পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ

মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নজর কাড়তে প্রস্তুত পাকিস্তানের সুন্দরী মিসবাহ আরশাদ। প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তার যাত্রার শুরুতেই নজর কেড়েছে পোশাকের নির্বাচন। পাকিস্তানের ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া রেখেই সাজ বেছে নিয়েছেন এই সুন্দরী।

যাত্রার আগে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন মিসবাহ। লিখেছেন, এত দিন তিনি শুধু মিসবাহ ছিলেন, কিন্তু আগামী কয়েক দিন তাকে পরিচিত হতে হবে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে। দেশের প্রতি গর্ব প্রকাশ করে তিনি বলেন, “পাকিস্তান, তুমি ইতিমধ্যেই আমার মধ্যে একাত্ম হয়ে রয়েছ।”

নিজের শিকড়ের কথাও তুলে ধরেছেন মিসবাহ। জানিয়েছেন, গ্রামের পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করাই তার বরাবরের স্বপ্ন। এবার পাকিস্তান ও পুয়ের্তো রিকোর মধ্যে সেই সাংস্কৃতিক সংযোগ গড়ে তুলতে চান তিনি।

যাত্রার আগে পাকিস্তানের জাতীয় পতাকা হাতে ছবি তুলেছেন মিসবাহ। তার পরনে ছিল ডিজাইনার প্যাট্রিক হেনরি মারগানোর তৈরি বিশেষ পোশাক। পোশাকে পাকিস্তানের ঐতিহ্যবাহী কাপড়ের ব্যবহারও ছিল উল্লেখযোগ্য। নিজের সাজের প্রসঙ্গে মিসবাহ জানিয়েছেন, পাকিস্তানের পোশাকের ঐতিহ্যকে সঙ্গী করেই শুরু করতে চান এই আন্তর্জাতিক সফর।

মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের সাজেও নজর

অন্য দিকে, ভারতের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোর পথে রওনা হয়েছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ কাজিয়াহ লিজ মেজো। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। পরনে ছিল মেরুন শাড়ি, মাথায় মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট। তার এই সাজে ধরা পড়েছে ঐতিহ্য ও আভিজাত্যের মিলন।

সমাজমাধ্যমে কাজিয়াহ লিখেছেন, একজন রানি শুধু মুকুট বহন করেন না, সঙ্গে বহন করেন একটি দেশের স্বপ্ন ও আশা। কেরালার ১৯ বছর বয়সি এই আইনপড়ুয়া প্রথমবারের মতো রাজ্য থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন।

মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ২৪ নভেম্বর, ২০২৬। পুয়ের্তো রিকোর সান হুয়ানে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১৩০টি দেশের অংশগ্রহণের কথা রয়েছে। নতুন করে যোগ দিচ্ছে রিপাবলিক অব দ্য কঙ্গো, সেন্ট মার্টিন, দক্ষিণ সুদান ও উগান্ডা।