প্রতিদিন ভাত-রুটি খেতে ভালো লাগে না? বানিয়ে নিন রসুন পোড়া নুড্‌লস

প্রতিদিন দুপুরে বা রাতে ভাত-রুটি খেতে কারই বা ভালো লাগে? স্বাদ বদলাতে অনেকেই বাইরে থেকে খাবার অর্ডার করেন। তবে অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু রসুন পোড়া নুড্‌লস। খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই পদ। এর বিশেষ আকর্ষণ হালকা পোড়া রসুনের ধোঁয়াটে সুবাস, যা সাধারণ নুড্‌লসের স্বাদে যোগ করে বাড়তি মাত্রা। রইলো সহজ রেসিপি।

উপকরণ

এই পদ বানাতে লাগবে ২০০ গ্রাম নুড্‌লস, ১০-১২টি রসুনের কোয়া, ২ টেবিল চামচ তেল, ১ টেবিল চামচ সয়া সস, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ ভিনিগার, স্বাদমতো লবণ ও গোলমরিচ। সাজানোর জন্য লাগবে সামান্য পেঁয়াজকলি।

প্রণালী

প্রথমে পানি ফুটিয়ে তাতে নুড্‌লস সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নুড্‌লস আলাদা করে রাখুন। এ বার রসুনের কোয়াগুলি মিহি করে কুচিয়ে নিন। কড়াই বা ফ্রায়িং প্যানে তেল গরম করে তাতে রসুনকুচি দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন। রসুন সোনালি থেকে হালকা বাদামি এবং মুচমুচে হয়ে এলে বুঝবেন, ঠিকমতো ভাজা হয়েছে। তবে খেয়াল রাখতে হবে, রসুন যেন পুড়ে না যায়। এই ধীরে ভাজার মধ্যেই তৈরি হয় রান্নার বিশেষ ধোঁয়াটে সুবাস ও স্বাদ।

রসুন ভাজা হয়ে গেলে তাতে সয়া সস, ভিনিগার, লবণ, চিলি ফ্লেক্স ও গোলমরিচ দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এবার সেদ্ধ নুড্‌লস কড়াইয়ে দিয়ে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আঁচ বন্ধ করুন। শেষে উপর থেকে কুচোনো পেঁয়াজকলি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন রসুন পোড়া নুড্‌লস।