দিনভর অফিসের কাজ, সংসারের দায়িত্ব সামলে জিমে যাওয়ার সময় বা শক্তি কোনওটাই যেন অবশিষ্ট থাকে না। অথচ শরীরচর্চা না করলে শরীর ও মন, দু’টির উপরেই তার প্রভাব পড়তে পারে। অনেকেই তাই বাড়িতে ব্যায়াম শুরু করার কথা ভাবেন। কিন্তু ঘরের মধ্যে পর্যাপ্ত জায়গা না থাকলে সমস্যা তৈরি হয়। কখনও স্ট্রেচিং করতে গিয়ে আসবাবে ধাক্কা লাগে, কখনও আবার প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজতেই কেটে যায় অনেকটা সময়। ফলে ব্যায়ামের ইচ্ছাটাই হারিয়ে যায়।
তবে নিয়মিত শরীরচর্চার জন্য আলাদা করে বড় ঘর বা দামি জিমের সরঞ্জামের প্রয়োজন নেই। বাড়ির একটি ছোট্ট কোণকেই সাজিয়ে তুলতে পারেন নিজের ফিটনেস কর্নার হিসেবে। মুম্বাইয়ের ফিটনেস পরামর্শদাতা রিয়া শাহের মতে, শরীরচর্চার জন্য সুন্দর ও গোছানো পরিবেশ তৈরি করতে পারলে নিয়মিত ব্যায়াম করার উৎসাহও বাড়ে। যেভাবে সাজাবেন সেই জায়গা-
ব্যস্ত রুটিনেও সময় বের করুন
শরীরচর্চার জন্য প্রতিদিন আলাদা করে এক-দু’ঘণ্টা সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। রিয়া শাহের পরামর্শ, নির্দিষ্ট সময় খোঁজার পরিবর্তে দৈনন্দিন কাজের ফাঁকেই ব্যায়ামের সুযোগ তৈরি করে নিতে হবে। বাড়ি থেকে কাজ করলে দু’টি মিটিংয়ের মাঝের বিরতিতে কয়েক মিনিট স্ট্রেচিং করতে পারেন। সকালে অল্প সময়ের পিলাটেজ কিংবা সন্ধ্যায় কিছুক্ষণ স্ট্রেংথ এক্সারসাইজও করা যেতে পারে।
এমনকি কাজের ফাঁকে হালকা হাঁটাচলা, শরীরের বিভিন্ন অংশের নড়াচড়া এবং ছোট ছোট ব্যায়ামও দৈনন্দিন সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। তাঁর মতে, শরীরচর্চাকে বাড়তি দায়িত্ব বা বোঝা হিসেবে না দেখে প্রতিদিনের জীবনযাপনের অংশ করে তোলাই সবচেয়ে জরুরি।
ঘরের কোন জায়গায় তৈরি করবেন ফিটনেস কর্নার?
প্রথমেই বাড়ির এমন একটি কোণ বেছে নিন, যেখানে সহজেই হাত-পা ছড়িয়ে ব্যায়াম করা যায়। এমন জায়গা হলে ভালো, যেখানে বার বার আসবাব সরানোর প্রয়োজন পড়বে না। একটি যোগব্যায়ামের ম্যাট বিছিয়ে নেওয়ার মতো জায়গা থাকলেই শুরু করা সম্ভব।
সম্ভব হলে জানলার পাশে বা প্রাকৃতিক আলো আসে, এমন জায়গা বেছে নিন। আলো-বাতাসপূর্ণ পরিবেশে ব্যায়াম করতে অনেকেরই ভালো লাগে। পাশাপাশি জায়গাটি পরিষ্কার ও গোছানো রাখুন। ব্যায়ামের সরঞ্জামগুলি এমনভাবে সাজিয়ে রাখুন, যাতে প্রয়োজনের সময় সহজেই হাতের কাছে পাওয়া যায়।
কী কী সরঞ্জাম রাখবেন ফিটনেস কর্নারে?
বাড়িতে শরীরচর্চার জন্য খুব বেশি সরঞ্জামের প্রয়োজন নেই। কয়েকটি হালকা ও বহনযোগ্য উপকরণ দিয়েই তৈরি করা যায় ছোট্ট জিম।
স্ট্রেংথ স্ট্র্যাপ বা কব্জি ও গোড়ালিতে পরার উপযোগী হালকা ওজন রাখা যেতে পারে। তবে এগুলো ব্যবহার করার সময় নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ওজন বেছে নেওয়া জরুরি। হাঁটাচলা বা সাধারণ কাজের সময়ও এগুলো ব্যবহার করার আগে সতর্ক থাকুন।
হাতের ব্যায়াম এবং শরীরের বিভিন্ন অংশের পেশি সচল রাখতে ছোট ডাম্বেল বা হাতে ধরা যায় এমন ওজন রাখতে পারেন। পেট, কোমর, হাত ও পায়ের পেশির ব্যায়ামেও এগুলো কাজে লাগে। তবে একেবারে শুরুতে হালকা ওজন দিয়েই অভ্যাস তৈরি করা ভালো।
ফিটনেস কর্নারে রাখতে পারেন থেরাপি ব্যান্ড বা রেজিস্ট্যান্স ব্যান্ডও। আকারে ছোট হওয়ায় সহজেই গুছিয়ে রাখা যায়। স্ট্রেচিং, পেশির নমনীয়তা বাড়ানো এবং বিভিন্ন ধরনের শক্তিবর্ধক ব্যায়ামে এই ব্যান্ড ব্যবহার করা সম্ভব।
এ ছাড়াও রাখতে পারেন একটি ভাল মানের যোগব্যায়ামের ম্যাট এবং পানির বোতল। ফোন বা ট্যাবলেট রাখার জন্য একটি স্ট্যান্ড থাকলে ব্যায়ামের ভিডিয়ো দেখে অনুশীলন করাও সহজ হবে।
অন্দরসজ্জার সঙ্গেও মানিয়ে নিন ব্যায়ামের জায়গা
ফিটনেস কর্নার মানেই ঘরের সৌন্দর্য নষ্ট করে একগাদা সরঞ্জাম সাজিয়ে রাখা নয়। বরং ঘরের অন্দরসজ্জার সঙ্গে মিলিয়ে সরঞ্জামগুলি রাখতে পারেন। ছোট ঝুড়ি, তাক বা স্টোরেজ বক্সে ডাম্বেল, ব্যান্ড ও অন্যান্য উপকরণ গুছিয়ে রাখুন। এতে জায়গাটি যেমন পরিষ্কার থাকবে, তেমনই প্রয়োজনের সময় সরঞ্জাম খুঁজে পেতেও অসুবিধা হবে না।
আসলে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে বড়সড় আয়োজনের চেয়ে প্রয়োজন সহজ ও আরামদায়ক পরিবেশ। বাড়ির ছোট্ট একটি কোণ, কয়েকটি প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রতিদিনের কিছুটা সময়- এই তিনের সমন্বয়েই তৈরি হতে পারে আপনার নিজের ফিটনেস কর্নার।