শীত পড়লেই কি শিশুর গোসল বন্ধ? কী বলছেন চিকিৎসকরা

শীত পড়তেই বাড়ে মা-বাবার দুশ্চিন্তা। বিশেষ করে সদ্যোজাত থেকে ছোট শিশুদের গোসল করানো নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে কেউ কেউ দিনের পর দিন শিশুকে গোসল করানো বন্ধ করে দেন। আবার প্রতিদিন গোসল না করালে ত্বকে র‍্যাশ, ঘাম জমা কিংবা অস্বস্তি হতে পারে বলেও আশঙ্কা থাকে। তাহলে শীতকালে শিশুকে কি প্রতিদিন গোসল করানো উচিত? নাকি সপ্তাহে কয়েক দিন গোসল করালেই যথেষ্ট?

শিশুরোগ বিশেষজ্ঞ অর্পণ সাহার মতে, শীত পড়লেই শিশুর গোসল বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই। তবে এই সময়ে গোসল করানোর নিয়মে কিছুটা পরিবর্তন আনা জরুরি। কারণ, গোসলের পর শিশুর শরীর দীর্ঘক্ষণ ভেজা থাকলে ঠান্ডা লাগতে পারে। তাই একটু বাড়তি সতর্কতা প্রয়োজন।

শীতে কত দিন গোসল করাবেন শিশুকে?

শীতকালে শিশুকে সপ্তাহে দু’ থেকে তিন দিন ভালো করে গোসল করালেই যথেষ্ট। বাকি দিনগুলিতে হালকা গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে শিশুর শরীর মুছিয়ে দিতে পারেন। খুব বেশি ঠান্ডা পড়লে বন্ধ ঘরের ভেতরে স্পঞ্জ করিয়ে নেওয়াই ভালো। এতে শিশুর পরিচ্ছন্নতা বজায় থাকবে, আবার ঠান্ডা লাগার আশঙ্কাও কমবে।

তবে গোসল করানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই নজর দিন ঘরের তাপমাত্রার দিকে। যে ঘরে শিশুকে গোসল করাবেন, সেখানে যেন ঠান্ডা হাওয়া না ঢোকে। দরজা-জানলা বন্ধ করে ঘরটি আরামদায়ক উষ্ণ রাখুন।

পানির তাপমাত্রার দিকেও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম বা ঠান্ডা পানিতে শিশুকে গোসল করাবেন না। হাতে ছুঁয়ে দেখে নিন পানি আরামদায়ক উষ্ণ কি না। শিশুর কোমল ত্বকের জন্য এই সতর্কতা অত্যন্ত জরুরি।

গোসলের আগে হালকা করে তেল মালিশও করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য হতে পারে। তবে শিশুর ত্বকের উপযোগী তেল ব্যবহার করাই ভাল। ভার্জিন নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহারের আগে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

শিশুকে কত দিন অন্তর শ্যাম্পু করাবেন?

অনেক অভিভাবকই শিশুকে রোজ শ্যাম্পু করান। কিন্তু চিকিৎসক অর্পণ সাহার পরামর্শ, শীতকালে প্রতিদিন শ্যাম্পু করানোর প্রয়োজন নেই। সপ্তাহে দু’ দিন শ্যাম্পু করালেই যথেষ্ট। ঘন ঘন শ্যাম্পু করলে শিশুর মাথার ত্বক ও চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে গিয়ে শুষ্কতা দেখা দিতে পারে।

গোসল শেষ হলে শিশুকে সঙ্গে সঙ্গে নরম তোয়ালে দিয়ে ভালো করে মুছিয়ে দিন। বিশেষ করে শরীরের ভাঁজ, হাত-পায়ের আঙুলের ফাঁক এবং মাথার অংশ যেন ভেজা না থাকে। ভেজা শরীরে শিশুকে ঠান্ডা হাওয়ায় রাখবেন না। চুল শুকিয়ে নিয়ে দ্রুত পরিষ্কার, শুকনো পোশাক পরিয়ে দিন। গোসলের পর শিশুর ত্বকে উপযোগী ময়েশ্চারাইজ়ার লাগাতে পারেন। এতে শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

কখন শিশুকে গোসল করানো এড়িয়ে চলবেন?

শিশুর জ্বর, প্রবল সর্দি-কাশি কিংবা শ্বাসকষ্ট থাকলে সেদিন গোসল না করানোই ভালো। প্রয়োজন হলে হালকা গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে শরীর মুছিয়ে দিতে পারেন। তবে শিশুর শ্বাসকষ্ট হলে বা শারীরিক অবস্থার অবনতি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মনে রাখবেন, শীতকালে শিশুকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার পাশাপাশি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখাও জরুরি। তাই ঠান্ডার ভয়ে গোসল একেবারে বন্ধ না করে শিশুর বয়স, শারীরিক অবস্থা এবং আবহাওয়া বুঝে গোসলের নিয়ম ঠিক করুন।