সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বাড়ছে, কিন্তু সবার সঙ্গে কি নিয়মিত যোগাযোগ হয়? এমন অনেক মানুষ আছেন, যাদের সঙ্গে বছরের পর বছর কথা হয় না। কেউ আবার অনলাইনে এমন সব পোস্ট ও মন্তব্য করেন, যা দেখে বিরক্তি কিংবা মানসিক অস্বস্তি তৈরি হয়। তবু শুধু পরিচিত বলে তাদের বন্ধুতালিকায় রেখে দিয়েছেন অনেকে।
এবার চাইলে সেই তালিকা নতুন করে সাজিয়ে নিতে পারেন। তাদের বিদায় জানানোরই একটি মজার উপলক্ষ হলো আনফ্রেন্ড ডে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস।
একসময় ‘ফ্রেন্ড’ ছিল কেবল বিশেষ্য। অর্থাৎ, বন্ধু মানে এমন একজন মানুষ, যার সঙ্গে থাকবে আত্মার সম্পর্ক। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বন্ধুত্বের সংজ্ঞা যেন একটু বদলে গেল। পরিচিত-অপরিচিত, এমনকি কখনও দেখা হয়নি এমন মানুষও হয়ে উঠলেন ফেসবুকের বন্ধু। আর তাদের কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ার জন্য তৈরি হলো নতুন শব্দ ‘আনফ্রেন্ড’।
২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারি ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। শব্দটির অর্থ, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়া।
এরপর ২০১৪ সালে মার্কিন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল চালু করেন আনফ্রেন্ড ডে। তার উদ্দেশ্য ছিল, ফেসবুকে বন্ধু সংগ্রহের অদ্ভুত প্রতিযোগিতায় একটু লাগাম টানা। অনেকটা পোকেমন কার্ড জমানোর মতো মানুষও যেন বন্ধু জমাতে ব্যস্ত নেমে পড়েছিলেন। অথচ সেই বন্ধুদের অনেকের সঙ্গেই বাস্তবে কোনও যোগাযোগ নেই।
ন্যাশনাল আনফ্রেন্ড ডে উদযাপনের সবচেয়ে সহজ উপায় হলো বন্ধুতালিকায় একটু অভিযান চালানো। কারা আছেন সেখানে? তাদের মধ্যে কজনকে চেনেন? কজনের সঙ্গে নিয়মিত কথা হয়? উত্তর খুঁজতে গিয়েই হয়তো অনেক অচেনা মুখের দেখা মিলবে।
এই দিবস উপলক্ষে ফেসবুকে একটি পেজও রয়েছে। সেখানে কাদের আনফ্রেন্ড করা যেতে পারে, তা নিয়ে বেশ মজার কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
যেমন, যারা বারবার টাকা ধার চান, কিন্তু ফেরত দেওয়ার নাম নেই; যারা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন; কিংবা যাদের প্রতিটি পোস্টেই থাকে কোনও না কোনও অভিযোগ।
সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দূরের মানুষদের কাছে এনেছে, এতে সন্দেহ নেই। কিন্তু সেই টানে কাছের মানুষগুলো যেন দূরে সরে না যায়। তাই আনফ্রেন্ড ডেতে বন্ধুতালিকা একটু পরিষ্কার করার পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্কগুলোর দিকেও নজর দিন।
কারণ ফেসবুকে হাজার বন্ধু থাকার চেয়ে বিপদে পাশে দাঁড়ানোর মতো দু-চারজন বন্ধু থাকা বেশি গুরুত্বপূর্ণ।