নবাবি দাওয়াতের স্বাদ আনবে বাদামি মাটন কোরমা

উৎসবের খাবারে মাটনের পদ থাকলে আয়োজন যেন পূর্ণতা পায়। তবে চেনা মাটন ভুনার বদলে এবার স্বাদে আনুন বদল। পেঁয়াজ, দই, সুগন্ধি মশলা আর বাদামে তৈরি এই পদে রয়েছে ভিন্ন স্বাদের আমেজ। এটি জমিয়ে দিতে পারে দুপুর বা রাতের খাবারের আয়োজন। বিশেষ করে পোলাও, পরোটা কিংবা গরম নানের সঙ্গে এই পদ খেতে দারুণ লাগে। রেস্তোরাঁর স্বাদের বাদামি মাটন কোরমা এবার তৈরি করে নিতে পারেন বাড়িতেই। রইলো সহজ রেসিপি।

উপকরণ

বাদামি মাটন কোরমা তৈরির জন্য লাগবে ৫ টেবিল চামচ তেল, ২টি বড় পেঁয়াজ কুচি, ৮০০ গ্রাম হাড়ছাড়া খাসির মাংস, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১টি তেজপাতা, ৩-৪টি লবঙ্গ, ৩টি ছোট এলাচ, ১টি তারা মৌরি, ১ টুকরো দারচিনি, ১/৪ টেবিল চামচ গোটা গোলমরিচ, ১/২ টেবিল চামচ গোটা জিরে, ১ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ ধনেগুঁড়ো, স্বাদমতো লবণ, ১ টেবিল চামচ জিরেগুঁড়ো, ৪ টেবিল চামচ গ্রিক দই, ১/২ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবং ২ টেবিল চামচ বাদামের গুঁড়ো। এ ছাড়া লাগবে প্রায় ২ কাপ গরম জল এবং ১/৪ কাপ সাধারণ পানি।

প্রণালী

প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে তুলে রাখুন। একই তেলে তেজপাতা, লবঙ্গ, এলাচ, তারা মৌরি, দারচিনি, গোটা গোলমরিচ ও জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এ বার আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। তার পর খাসির মাংস দিয়ে ভালো করে ভাজুন।

মাংসের সঙ্গে কাশ্মীরি মরিচের গুঁড়ো, ধনেগুঁড়ো ও লবণ মিশিয়ে নিন। গরম পানি ও জিরেগুঁড়ো দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে কম আঁচে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট রান্না করুন। মাংস নরম হয়েছে কি না দেখে নেবেন। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ রান্না করতে পারেন।

মাংস সেদ্ধ হয়ে এলে দই, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ হাত দিয়ে গুঁড়ো করে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঝোল ঘন হওয়া এবং তেল আলাদা হয়ে আসা পর্যন্ত রান্না করুন।

এবার ১/৪ কাপ পানির সঙ্গে বাদামের গুঁড়ো মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। ঢেকে আরও কয়েক মিনিট রান্না করুন। বাদামের স্বাদে ঘন ঝোল তৈরি হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। গরম গরম মাটন কোরমা পরিবেশন করুন নান, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে।