পৃথিবীর বুকে বিস্ময় জাগানো চার অদ্ভুত গাছ

প্রকৃতির সৃষ্টি মানেই বিস্ময়। কোথাও গাছের শিকড় জড়িয়ে রেখেছে প্রাচীন মন্দির, কোথাও আবার হ্রদের পানিতে ভেসে বেড়াচ্ছে বিশাল এক গাছ। কোনও গাছ একসময় অপরাধীদের বন্দিশালা হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার কোনও গাছকে মানুষের হাতের কারুকাজে দেওয়া হয়েছে বিচিত্র সব আকৃতি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন কিছু গাছের গল্প সত্যিই অবাক করার মতো। বিচিত্র বৈশিষ্ট্যের এসব গাছের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বিজ্ঞান ও মানুষের সৃজনশীলতার নানা অধ্যায়।

কম্বোডিয়ার সিল্ক কটন ট্রি

মন্দিরকে গ্রাস করছে বিশাল শিকড়

কম্বোডিয়ার সিয়েম রিপে অবস্থিত প্রাচীন অ্যাংকর নগরীর অন্যতম আকর্ষণ প্রোম মন্দির। তবে মন্দিরটির স্থাপত্যের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাড়ে এক বিশাল সিল্ক কটন ট্রি। প্রায় ৭০ ফুট উঁচু এই গাছটি মন্দিরের দেয়াল ও স্থাপনার ওপর এমনভাবে শিকড় বিস্তার করেছে, যেন প্রকৃতি নিজেই প্রাচীন স্থাপত্যটিকে নিজের দখলে নিয়ে নিয়েছে।

গাছটির কাণ্ড থেকে বের হওয়া মোটা মোটা শিকড় মন্দিরের দেয়াল বেয়ে নিচে নেমে এসেছে। কোথাও শিকড় পাথরের কাঠামোকে আঁকড়ে ধরেছে, কোথাও আবার মন্দিরের অংশবিশেষ ঢেকে ফেলেছে। প্রায় ৩৫ ফুট এলাকাজুড়ে ছড়িয়ে থাকা এসব শিকড়ের দৃশ্য অনেকটা কোনো বিশাল প্রাণীর পাথরের স্থাপনা গিলে ফেলার মতো। শতাব্দীপ্রাচীন মন্দির আর জীবন্ত গাছের এই সহাবস্থান প্রোমকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর পর্যটনস্থলে পরিণত করেছে।

যুক্তরাষ্ট্রের ওল্ড ম্যান অব দ্য লেক

হ্রদের বুকে ভেসে বেড়ায় হাজার বছরের গাছ

যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের ক্রেটার লেকে রয়েছে এমন এক গাছ, যা দেখে প্রথমে মনে হতে পারে পানির ওপর কোনও কাঠের গুঁড়ি ভাসছে। কিন্তু এটি সাধারণ কোনও ভাসমান কাঠ নয়, বরং জীবিত একটি গাছের কাণ্ড। স্থানীয়ভাবে এটি পরিচিত ‘ওল্ড ম্যান অব দ্য লেক’ নামে।

প্রায় ৩০ ফুট লম্বা এই গাছটির বেশির ভাগ অংশ পানির নিচে থাকে। পানির ওপরে দৃশ্যমান অংশের উচ্চতা আনুমানিক চার ফুট। হ্রদের স্বচ্ছ পানির কারণে নিচের অংশও দেখা যায়। ধারণা করা হয়, গাছটির বয়স এক হাজার বছরের বেশি।

১৮৯৬ সালে ভূতাত্ত্বিক জোসেফ ডিলার প্রথম গাছটির বিষয়ে নথিবদ্ধ করেন। পরবর্তী সময়ে এটি নিয়ে গবেষণাও হয়েছে। পর্যবেক্ষণে গাছটির অবস্থান পরিবর্তনের বিষয়টি বিশেষ আগ্রহ তৈরি করে। বলা হয়, বাতাস ও পানির স্রোতের প্রভাবে গাছটি হ্রদের বিভিন্ন স্থানে ভেসে বেড়ায়। আবার এটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেও গবেষকেরা সফল হননি। দীর্ঘ সময় ধরে পানির বুকে টিকে থাকা এই গাছ আজও প্রকৃতিপ্রেমীদের কাছে এক রহস্যময় আকর্ষণ।

অস্ট্রেলিয়ার প্রিজন ট্রি

যে গাছ একসময় ছিল বন্দিশালা

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ডার্বি শহরের কাছে দাঁড়িয়ে আছে অতিকায় এক বাওবাব গাছ। গাছটির উচ্চতা প্রায় ১২ মিটার। তবে এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো কাণ্ডের মাঝখানে থাকা বিশাল ফাঁপা অংশ। প্রায় পাঁচ মিটার ব্যাসের এই গাছের কোটর ঘিরেই তৈরি হয়েছে নানা ইতিহাস ও বিতর্ক।

গাছটি ‘প্রিজন ট্রি’ নামে পরিচিত। প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৮৯০-এর দশকে অপরাধীদের আটকে রাখার জন্য এর ফাঁপা কাণ্ড ব্যবহার করা হতো। সেই ঘটনা থেকেই গাছটির এমন নামকরণ। বিশাল কাণ্ডের ভেতরে মানুষ আটকে রাখার গল্প গাছটিকে অন্য সব গাছের চেয়ে আলাদা পরিচিতি দিয়েছে।

বর্তমানে অবশ্য গাছটির ভেতরে কাউকে বন্দি রাখা হয় না। ঐতিহাসিক গুরুত্ব ও স্বতন্ত্র গড়নের কারণে এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। গাছটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সেখানে ভিড় করেন।

মানুষের হাতে তৈরি জীবন্ত ভাস্কর্য

গাছ শুধু প্রকৃতির নিজস্ব নকশাতেই সুন্দর হয় না, মানুষের সৃজনশীলতার ছোঁয়াতেও বদলে যেতে পারে তার চেহারা। এর অসাধারণ উদাহরণ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ‘সার্কাস ট্রি’। জীবন্ত গাছকে নানা জ্যামিতিক ও শৈল্পিক আকৃতি দেওয়ার অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন সুইডিশ-আমেরিকান কৃষক অ্যাক্সেল আর্লেন্ডসন।

১৯৪৭ সালে পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশে তিনি গাছের আকৃতি পরিবর্তনের নানা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। সাধারণ গাছকে ধীরে ধীরে বাঁকিয়ে, জোড়া লাগিয়ে ও বিশেষ কৌশলে বড় করে তুলতেন তিনি। তার হাতে তৈরি গাছগুলো কখনো তৈরি করেছে বৃত্ত, কখনো জালের মতো নকশা, আবার কখনো অদ্ভুত সব কাঠামো।

এভাবে প্রায় ৬০ থেকে ৭০টি জীবন্ত গাছকে শিল্পকর্মের রূপ দেন আর্লেন্ডসন। পরে নিজের খামার থেকে সেগুলো সরিয়ে ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজ অঞ্চলে নিয়ে যান এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন। নিজের এই ব্যতিক্রমী সংগ্রহের নাম দিয়েছিলেন ‘সার্কাস ট্রি’। প্রকৃতি ও মানুষের শিল্পবোধের এমন মিলনই আজও বিস্মিত করে গাছপ্রেমীদের।

প্রকৃতির অপার বিস্ময়ের ভান্ডারে এমন অসংখ্য সৃষ্টি ছড়িয়ে আছে, যেগুলোর প্রতিটির সঙ্গে জড়িয়ে রয়েছে ভিন্নধর্মী গল্প। কোথাও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল বৃক্ষ, কোথাও আবার মানুষের সৃজনশীলতা গাছকে দিয়েছে একেবারে অন্য রূপ। এসব ব্যতিক্রমী গাছ বিস্ময় আর কৌতূহলেরও অনন্য উৎস। কোনও গাছ হয়ে ওঠে প্রাচীন সভ্যতার সাক্ষী, কোনওটি বিজ্ঞানের কৌতূহল, আবার কোনওটি মানুষের শিল্পসৃষ্টির জীবন্ত উদাহরণ।