বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কানাডার ‘মহাজাগতিক চোখ’

মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ। মাঝখানে পাহাড়, চারপাশে গোলাকার জলরাশি। কানাডার কুইবেক অঞ্চলে অবস্থিত এই বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শনের নাম ম্যানিকুয়াগান। প্রায় ২১ কোটি ৪০ লাখ বছর আগে পাঁচ কিলোমিটার প্রশস্ত এক উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছিল এই বিশাল গহ্বর। আজ সেটিই পর্যটকদের কাছে রোমাঞ্চকর সড়কভ্রমণের এক আকর্ষণীয় স্থান।

কুইবেকের উত্তরের বোরিয়াল বনাঞ্চলের মধ্য দিয়ে এগিয়ে গেলে দুই পাশে চোখে পড়ে কালো স্প্রুস ও বালসাম ফারগাছের সারি। ঘন গাছপালা যেন তৈরি করেছে সবুজ সুড়ঙ্গ। এই পথ পেরিয়ে পৌঁছানো যায় ম্যানিকুয়াগানে, যা ‘আই অব কুইবেক’ বা কুইবেকের চোখ নামেও পরিচিত।

ওপর থেকে দেখলে ৭২ কিলোমিটার প্রশস্ত ম্যানিকুয়াগান গহ্বরকে মনে হয় নিখুঁত গোলাকার জলবলয়। মাঝখানে দ্বীপের মতো উঠে এসেছে পাহাড়ি ভূখণ্ড। সেটিকে ঘিরে থাকা পানি তৈরি করেছে চোখের মণির মতো এক দৃশ্য। হ্রদ থেকে চারদিকে শিরার মতো ছড়িয়ে গেছে নদী ও শাখানদী, যা হারিয়ে গেছে গভীর বনভূমির মধ্যে।

পৃথিবীর সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত উল্কাপিণ্ডের আঘাতে তৈরি গহ্বরগুলির একটি এটি। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ২১ কোটি ৪০ লাখ বছর আগে পাঁচ কিলোমিটার প্রশস্ত একটি উল্কাপিণ্ড এখানে আছড়ে পড়েছিল। সেই সংঘর্ষে ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ জাপান পর্যন্ত পৌঁছেছিল বলে ধারণা করা হয়। প্রাচীনকালের ওই আঘাত সমুদ্রের উন্মুক্ত জলভাগের বাস্তুতন্ত্রের বড় অংশ ধ্বংস করে দিয়ে থাকতে পারে।

তবে গহ্বরটির বিশাল আকৃতি মানুষের নজরে আসে অনেক পরে। ১৯৮৩ সালে মহাকাশ থেকে নভোচারীদের তোলা ছবি প্রকাশিত হওয়ার পরই এর বিস্তার স্পষ্টভাবে ধরা পড়ে।

১৯৬০-এর দশক পর্যন্ত ম্যানিকুয়াগানের আশপাশে কোনো সড়কপথ ছিল না। এখন অবশ্য আংশিক পাকা গ্রামীণ মহাসড়ক ধরে সেখানে পৌঁছানো যায়। কুইবেক ও ল্যাব্রাডরজুড়ে বিস্তৃত ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ ‘এক্সপেডিশন ৫১’ সড়কভ্রমণেরও এটি একটি অংশ। যাত্রাপথের বড় অংশ ট্রান্স-ল্যাব্রাডর মহাসড়ক ধরে এগিয়েছে।

কুইবেকের বাসিন্দাদের কাছে ম্যানিকুয়াগান পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়া এক স্বপ্নের মতো। তবে এই পথে যেতে হলে দরকার নির্ভরযোগ্য ফোর-হুইল ড্রাইভ গাড়ি এবং পরিষ্কার আবহাওয়া—এমনটাই পরামর্শ দিয়েছিলেন এক স্থানীয় বাসিন্দা। কিন্তু যাত্রার সময় মধ্য কানাডায় তৈরি হয়েছিল বিশাল ঝড়। স্যাটেলাইট মানচিত্রে দেখা যাচ্ছিল, প্রবল বৃষ্টির মেঘ ধেয়ে আসছে ম্যানিকুয়াগানের দিকে। তবু সেই মহাজাগতিক চোখের টান উপেক্ষা করা যায়নি। যুক্তরাষ্ট্রের ভারমন্ট থেকে শুরু হয়েছিল উত্তরের পথে যাত্রা।

তিমির পথ ধরে বাঁধের দেশে

ম্যানিকুয়াগানে যাওয়ার প্রধান সড়ক কুইবেক রুট ৩৮৯। দুই লেনের আঁকাবাঁকা এই পথ শুরু হয়েছে সেন্ট লরেন্স নদীর উত্তর তীরের বাই-কমো শহর থেকে। কুইবেক সিটি থেকে নদীর উপকূল ধরে প্রায় ৪২০ কিলোমিটার এগিয়ে পৌঁছানো যায় সেখানে। মনোরম এই সড়কপথের নাম ‘রুট দে বালেইনস’, যার অর্থ তিমির পথ।

মে থেকে অক্টোবর পর্যন্ত তিমি দেখার মৌসুমে সেন্ট লরেন্স নদীতে ১৩ প্রজাতির তিমি ও অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে। ছোট হারবার পরপয়েজ থেকে বিশাল নীল তিমি—সবই রয়েছে এই তালিকায়। সাগুয়েনে নদীর ওপর বিনা মূল্যের গাড়ি ফেরিতে দাঁড়িয়ে একসময় চোখে পড়ে পানিতে সাদা কিছুর ঝলক। কাছে তাকাতেই দেখা যায়, তিনটি বেলুগা তিমি ভেসে উঠেছে পানির ওপর। গোলাকার, তরমুজের মতো মাথার এই তিমিরা সারা বছর এখানকার পানিতে থাকে। পৃথিবীর সবচেয়ে দক্ষিণে বসবাসকারী বেলুগা তিমির দল এটি।

বাই-কমো শহরের বোয়াজে দ্য লা পয়েন্ত সাঁ-জিল পার্কও ঘুরে দেখার মতো জায়গা। সেখানে গাঢ় ধূসর গ্রানাইট পাথরের ওপর গোলাপি ফেল্ডস্পারের আঁকাবাঁকা রেখা এক ভিন্ন রকম সৌন্দর্য তৈরি করেছে। পাথরগুলি ঢালু হয়ে নেমে গেছে নদীর জোয়ার-ভাটার প্রভাবিত তীর পর্যন্ত।

এরপর রুট ৩৮৯ ধরে উত্তরে এগোলে দেখা মেলে ম্যানিক-২ জলবিদ্যুৎ বাঁধের। গ্রীষ্মকালে হাইড্রো-ক্যুবেক পরিচালিত এই কেন্দ্র এবং এর উজানে অবস্থিত আরও বড় ম্যানিক-৫ বাঁধ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। সেখানে বিনা মূল্যে গাইডের সঙ্গে ঘুরে দেখার সুযোগ রয়েছে।

ম্যানিকুয়াগান নদীর ওপর ১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে মোট চারটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। বাঁধগুলির কারণে নদীর পানি আটকে তৈরি হয় বিশাল জলাধার। সেই পানি ধীরে ধীরে ভরাট করে ফেলে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি প্রাচীন গহ্বর। মাঝখানের পাহাড়ি অংশকে ঘিরে তৈরি হয় সেই বিশাল জলবলয়, যা আজ মহাকাশ থেকেও দেখা যায়। গহ্বরটি পানিতে পূর্ণ হতে সময় লেগেছিল নয় বছর। এই প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমাণ মাটি সরানো, বিস্ফোরণ ঘটানো এবং জটিল প্রকৌশলকাজ করতে হয়েছিল।

ম্যানিক-২ থেকে আরও ১৯১ কিলোমিটার উত্তরে অবস্থিত ম্যানিক-৫ বাঁধ। বিশ্বের বৃহত্তম মাল্টিপল-আর্চ অ্যান্ড বাট্রেস ধরনের এই বাঁধের বিশাল কংক্রিটের কাঠামো যেমন দৃষ্টিনন্দন, তেমনই বিস্ময়কর এর নির্মাণশৈলী।

বাঁধের আশপাশের উপত্যকায় ১৯৬০-এর দশকে শ্রমিকদের থাকার জন্য গড়ে উঠেছিল অস্থায়ী একটি শহর। নদীর বিশাল জলপ্রবাহকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর জন্য সেখানে কাজ করতেন বহু মানুষ। বাঁধের ছোট জাদুঘরে তাঁদের পরিবারের জীবনের নানা মুহূর্তের ছবি সংরক্ষিত রয়েছে। বরফের মধ্যে শিশুদের খেলা, গির্জায় যাওয়া কিংবা সামাজিক মিলনকেন্দ্রে সময় কাটানোর দৃশ্য সেই সময়ের জীবনযাত্রার পরিচয় দেয়।

এই জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরেই দুর্গম অঞ্চলে তৈরি হয়েছিল সড়ক যোগাযোগ। পরবর্তী সময়ে সেই সড়কেরই একটি অংশ হয়ে ওঠে রুট ৩৮৯। একদিকে কোটি কোটি বছরের পুরোনো উল্কাপিণ্ডের আঘাতে তৈরি প্রাকৃতিক বিস্ময়, অন্যদিকে মানুষের প্রকৌশল দক্ষতায় গড়ে ওঠা বিশাল বাঁধ—সব মিলিয়ে ম্যানিকুয়াগান ভ্রমণ যেন প্রকৃতি ও প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন।