আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’!

দূর থেকে দেখলে মনে হবে সবুজ গাছের এক বিশাল সমুদ্র। যত ভিতরে যাওয়া যায়, ততই ঘন হয়ে আসে গাছপালা, কমে আসে বাইরের জগতের শব্দ। কোথাও মাটির বদলে ছড়িয়ে রয়েছে শক্ত কালো পাথর, কোথাও আবার শ্যাওলায় ঢাকা গাছের শিকড়। জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত আওকিগাহারা বন যেন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। ‘সি অব ট্রিজ’ বা ‘গাছের সমুদ্র’ নামেও পরিচিত এই বন প্রায় ৩০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ঘন গাছপালা, অদ্ভুত নীরবতা, আগ্নেয় শিলার তৈরি ভূপ্রকৃতি এবং মাটির নিচে লুকিয়ে থাকা গুহার কারণে বনটি ঘিরে রয়েছে রহস্য ও বিস্ময়।

আওকিগাহারা বনের জন্মের পেছনে রয়েছে মাউন্ট ফুজির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ইতিহাস। ৮৬৪ খ্রিস্টাব্দে জোগান অগ্ন্যুৎপাতের সময় পাহাড়ের পশ্চিম দিক থেকে বিপুল পরিমাণ লাভা বেরিয়ে আসে। সেই গলিত লাভা আশপাশের বিস্তীর্ণ এলাকা ঢেকে দেয়। একসময় সেখানে ছিল সেনৌমি নামে বিশাল একটি হ্রদ। লাভার প্রবাহের ফলে হ্রদটির অধিকাংশ অংশ ভরাট হয়ে যায়। পরে তারই অবশিষ্ট অংশ থেকে তৈরি হয় বর্তমানের সাই ও শোজি হ্রদ। আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে শক্ত পাথরে পরিণত হওয়ার পর ধীরে ধীরে তার ওপর জন্ম নেয় শ্যাওলা, ফার্ন এবং নানা ধরনের গাছ। এভাবেই প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে আজকের আওকিগাহারা।

এই বনের মাটিতে সাধারণ মাটির চেয়ে আগ্নেয় পাথরের আধিক্য বেশি। লাভা জমে তৈরি হওয়া পাথরগুলির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। পাথরের এই বিশেষ গঠনই বনের পরিবেশকে অন্য রকম করে তুলেছে। এখানকার মাটি বেশ পাতলা এবং পুষ্টি উপাদানও তুলনামূলক কম। তাই সব ধরনের গাছ এখানে সহজে জন্মাতে পারে না। তবু প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে নানা প্রজাতির শঙ্কুপাতা ও চওড়া পাতার গাছ। বনের মেঝে ঢেকে রেখেছে সবুজ শ্যাওলা ও লাইকেন। ঠান্ডা, আর্দ্র পরিবেশ এই উদ্ভিদগুলির বেড়ে ওঠার জন্য বিশেষ উপযোগী।

আওকিগাহারার অন্যতম বিস্ময় তার নীরবতা। এত ঘন জঙ্গলে নানা প্রাণী ও পাখির বাস থাকলেও অনেক সময় চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করা যায়। এর একটি কারণ বনের আগ্নেয় শিলা। ছিদ্রযুক্ত লাভার পাথর শব্দ শোষণ করতে পারে। ফলে মানুষের হাঁটার শব্দ বা আশপাশের আওয়াজও অনেকটা মৃদু হয়ে আসে। এই বনে হরিণ, শেয়াল, বুনো খরগোশের পাশাপাশি জাপানি মিঙ্ক, বুনো শূকর ও নানা প্রজাতির পাখির দেখা মেলে। এশীয় কালো ভালুকেরও বিচরণ রয়েছে এই অঞ্চলে। গাছের আড়ালে থাকা প্রাণীদের সহজে চোখে পড়ে না বলেই বনটির নিস্তব্ধতা আরও রহস্যময় মনে হয়।

তবে শুধু গাছপালা বা বন্যপ্রাণী নয়, আওকিগাহারার মাটির নিচেও লুকিয়ে রয়েছে প্রকৃতির বিস্ময়। আগ্নেয় লাভার প্রবাহের ফলে তৈরি হয়েছে একাধিক গুহা। তার মধ্যে উল্লেখযোগ্য নারুসাওয়া আইস কেভ, ফুগাকু উইন্ড কেভ এবং ওয়েস্ট লেক ব্যাট কেভ। নারুসাওয়া আইস কেভে সারা বছরই ঠান্ডা পরিবেশ বজায় থাকে। গুহার ভিতরের তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেখানে বরফের স্তম্ভ ও ঝুলন্ত বরফের গঠন দেখা যায়। গুহার কোনও কোনও বরফের স্তম্ভের দৈর্ঘ্য তিন মিটারেরও বেশি। একসময় বীজ ও রেশম পোকার গুটি সংরক্ষণের জন্য এই গুহা ব্যবহার করা হতো।

অন্য দিকে, ফুগাকু উইন্ড কেভ প্রায় ২০১ মিটার দীর্ঘ। গুহার ভিতরের গড় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর দেওয়াল তৈরি হয়েছে ব্যাসল্টজাতীয় আগ্নেয় পাথর দিয়ে। এই পাথরের ছিদ্রযুক্ত গঠন শব্দ শোষণ করে বলে গুহার ভিতরে প্রতিধ্বনি শোনা যায় না। একসময় প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থার মতো ব্যবহার করা হতো এই গুহাকে। এডো যুগে এখানে তৈরি হওয়া বরফ স্থানীয় শাসকদের উপহার হিসেবেও পাঠানো হতো। গুহার ভিতরে আর্দ্রতা ও কম আলোয় বেড়ে ওঠা এক ধরনের শ্যাওলাও নজর কাড়ে। আলো পড়লে তার সবুজাভ সোনালি আভা দেখা যায়, যে কারণে একে ‘গবলিন গোল্ড’ বা ‘ড্রাগনস গোল্ড’ নামেও ডাকা হয়।

আওকিগাহারা বন নিয়ে প্রচলিত রয়েছে নানা লোককথা ও ভৌতিক কাহিনি। জাপানি লোকবিশ্বাসে ‘ইউরেই’ নামে পরিচিত অতৃপ্ত আত্মাদের সঙ্গে এই বনের নাম জড়িয়ে রয়েছে। সাহিত্য, চলচ্চিত্র ও টেলিভিশনের নানা কাহিনিতেও বনটির রহস্যময় পরিবেশ উঠে এসেছে। তবে লোককথার বাইরেও এর প্রকৃত আকর্ষণ লুকিয়ে রয়েছে ভূতত্ত্ব, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে। একসময় আগ্নেয়গিরির ধ্বংসাত্মক লাভায় ঢাকা পড়েছিল যে অঞ্চল, সেখানেই সময়ের সঙ্গে জন্ম নিয়েছে এক সমৃদ্ধ বনভূমি।

বনটি ঘুরে দেখার জন্য নির্দিষ্ট হাঁটার পথ রয়েছে। সেই পথ ধরেই পর্যটকেরা আশপাশের গুহা ও প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। তবে গাছপালা অত্যন্ত ঘন হওয়ায় নির্দিষ্ট পথ ছেড়ে ভিতরে ঢুকে পড়লে পথ হারানোর আশঙ্কা থাকে। আগ্নেয় মাটিতে চৌম্বকীয় লোহার উপস্থিতির কারণে কম্পাস কাজ করে না—এমন ধারণাও প্রচলিত। বাস্তবে স্বাভাবিক উচ্চতায় ধরে ব্যবহার করলে কম্পাস সাধারণভাবেই কাজ করে। তাই স্থানীয় নির্দেশিকা মেনে নির্ধারিত পথেই চলার পরামর্শ দেওয়া হয়। মাউন্ট ফুজির অগ্ন্যুৎপাতের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই বন যেন মনে করিয়ে দেয়, প্রকৃতি ধ্বংসের মধ্যেও নতুন জীবনের জন্ম দিতে পারে।