খুব সহজেই বানিয়ে নিন দুই স্তরের ভাপা পিঠা

শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে ভালোবাসেন অনেকেই। চালের গুঁড়া, নারকেল আর গুড় দিয়ে তৈরি এই পিঠা যেমন সুস্বাদু, তেমনই তৈরি করাও বেশ সহজ। সাধারণ ভাপা পিঠার বদলে এবার বানিয়ে নিতে পারেন দুই স্তরের ভাপা পিঠা। সামান্য কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ঘরেই তৈরি হবে নরম, ঝুরঝুরে ও মিষ্টি স্বাদের এই পিঠা।

প্রথমে তিন কাপ চালের গুঁড়ার সঙ্গে আধা চা-চামচ লবণ মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে সোয়া এক কাপ বা প্রয়োজনমতো পানি দিয়ে হাতের সাহায্যে মেখে ঝুরঝুরে করে নিন। একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিন। সময় হলে কাপড় সরিয়ে চালের গুঁড়া আবার হাত দিয়ে ঝুরঝুরে করে নিন। এরপর চালুনিতে চেলে নিলে গুঁড়ার দলা ভেঙে যাবে এবং চালের গুড়া আরও ঝুরঝুরে হবে।

এবার ভাপানোর পাত্রে একটি পাতলা, পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে দিন। তার ওপর চালের গুঁড়ার একটি স্তর ছড়িয়ে দিন। এরপর কোরা নারকেল ও গুড় দিন। তার ওপর আবার চালের গুঁড়া ছড়িয়ে দ্বিতীয় স্তর তৈরি করুন। এই স্তরের ওপরও নারকেল ও গুড় ছড়িয়ে দিয়ে সবশেষে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।

এবার কাপড়ের বাড়তি অংশ দিয়ে পিঠাটি আলতো করে মুড়িয়ে নিন। চুলায় ভাপানোর পাত্র বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২০ মিনিট ভাপে রাখুন। সময় হলে সাবধানে কাপড় সরিয়ে পিঠা নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু দুই স্তরের ভাপা পিঠা। গরম গরম পরিবেশন করুন শীতের এই ঐতিহ্যবাহী খাবার।