নিজের চারপাশের অদৃশ্য আভা সম্পর্কে জানার দিন

প্রতিটি মানুষের চারপাশে নাকি রয়েছে এক অদৃশ্য আলোকচ্ছটা, যার নাম ‘অরা’। বিশ্বাস করা হয়, এই আভার রং, আকার ও বিস্তার মানুষের মনের অবস্থা বা আবেগের সঙ্গে বদলে যায়। বহু শতাব্দী ধরেই বিভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসে মানুষের শরীর ঘিরে থাকা এই রহস্যময় শক্তিক্ষেত্রের কথা প্রচলিত। অরা অ্যাওয়ারনেস ডে সেই অদৃশ্য আভা সম্পর্কে সচেতনতা তৈরি এবং এর ধারণাকে উদ্‌যাপনের একটি বিশেষ দিন।

অরা সম্পর্কে জানুন

দিনটি উদ্‌যাপনের প্রথম ধাপ হতে পারে অরা সম্পর্কে জানা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক মানুষের নিজস্ব অরা রয়েছে। এই বিশ্বাসের অনুসারীরা মনে করেন, নেতিবাচকতা থেকে মুক্ত থেকে অরাকে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাখা জরুরি।

অরার যত্ন নিন

শরীরের সুস্থতার জন্য যেমন নিয়মিত যত্ন প্রয়োজন, তেমনই অরার যত্ন নেওয়ার ওপরও গুরুত্ব দেন এর অনুসারীরা। ধ্যান, প্রার্থনা কিংবা বিশেষ কিছু ব্যায়ামের মাধ্যমে নিজের শক্তিক্ষেত্রের ভারসাম্য বজায় রাখা যায় বলে তাদের বিশ্বাস। নিয়মিত ধ্যান ও মনোসংযোগের অভ্যাস মানসিক প্রশান্তি পেতেও সাহায্য করতে পারে।

নিজের অনুভূতি বুঝতে শিখুন

অরায় বিশ্বাসীদের মতে, মানুষের আবেগ ও মানসিক অবস্থার সঙ্গে এর রং ও আকারের পরিবর্তন ঘটে। নিজের অরা সম্পর্কে জানার চেষ্টা করলে নিজের অনুভূতি ও মানসিক অবস্থাকে আরও ভালোভাবে বোঝা সম্ভব বলে তাঁরা মনে করেন। তাঁদের বিশ্বাস, অরা মানুষের অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন এবং জীবনের নানা পরিস্থিতি উপলব্ধি করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

অরা সম্পর্কে প্রচলিত ধারণা

বিভিন্ন ধর্মে সাধু-সন্তদের মাথার চারপাশে আলোকবলয় বা জ্যোতির ছবি দেখা যায়। অরার সঙ্গে সেই আলোকচ্ছটার তুলনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অরা যত উজ্জ্বল ও বিস্তৃত, মানুষের শক্তি বা ব্যক্তিত্বও তত বেশি। বয়স বা লিঙ্গনির্বিশেষে প্রত্যেক মানুষেরই অরা রয়েছে বলে মনে করা হয়।

কেউ কেউ দাবি করেন, বিশেষ প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে নিজের বা অন্যের অরা অনুভব করা কিংবা দেখতে পাওয়া সম্ভব। আবার কাউকে খুব আনন্দিত বা প্রেমে মগ্ন দেখলে আমরা অনেক সময় বলি, তার মুখে যেন আলো ঝলমল করছে। মঞ্চে কোনও শিল্পীর অসাধারণ পরিবেশনার পর তাকে ‘উজ্জ্বল’ বা ‘দীপ্তিময়’ বলেও বর্ণনা করা হয়। অরায় বিশ্বাসীরা এমন অনুভূতিকেও মানুষের চারপাশের আভা উপলব্ধির সঙ্গে যুক্ত করেন।

অরা অ্যাওয়ারনেস ডে-র ইতিহাস

অরার ধারণা ভারতীয় ধর্ম ও দর্শনে বহু প্রাচীন। হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় চিন্তায় অরার বিভিন্ন রঙের সঙ্গে কুণ্ডলিনী শক্তি ও চক্রের সম্পর্কের কথা বলা হয়। বৌদ্ধধর্মে বুদ্ধের আলোকপ্রাপ্তির প্রতীক হিসেবেও বিভিন্ন রঙের ব্যবহার দেখা যায়। খ্রিস্টান ও ইসলাম ধর্মীয় শিল্পকলাতেও পবিত্র ব্যক্তিদের মাথার চারপাশে আলোকবলয় বা জ্যোতির উপস্থিতি লক্ষ করা যায়।

ব্রিটিশ গুপ্তবিদ্যাচর্চাকারী ডব্লিউ ই বাটলার অরার সঙ্গে অতীন্দ্রিয় উপলব্ধির সম্পর্কের কথা বলেছিলেন। তার ধারণা ছিল, অরা মানুষের শারীরিক স্বাস্থ্যের অবস্থারও দৃশ্যমান ইঙ্গিত দিতে পারে।

২০০২ সালে অরা অ্যাওয়ারনেস ডে চালু হয়। লেখক, বক্তা ও লাইফ কোচ সিনথিয়া সু লারসন এই দিবসের সূচনার সঙ্গে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। অরা সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানুষের সুস্থতা ও ভালো থাকার ক্ষেত্রে এর গুরুত্ব নিয়ে আলোচনা করাই ছিল দিবসটির অন্যতম উদ্দেশ্য।

এই দিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন জায়গায় সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। সেখানে অরা সম্পর্কে ধারণা, তা অনুভব করার বিভিন্ন পদ্ধতি এবং এ বিষয়ে প্রচলিত বিশ্বাস নিয়ে আলোচনা হয়।

তবে মনে রাখা জরুরি, অরার রং বা আকারের সঙ্গে মানুষের স্বাস্থ্য, ভাগ্য কিংবা রোগ নিরাময়ের সম্পর্কের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিষয়টি মূলত আধ্যাত্মিক ও বিশ্বাসভিত্তিক ধারণা।