সন্তানের কথা শেখায় বাধা হয়ে দাঁড়াচ্ছে মা-বাবার মোবাইল আসক্তি?

অফিস থেকে ফিরে ফোনে ব্যস্ত হয়ে পড়া, সামাজিক মাধ্যমে রিলস দেখা কিংবা বার্তার উত্তর দেওয়া অনেক মা-বাবারই প্রতিদিনের অভ্যাস। কিন্তু এই অভ্যাসের প্রভাব পড়তে পারে সন্তানের ভাষা শেখার ওপর। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, মা-বাবার অতিরিক্ত ফোন ব্যবহারের সঙ্গে তিন থেকে পাঁচ বছর বয়সি শিশুদের কথা বলতে দেরি হওয়া এবং শব্দ উচ্চারণে সমস্যার অন্যতম একটি কারণ। বিশেষ করে শিশুর সঙ্গে সময় কাটানোর বদলে ফোনে মনোযোগ দিলে তার ভাষা শেখার স্বাভাবিক সুযোগ কমে যায়।

পর্তুগালের রাইস-হেল্থ এবং ইউনিভার্সিটি অব অ্যাভেইরোর গবেষকেরা তিন থেকে পাঁচ বছর বয়সি ৯৩টি শিশুর পরিবারকে নিয়ে সমীক্ষা করেন। তাতে দেখা গিয়েছে, কাজের সময়ের বাইরে মা-বাবার মোবাইল ব্যবহারের অভ্যাস এবং রাতে শিশুকে ফোন দেখানোর সঙ্গে ভাষা বিকাশের সমস্যার সম্পর্ক রয়েছে।

কেন প্রভাব পড়ছে শিশুর কথা বলায়?

গবেষকদের মতে, শিশুরা শুধু অন্যের কথা শুনে ভাষা শেখে না, কথোপকথনের মাধ্যমেও শেখে। মা-বাবার সঙ্গে কথা বলা, গল্প শোনা, গান গাওয়া এবং একসঙ্গে খেলাধুলার মধ্য দিয়ে নতুন শব্দ ও বাক্য গঠনের কৌশল আয়ত্ত করে তারা। কিন্তু মা-বাবা সব সময় ফোনে ব্যস্ত থাকলে শিশুর প্রশ্নের উত্তর দেওয়া হয় না, তার কথা বলার চেষ্টাও অনেক সময় উপেক্ষিত থেকে যায়। ফলে চোখে চোখ রেখে কথা বলা, নতুন শব্দ শেখানো এবং কথোপকথনের সুযোগ কমে যায়।

শুধু শিশুর কতক্ষণ মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকা নয়, কী দেখছে এবং কোন পরিস্থিতিতে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকেরা। রাতে শিশুকে ফোন দেখানোর অভ্যাসও তার ভাষা শেখার ওপর প্রভাব ফেলতে পারে।

সন্তানের ভাষা বিকাশে মা-বাবার করণীয়

শিশুর সঙ্গে সময় কাটানোর সময় ফোন থেকে দূরে থাকুন। খাওয়ার সময়, ঘুমের আগে এবং স্কুল থেকে ফেরার পর অন্তত ৩০ মিনিট ফোন সরিয়ে রেখে সন্তানের সঙ্গে কথা বলুন। শিশু কিছু বলতে চাইলে তার দিকে তাকিয়ে মন দিয়ে শুনুন এবং কথার উত্তর দিন।

প্রতিদিন কিছুটা সময় গল্প বলা, ছড়া শোনানো কিংবা একসঙ্গে খেলার জন্য রাখুন। শিশু আধো আধো কথা বললেও তাকে নিজের মতো করে বাক্য শেষ করার সুযোগ দিন। তার হয়ে নিজে উত্তর না দিয়ে কথা বলার চেষ্টা করতে উৎসাহিত করুন।

ঘুমের অন্তত এক ঘণ্টা আগে থেকে শিশুর জন্য সব ধরনের পর্দা বন্ধ রাখার অভ্যাস গড়ে তুলুন। শুধু শিশুর ফোন দেখা কমালেই হবে না, মা-বাবাকেও নিজেদের ফোন ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে।

শিশুর ভাষা শেখার ক্ষেত্রে পরিবারের সঙ্গে নিয়মিত কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় ফোনের বদলে তাকে গুরুত্ব দিন। বয়স অনুযায়ী কথা বলা বা শব্দ বোঝার ক্ষেত্রে সমস্যা মনে হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।