কোনও বোতলের গায়ে সুউচ্চ পাহাড়ের ছবি, কোথাও আবার ভূগর্ভস্থ প্রাকৃতিক উৎসের গল্প। এমন সব আকর্ষণীয় মোড়কে বিক্রি হয় মিনারেল ওয়াটার। সাধারণ বোতলবন্দি পানীয় জলের তুলনায় দামও অনেক বেশি। কিন্তু দাম বেশি হলেই কি সেই পানীয় জল বেশি স্বাস্থ্যকর? তাতে কি সত্যিই বেশি খনিজ থাকে? নাকি ব্র্যান্ডিং আর বিপণনের কৌশলেই তৈরি হয় দামের পার্থক্য?
সম্প্রতি বোতলবন্দি পানীয় জলের গুণমান নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’ এবং ‘ন্যাচারাল মিনারেল ওয়াটার’-এর মধ্যে আসল পার্থক্য কোথায়, তা জানতে চাইছেন অনেকেই।
বাংলাদেশের খাদ্য সুরক্ষা ও গুণগত মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই-এর নিয়ম অনুযায়ী, এই দুই ধরনের পানীয় জল আলাদা শ্রেণিভুক্ত। এছাড়া দিল্লির পুষ্টিবিদ পলক নাগপাল জানান, প্রাকৃতিক বা ভূগর্ভস্থ নির্দিষ্ট উৎস থেকে সংগ্রহ করা হয় ন্যাচারাল মিনারেল ওয়াটার। এই পানীয় জলের নিজস্ব খনিজ গঠন থাকে। অর্থাৎ, এতে প্রাকৃতিকভাবে উপস্থিত ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়ামের মতো খনিজ লবণ এবং অন্যান্য সূক্ষ্ম উপাদানের অনুপাত নির্দিষ্ট থাকে। উৎসের প্রাকৃতিক গুণাগুণ ও বিশুদ্ধতা বজায় রেখে, সাধারণত উৎসের কাছাকাছি স্বাস্থ্যসম্মত পরিবেশে তা বোতলবন্দি করা হয়।
অন্যদিকে, প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের উৎস হতে পারে ভূগর্ভস্থ পানি, ভূপৃষ্ঠের পানি কিংবা পুরসভার সরবরাহ করা পানিও। নির্দিষ্ট সুরক্ষা মানদণ্ড মেনে একাধিক ধাপে তা পরিশোধন ও জীবাণুমুক্ত করা হয়। প্রয়োজন অনুযায়ী বিশেষ প্রক্রিয়ায় এতে খনিজ উপাদান যোগও করা হতে পারে। ফলে বোতলবন্দি পানীয় জল মানেই যে তাতে খনিজ নেই, এমন ধারণা ঠিক নয়। একই ভাবে, প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা হয় বলেই মিনারেল ওয়াটার সব দিক থেকে বেশি স্বাস্থ্যকর, এমন দাবিও করা যায় না।
অনেকের ধারণা, স্বাদের মাধ্যমেই সাধারণ পানীয় জল ও মিনারেল ওয়াটারের পার্থক্য বোঝা সম্ভব। বাস্তবে পানিতে দ্রবীভূত ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও সোডিয়ামের পরিমাণের তারতম্যের কারণে স্বাদে কিছুটা বদল আসতে পারে। কিন্তু শুধু স্বাদ দিয়ে পানির উৎস, খনিজের পরিমাণ কিংবা সেটি পান করার জন্য নিরাপদ কি না, তা নির্ধারণ করা সম্ভব নয়।
তাহলে কিছু মিনারেল ওয়াটারের দাম এত বেশি কেন? বিশেষজ্ঞদের মতে, এর পিছনে শুধু পানীয় জলের উৎপাদন খরচ নয়, রয়েছে বোতলের নকশা, ব্র্যান্ডিং, পরিবহণ এবং বিপণনের খরচও। অনেক সংস্থা তাদের পণ্যের সঙ্গে নির্দিষ্ট প্রাকৃতিক উৎসের গল্প জুড়ে দেয়। সেই প্রচারের প্রভাবও পড়ে দামে। ফলে দাম বেশি হলেই যে বাড়তি পুষ্টিগুণ পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই।
২০১৭ সালে ‘জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ নিউট্রিশন’-এ প্রকাশিত গবেষক থেরেসা গ্রিউপনার ও তাঁর সহকর্মীদের একটি গবেষণায় দেখা গিয়েছিল, ক্যালশিয়াম-সমৃদ্ধ মিনারেল ওয়াটার থেকে মানবদেহ ক্যালশিয়াম শোষণ করতে পারে। অর্থাৎ, এই ধরনের পানীয় জল শরীরে
খনিজের জোগান দিতে সক্ষম। তবে শুধু প্রাকৃতিক মিনারেল ওয়াটারেই এই সুবিধা পাওয়া যায় না। সাধারণ বোতলবন্দি পানীয় জলেও বিশেষ প্রক্রিয়ায় খনিজ যোগ করা থাকতে পারে। তাই আসল বিষয় হল, প্রতি লিটার পানীয় জলে কত মিলিগ্রাম ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম বা অন্যান্য খনিজ রয়েছে।
পানীয় জল কেনার আগে কী কী খেয়াল রাখবেন?
বোতল কেনার আগে প্রথমেই দেখে নিন, তাতে ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’ লেখা রয়েছে, নাকি ‘ন্যাচারাল মিনারেল ওয়াটার’। প্রস্তুতকারক সংস্থার নাম, পানির উৎস এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার বৈধ লাইসেন্স সংক্রান্ত তথ্যও যাচাই করে নেওয়া জরুরি। বোতলের লেবেলে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও সোডিয়ামের পরিমাণ উল্লেখ থাকলে তা দেখে নিতে পারেন। পাশাপাশি বোতলের মুখের সিল অক্ষত রয়েছে কি না এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ পেরিয়ে গিয়েছে কি না, সে দিকেও নজর দিন।
মনে রাখা প্রয়োজন, দামি বোতল, আকর্ষণীয় মোড়ক কিংবা প্রাকৃতিক উৎসের প্রচার কোনওটিই পানীয় জলের নিরাপত্তা বা বাড়তি স্বাস্থ্যগুণের একমাত্র মাপকাঠি নয়। পানীয় জল বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার গুণমান, নিরাপত্তা এবং খনিজের প্রকৃত পরিমাণ।