প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কারও জীবনে সাফল্যের কাহিনি, কারও ঝুলিতে জমে রয়েছে ব্যর্থতা, আবার কারও স্মৃতিতে লুকিয়ে রয়েছে শৈশবের মধুর মুহূর্ত কিংবা জীবনের কঠিন লড়াই। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মন দিয়ে শোনার সময় কোথায়? অথচ একটি মানুষকে মন দিয়ে শোনাই কখনও কখনও গড়ে তুলতে পারে গভীর সম্পর্ক। সেই ভাবনা থেকেই প্রতি বছর পালিত হয় ‘ডে অফ লিসেনিং’ বা শ্রবণ দিবস।
প্রতি বছর আমেরিকায় থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার পালিত হয় এই বিশেষ দিন। ২০২৪ সালে দিনটি পড়েছিল ২৯ নভেম্বর। ২০২৬ সালে দিনটি পড়েছে ২৭ নভেম্বর। এই দিনের মূল উদ্দেশ্য হল, পরিবার, বন্ধু কিংবা পরিচিত-অপরিচিত মানুষের জীবনের গল্প মন দিয়ে শোনা এবং সম্ভব হলে সেই অভিজ্ঞতাগুলি রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।
কীভাবে শুরু হয়েছিল এই বিশেষ দিন?
২০০৮ সালে অলাভজনক সংস্থা ‘স্টোরিকর্পস’ এই বিশেষ দিনের সূচনা করে। সংস্থাটির প্রতিষ্ঠা হয়েছিল ২০০৩ সালে। মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনের গল্প সংগ্রহ করে সংরক্ষণ করাই তাদের অন্যতম উদ্দেশ্য।
আমেরিকার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের জীবনকাহিনি নথিবদ্ধ করার উদ্যোগ নিয়েছিল স্টোরিকর্পস। সংস্থাটির উদ্যোগে ৬ লখেরও বেশি মানুষ নিজের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন। এই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে সংরক্ষিত হয়েছে নানা প্রজন্মের মানুষের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস এবং সমাজজীবনের নানা অজানা অধ্যায়।
১৯৩০-এর দশকের আমেরিকার ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’-এর মতো উদ্যোগ থেকেও এই ভাবনার অনুপ্রেরণা পাওয়া যায়। সেই প্রকল্পে সাধারণ মানুষের জীবন ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার চেষ্টা হয়েছিল।
কেন গুরুত্বপূর্ণ অন্যের কথা শোনা?
শোনা মানে শুধু কারও কথা কানে নেওয়া নয়। মন দিয়ে শোনার মধ্যে দিয়ে অন্যের অনুভূতি, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝা যায়। এতে পারস্পরিক বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। মনোযোগ দিয়ে কারও কথা শুনলে তিনি নিজেকে গুরুত্ব পাওয়া মানুষ বলে মনে করেন। এতে একাকিত্ব কমতে পারে, মানসিক স্বস্তি মিলতে পারে এবং পারস্পরিক সহমর্মিতা তৈরি হয়। একই সঙ্গে অন্যের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগও তৈরি হয়।
বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের জীবনের গল্প শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শৈশব, পুরনো দিনের জীবনযাপন, পারিবারিক ইতিহাস কিংবা জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা আগামী প্রজন্মের কাছে মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে।
কীভাবে পালন করবেন জাতীয় শ্রবণ দিবস?
এই দিন পালনের জন্য বড় কোনও আয়োজনের চেয়ে সামান্য সময় এবং আন্তরিক আগ্রহই যথেষ্ট। কয়েকটি সহজ উপায়ে দিনটি স্মরণীয় করে তুলতে পারেন।
১. গল্পের আসর বসান: বাড়ির সদস্য, বন্ধু বা পরিচিতদের নিয়ে ছোট্ট গল্পের আসর আয়োজন করুন। প্রত্যেকে নিজের জীবনের কোনও বিশেষ স্মৃতি বা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।
২. একে অপরের সাক্ষাৎকার নিন: পরিবারের কোনও সদস্য বা বন্ধুকে নিয়ে প্রশ্নোত্তরের আসর বসান। তার ছোটবেলা, প্রথম চাকরি, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কিংবা কোনও কঠিন অভিজ্ঞতা নিয়ে জানতে চান। চাইলে মোবাইলে কথোপকথনটি রেকর্ডও করতে পারেন।
৩. প্রবীণদের গল্প শুনুন: বাড়ির দাদু-ঠাকুমা বা প্রবীণ সদস্যদের কাছে তাদের ছোটবেলা, পুরনো দিনের উৎসব, পারিবারিক ইতিহাস ও জীবনের নানা অভিজ্ঞতার কথা শুনুন। এই গল্পগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন।
৪. হাঁটতে হাঁটতে কথা বলুন: কাছের কোনও পার্ক বা খোলা জায়গায় বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়ুন। একজন নিজের কথা বলবেন, অন্যজন মন দিয়ে শুনবেন। পরে দু'জনে নিজেদের ভূমিকা বদলে নিন।
৫. স্মৃতির দেয়াল তৈরি করুন: বাড়ির কোনও দেওয়ালে বড় কাগজ লাগিয়ে দিন। সেখানে পরিবারের সদস্যরা অন্যের গল্প শুনে পাওয়া অনুভূতি, স্মৃতি কিংবা ছোট ছোট বাক্য লিখে রাখতে পারেন।
৬. প্রিয় গানের গল্প ভাগ করে নিন: প্রত্যেকে নিজের পছন্দের একটি গান বেছে নিয়ে জানান, গানটির সঙ্গে কোন স্মৃতি জড়িয়ে রয়েছে। গান শোনার পাশাপাশি অন্যের অনুভূতিও জানার সুযোগ মিলবে।
৭. গল্প রেকর্ড করে রাখুন: মোবাইলের সাহায্যে পরিবারের সদস্যদের কথোপকথন রেকর্ড করে রাখতে পারেন। পরে সেই রেকর্ডিং তাদের সঙ্গে ভাগ করে নিন। এতে ব্যক্তিগত স্মৃতিগুলি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে।
মন দিয়ে শোনারও রয়েছে কিছু নিয়ম
কাউকে শোনার সময় মাঝপথে বাধা না দেওয়া, নিজের মতামত চাপিয়ে না দেওয়া এবং কথা বলার সময় মোবাইল ফোন সরিয়ে রাখা জরুরি। বক্তার দিকে মনোযোগ দেওয়া এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়াও সক্রিয়ভাবে শোনার গুরুত্বপূর্ণ অংশ। শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনতে শিখতে হবে।
শ্রবণ দিবস আসলে মনে করিয়ে দেয়, প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে শোনার মতো কোনও না কোনও গল্প। কখনও একটি প্রশ্ন, কখনও কয়েক মিনিটের মনোযোগ, আবার কখনও নীরবে পাশে বসে থাকাই অন্যের কাছে অনেক বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে। তাই এই দিনে শুধু নিজের গল্প শোনানোর নয়, অন্যের গল্প শোনারও অভ্যাস গড়ে তুলুন। কারণ, প্রতিটি গল্পেরই রয়েছে নিজস্ব মূল্য, আর প্রতিটি মানুষেরই রয়েছে শোনার মতো কিছু কথা।