাজেও প্রাধান্য পেয়েছে সেই চিরচেনা বাঙালি ঐতিহ্য।
শাড়ির সঙ্গে গহনা বেছে নেওয়ার ক্ষেত্রেও ছিল যত্নের ছাপ। মিমের পরনে ছিল ওয়াহিদ’স সান্দনিক কালেকশন’-এর গহনা। শাড়ি ও গহনার সমন্বয়ে তার সাজে এসেছে পরিপাটি ও ঐতিহ্যবাহী ছোঁয়া।
পূজার সাজে ছিল উৎসবের ছোঁয়া। পরিমিত মেকআপ ও শাড়ির সঙ্গে মিলিয়ে গাড় লাল লিপস্টিক পরেছিলেন তিনি। সঙ্গে কপালে দিয়েছিলেন ছোট লাল টিপ, হাতে ছিল লাল টুকটুকে কাঁচের চুড়ি। আর চুল বাঁধার ক্ষেত্রে বাঙালি নারীর সেই চিরচেনা খোপা। এই সাজ তাকে করে তুলেছে অনন্য।
‘শুভ সপ্তমী’ শুভেচ্ছার সঙ্গে ছবিগুলো পোস্ট করার পর মিমের উৎসবের সাজ নজর কেড়েছে তার অনুসারীদের। ঐতিহ্য আর ফ্যাশনের সমন্বয়ে লাল শাড়িতে তার এই উপস্থিতি পূজার সাজের চেনা সৌন্দর্যকেই সামনে এনেছে।