অফিসের ডেস্কে রাখা মানিপ্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে? সতেজ রাখতে যা করবেন

অফিসের ডেস্কে একটু সবুজের ছোঁয়া আনতে অনেকেই ছোট পাত্রে মানিপ্ল্যান্ট রাখেন। দেখতে সুন্দর লাগার পাশাপাশি কাজের ফাঁকে গাছের সবুজ পাতার দিকে তাকালে মনও ভালো হয়। কিন্তু অল্প যত্নের এই গাছটিও কখনও কখনও শুকিয়ে যেতে পারে। পাতা হলুদ হয়ে যাওয়া, শিকড় পচে যাওয়া কিংবা গাছের বৃদ্ধি থমকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। কয়েকটি সহজ নিয়ম মেনে চললে অফিসের ডেস্কে রাখা মানিপ্ল্যান্ট দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব।

১. সুস্থ কাণ্ড বেছে নিন: মানিপ্ল্যান্টের চারা তৈরি করতে হলে প্রথমেই কাণ্ড কাটার দিকে নজর দিতে হবে। কাণ্ডের যে গিঁট বা অংশ থেকে শিকড় বের হয়, সেটি অক্ষত রেখে কাটতে হবে। সুস্থ পাতা ও গিঁটসহ কাণ্ডের একটি অংশ কেটে পরিষ্কার পানিতে রাখুন। কিছু দিনের মধ্যেই সেখান থেকে নতুন শিকড় গজাতে শুরু করবে। তবে পচে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া কাণ্ড থেকে চারা তৈরি না করাই ভালো।

২. নিয়মিত জল বদলান: মানিপ্ল্যান্ট পানিতেই সহজে বেড়ে উঠতে পারে। তবে সেই পানি দীর্ঘদিন পাত্রে রেখে দেওয়া ঠিক নয়। সময়ের সঙ্গে পানিতে ময়লা জমে এবং শিকড়ের ক্ষতি হতে পারে। তাই সপ্তাহে অন্তত এক বার পাত্রের পানি বদলে দিন। পানি পরিবর্তনের সময় পাত্রটিও ভালো করে ধুয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন, শিকড় যেন সব সময় পরিষ্কার পানির সংস্পর্শে থাকে।

৩. পাত্রের পরিচ্ছন্নতায় নজর দিন: মানিপ্ল্যান্ট রাখার জন্য কাচের স্বচ্ছ পাত্র ব্যবহার করতে পারেন। এতে গাছের শিকড়ের বৃদ্ধি যেমন চোখে পড়বে, তেমনই ডেস্কের সৌন্দর্যও বাড়বে। পাত্রে কয়েকটি পরিষ্কার নুড়ি বা ছোট পাথর রাখলে গাছটি সোজা করে দাঁড় করিয়ে রাখা সহজ হয়। তবে নুড়ি ও পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। দীর্ঘদিন পরিষ্কার না করলে শ্যাওলা জমতে পারে। পাশাপাশি গাছটি এমন জায়গায় রাখুন, যেখানে সরাসরি কড়া রোদ না পড়লেও পর্যাপ্ত পরোক্ষ আলো পৌঁছায়।

অল্প যত্ন আর নিয়মিত পরিচর্যাতেই অফিসের ডেস্কের মানিপ্ল্যান্ট থাকতে পারে সবুজ ও সতেজ। তবে মনে রাখবেন, শুধু জল নয়, গাছের সুস্থ বৃদ্ধির জন্য আলো এবং পরিষ্কার পরিবেশও জরুরি।