পেঁয়াজের স্বাদে জমজমাট বিফ দোপেয়াজা, রইল রেসিপি

গরুর মাংসের পদে পেঁয়াজের স্বাদ যারা পছন্দ করেন, তাদের জন্য খুবই মজার একটি পদ হলো বিফ দোপেয়াজা। মশলার সঙ্গে কষানো মাংস আর দুই ধাপে দেওয়া পেঁয়াজে তৈরি হয় এই সুস্বাদু আপনার রসনায় তৃপ্তি মেটাবে। ঘরোয়া আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন বিফ দোপেয়াজা।

উপকরণ: ৬–৮ জনের জন্য লাগবে দেড় কেজি গরুর মাংস, ৮০০ গ্রাম পেঁয়াজ, ২০০ গ্রাম টক দই, তিন টেবিল চামচ আদা বাটা, তিন টেবিল চামচ রসুন বাটা, ৮–১০টি কাঁচামরিচ, ২০০ গ্রাম টমেটো, দুই চা চামচ মরিচের গুঁড়ো, দুই চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ গরম মসলা, এক চা চামচ গোটা জিরে, দারুচিনি, এলাচ ও লবঙ্গ পরিমাণমতো, ২০০ মিলিলিটার সাদা তেল, স্বাদমতো লবণ এবং প্রয়োজনমতো গরম পানি।

প্রণালি: প্রথমে মাংস ধুয়ে টক দই, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। পেঁয়াজের অর্ধেক কুচি করে এবং বাকি অর্ধেক মোটা টুকরো করে কাটুন।

কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। এরপর কুচি পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। ম্যারিনেট করা মাংস ও টমেটো দিয়ে ভালোভাবে কষান। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন।

মাংস প্রায় নরম হয়ে এলে মোটা করে কাটা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে আরও ১০–১৫ মিনিট রান্না করুন। মাংস পুরোপুরি সেদ্ধ হলে ঝোল নিজের পছন্দমতো ঘন করে গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন মজাদার বিফ দোপেয়াজা।