শীতে ব্যাডমিন্টন খেলবেন? র‌্যাকেট কেনার আগে কোন বিষয়গুলো দেখবেন

শীতের সন্ধ্যায় মাঠে কিংবা বাড়ির সামনের ফাঁকা জায়গায় ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। বিশেষ করে শিশুদের কাছে এই খেলা বেশ জনপ্রিয়। অনেকে আবার এই মৌসুমে সন্তানকে ব্যাডমিন্টন শেখানোর পরিকল্পনা করেন। কিন্তু নতুন খেলোয়াড়ের জন্য কেমন র‌্যাকেট উপযুক্ত, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। অভিজ্ঞ খেলোয়াড়দের র‌্যাকেট আর নতুনদের র‌্যাকেট এক রকম হয় না। তাই কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

র‌্যাকেটের ওজন

ব্যাডমিন্টন র‌্যাকেটের ওজন বোঝাতে ‘ইউ’ (U) পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত ইউ-এর সংখ্যার মান যত বেশি, র‌্যাকেট তত হালকা হয়। যেমন, ৩ইউ র‌্যাকেটের ওজন প্রায় ৮৫ থেকে ৮৯ গ্রাম এবং ৪ইউ র‌্যাকেটের ওজন প্রায় ৮০ থেকে ৮৪ গ্রাম।

যারা নতুন খেলতে শুরু করছেন, তাদের জন্য হালকা র‌্যাকেট সুবিধাজনক। এতে সহজে হাত ও কব্জি ঘোরানো যায়। দীর্ঘক্ষণ খেললেও হাতে ক্লান্তি তুলনামূলক কম হয়। তবে যারা আগে থেকেই খেলেন এবং জোরালো শট মারতে পছন্দ করেন, তারা নিজের খেলার ধরন অনুযায়ী কিছুটা ভারী র‌্যাকেট বেছে নিতে পারেন।

হাতলের মাপ

র‌্যাকেটের হাতল হাতে ঠিকমতো বসছে কি না, তা দেখে নেওয়া প্রয়োজন। হাতল বেশি মোটা হলে কব্জি ঘোরাতে অসুবিধা হতে পারে। আবার অতিরিক্ত সরু হাতল শক্ত করে ধরতে গেলে হাতে অস্বস্তি তৈরি হতে পারে।

হাতলের মাপ সাধারণত জি-৪, জি-৫, জি-৬ দিয়ে বোঝানো হয়। এই মাপের ক্ষেত্রে সংখ্যাটি যত ছোট, হাতল তত মোটা। তাই কেনার আগে হাতে নিয়ে র‌্যাকেটটি ধরে দেখুন। সহজে মুঠো করা যাচ্ছে কি না এবং খেলতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হচ্ছে কি না, তা বুঝে নেওয়া জরুরি। বিশেষ করে শিশুদের জন্য র‌্যাকেট কিনলে তাদের হাতের মাপ অনুযায়ী হাতল বেছে নিন।

তারের টান

র‌্যাকেটের ফ্রেমে যে তার বাঁধা থাকে, তার টান বা স্ট্রিং টেনশনও খেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি পাউন্ড এককে মাপা হয়। সাধারণত নতুন খেলোয়াড়দের জন্য ১৮ থেকে ২২ পাউন্ড টান উপযুক্ত হতে পারে। এতে শাটলকক মারার ক্ষেত্রে তুলনামূলক বড় একটি কার্যকর এলাকা পাওয়া যায়।

অন্য দিকে, অভিজ্ঞ খেলোয়াড়েরা নিজেদের খেলার ধরন ও দক্ষতা অনুযায়ী বেশি টানের র‌্যাকেট বেছে নেন। এতে শটের উপর নিয়ন্ত্রণ বাড়তে পারে। তবে তারের টান বেশি হলে নিখুঁত কৌশল ও ভালো টাইমিং প্রয়োজন। তাই নতুনদের জন্য শুরুতেই বেশি টানের র‌্যাকেট না কেনাই ভালো।

সন্তানের জন্য র‌্যাকেট কিনলে

শিশুদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার পাশাপাশি হাতের মাপ এবং শারীরিক সক্ষমতার দিকেও নজর দিন। বড়দের র‌্যাকেট শিশুদের হাতে ভারী বা অসুবিধাজনক হতে পারে। তাই তাদের জন্য উপযুক্ত মাপের জুনিয়র র‌্যাকেট বেছে নেওয়া ভালো। কেনার আগে শিশুকে র‌্যাকেটটি হাতে দিয়ে ধরতে ও ঘুরিয়ে দেখতে দিন। এতে সেটি চালাতে সুবিধা হচ্ছে কি না, বোঝা যাবে।

সব শেষে মনে রাখবেন, ব্যাডমিন্টন খেলার জন্য প্রথমেই দামি বা পেশাদার মানের র‌্যাকেট কেনার প্রয়োজন নেই। নতুনদের জন্য আরামদায়ক, হালকা এবং সহজে নিয়ন্ত্রণ করা যায়, এমন র‌্যাকেটই ভালো।