শাক দিয়ে তৈরি করুন তিন রকম মজাদার কন্টিনেন্টাল খাবার

শীতের বাজারে এখন টাটকা পালংশাকসহ নানা ধরনের সবুজ শাকের সমারোহ। পুষ্টিগুণে ভরপুর এসব শাক দিয়ে সাধারণ ভাজি কিংবা ঘণ্টের বাইরে তৈরি করা যায় নানা স্বাদের কন্টিনেন্টাল খাবার। সকালের নাশতা, বিকালের আড্ডা কিংবা রাতের হালকা খাবারে রাখতে পারেন শাকের তৈরি ভিন্নধর্মী কিছু পদ। স্বাদে নতুনত্ব আনতে ঘরেই তৈরি করে নিতে পারেন পালং-চিজ স্টাফড ব্রেড, পালং-সুজির প্যানকেক ও পালং-মটরের ক্রিমি স্যুপ।

পালং-চিজ স্টাফড ব্রেড (সংগৃহীত)

পালং-চিজ স্টাফড ব্রেড

পালংশাক ও চিজের মজাদার পুরে তৈরি এই খাবারটি নাশতার জন্য বেশ উপযোগী। তৈরি করতে লাগবে এক কাপ পালংশাক কুচি, ছয় পিস পাউরুটি, আধা কাপ গ্রেট করা চিজ, একটি কাঁচামরিচ কুচি, এক চা চামচ রসুন কুচি, এক টেবিল চামচ মাখন, সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া।

প্রথমে একটি প্যানে মাখন গরম করে রসুন ও কাঁচামরিচ হালকা ভেজে নিন। এরপর পালংশাক দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। শাকের পানি শুকিয়ে এলে লবণ ও গোলমরিচ মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার এর সঙ্গে গ্রেট করা চিজ মিশিয়ে পুর তৈরি করুন। পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে বেলুন। মাঝখানে পালং-চিজের পুর দিয়ে রোলের মতো মুড়ে দুই পাশ ভালোভাবে বন্ধ করে দিন। সবশেষে প্যানে সামান্য মাখন দিয়ে রোলগুলো চারপাশে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

পালং-সুজির প্যানকেক (সংগৃহীত)

পালং-সুজির প্যানকেক

সকালের নাশতা কিংবা বিকালের হালকা খাবার হিসেবে তৈরি করতে পারেন পালং-সুজির প্যানকেক। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এই খাবারটি তৈরি করতে লাগবে এক কাপ সুজি, এক কাপ পালংশাক কুচি, আধা কাপ টক দই, এক চা চামচ আদা কুচি, একটি কাঁচামরিচ কুচি, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ ও প্রয়োজনমতো পানি এবং তেল।

প্রথমে একটি পাত্রে সুজি, টক দই ও সামান্য পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন। এতে সুজি ভালোভাবে ফুলে উঠবে। এরপর ব্যাটারে পালংশাক, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ মিশিয়ে নিন। প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ব্যাটারের ঘনত্ব ঠিক করুন। এবার নন-স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার গোল করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে এক পাশ সোনালি ও মুচমুচে হলে উল্টে অন্য পাশও ভালোভাবে ভেজে নিন। তৈরি হয়ে গেলে পছন্দের চাটনি, টমেটো সস কিংবা টক দইয়ের সঙ্গে পরিবেশন করুন।

পালং-মটরের ক্রিমি স্যুপ (সংগৃহীত)

পালং-মটরের ক্রিমি স্যুপ

শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগে। পালংশাক ও কড়াইশুটির মিশ্রণে তৈরি ক্রিমি স্যুপ স্বাদে যেমন চমৎকার, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এটি তৈরি করতে লাগবে দুই কাপ পালংশাক, আধা কাপ কড়াইশুটি, এক টেবিল চামচ রসুন কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ মাখন, আধা কাপ দুধ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, এক থেকে দুই কাপ পানি এবং দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম।

প্রথমে পালংশাক ও কড়াইশুটি সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার একটি সসপ্যানে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এতে পালং-মটরের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়ুন। এরপর দুধ ও প্রয়োজনমতো পানি মিশিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন। স্যুপ ঘন হয়ে এলে ফ্রেশ ক্রিম মিশিয়ে চুলা বন্ধ করে দিন। সবশেষে বাটিতে ঢেলে ওপর থেকে সামান্য ক্রিম ও গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

শীতের টাটকা শাক দিয়ে তৈরি এই তিন পদ প্রতিদিনের খাবারে আনবে নতুন স্বাদ। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যাবে মজাদার এসব কন্টিনেন্টাল খাবার।