আজ থ্যাংকসগিভিং ডে: কৃতজ্ঞতা আর ভালোবাসা ভাগাভাগির উৎসব

প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে উদ্‌যাপিত হয় থ্যাংকসগিভিং ডে বা কৃতজ্ঞতা প্রকাশের দিন। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে একত্র হওয়া, জীবনের প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞতা জানানো এবং আনন্দ ভাগাভাগি করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। বিশেষ এই দিনে খাবারের টেবিলে থাকে ঐতিহ্যবাহী টার্কি, স্টাফিং ও পাম্পকিন পাই। তবে উৎসবটি খাওয়াদাওয়া ছাড়াও ইতিহাস, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দিয়ে থাকে।

থ্যাংকসগিভিংয়ের প্রচলন শুরু হয়েছিল প্রায় চার শতাব্দী আগে। ১৬২০ সালে ইংল্যান্ড থেকে একদল অভিবাসী উত্তর আমেরিকার বর্তমান ম্যাসাচুসেটস অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। ইতিহাসে তারা পিলগ্রিম নামে পরিচিত। নতুন পরিবেশে প্রথম শীত ছিল তাদের জন্য অত্যন্ত কঠিন। পরবর্তী সময়ে স্থানীয় আদিবাসী ওয়াম্পানোয়াগ সম্প্রদায়ের সহযোগিতায় তারা কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের কৌশল শেখেন। ১৬২১ সালে ভালো ফসল ঘরে তোলার পর নিজেদের বেঁচে থাকা ও প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জানাতে তারা একটি ভোজের আয়োজন করেন। সেখানে ওয়াম্পানোয়াগ সম্প্রদায়ের সদস্যরাও অংশ নেন। এই আয়োজনকেই যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং উৎসবের ঐতিহাসিক সূচনা হিসেবে বিবেচনা করা হয়।

তবে শুরুতে এটি জাতীয় ছুটির দিন ছিল না। ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আনুষ্ঠানিকভাবে থ্যাংকসগিভিংকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন। তিনি নভেম্বরের শেষ বৃহস্পতিবার দিনটি পালনের ঘোষণা দেন। পরে ১৯৩৯ সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছুটির সময়সূচিতে পরিবর্তন আনেন। অর্থনৈতিক কর্মকাণ্ড ও বড়দিনের কেনাকাটার মৌসুমকে কিছুটা দীর্ঘ করার উদ্দেশ্যে তিনি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং পালনের সিদ্ধান্ত নেন। সেই নিয়মই এখনো প্রচলিত রয়েছে।

থ্যাংকসগিভিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ পারিবারিক ভোজ। এদিন পরিবারের সদস্য ও বন্ধুরা একত্র হয়ে বিশেষ খাবারের আয়োজন করেন। টেবিলের মধ্যমণি থাকে রোস্ট করা টার্কি। এর সঙ্গে পরিবেশন করা হয় স্টাফিং, বিভিন্ন ধরনের সবজি, আলুর পদ, সস এবং মিষ্টান্ন হিসেবে পাম্পকিন পাই। অনেক পরিবার নিজেদের ঐতিহ্য ও পছন্দ অনুযায়ী বিশেষ কিছু খাবারও যুক্ত করে। ঘর সাজানো হয় শরতের রঙে, আর খাবারের টেবিলে তৈরি হয় উৎসবের আবহ।

তবে এই দিনের আনন্দ নিজের পরিবারের পাশাপাশি সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আশ্রয়কেন্দ্র ও খাদ্যব্যাংকে এদিন বিশেষ খাবারের আয়োজন করা হয়। অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে এসব উদ্যোগে অংশ নেন। কেউ খাবার ও পোশাক দান করেন, আবার কেউ একাকী কিংবা অসহায় মানুষের সঙ্গে সময় কাটিয়ে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন।

পরিবারের সঙ্গে নতুন স্মৃতি তৈরির জন্যও দিনটি বিশেষভাবে উদ্‌যাপন করা হয়। কোথাও আয়োজন করা হয় পারিবারিক ফুটবল খেলা, কোথাও আবার বসে পাই তৈরির প্রতিযোগিতা। অনেকে স্থানীয় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন কিংবা বৃদ্ধাশ্রমে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সময় কাটান। এভাবেই পুরোনো ঐতিহ্যের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন নতুন উদ্‌যাপনের রীতি।

থ্যাংকসগিভিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মপর্যালোচনা। ব্যস্ত জীবনের ফাঁকে মানুষ এদিন ফিরে তাকান গত এক বছরের দিকে। জীবনে পাওয়া সুযোগ, সুস্থতা, পরিবার, বন্ধুত্ব ও ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোর কথা স্মরণ করেন। কেউ কৃতজ্ঞতার কথা ডায়েরিতে লিখে রাখেন, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে নিজেদের অনুভূতি ভাগাভাগি করেন।

উৎসবটির ইতিহাসে আরও একটি উল্লেখযোগ্য আয়োজন হলো থ্যাংকসগিভিং প্যারেড। ১৯২৪ সালে ফিলাডেলফিয়ায় গিমবেলস ডিপার্টমেন্ট স্টোরের উদ্যোগে প্রথম থ্যাংকসগিভিং ডে প্যারেড অনুষ্ঠিত হয়। বর্ণিল সাজের গাড়ি, ব্যান্ড দল ও বিভিন্ন প্রাণীর অংশগ্রহণে আয়োজিত সেই শোভাযাত্রা পরবর্তী সময়ে জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে থ্যাংকসগিভিং উপলক্ষে প্যারেডের আয়োজন করা হয়।

সময়ের সঙ্গে থ্যাংকসগিভিং একটি ঐতিহাসিক ভোজের আয়োজন থেকে পরিণত হয়েছে জাতীয় উৎসবে। এর উদ্‌যাপনে যেমন রয়েছে খাবার ও আনন্দ, তেমনি রয়েছে মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের সুযোগ। জীবনে যা কিছু পাওয়া গেছে, তার জন্য কৃতজ্ঞ থাকা এবং সেই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই দিনটির মূল তাৎপর্য।