বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন

ফ্রিজের একেকটি তাকের পেছনে এমন কিছু জায়গা থাকে, যেখানে দিনের পর দিন পড়ে থাকে পুরোনো খাবার। অনেক সময় সেসব খাবারের কথা মনেও থাকে না। পরে খুঁজতে গিয়ে দেখা যায়, কোনও খাবারে ছত্রাক ধরেছে, কোনোটি নষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের পর বেঁচে যাওয়া খাবারেরও প্রায় একই পরিণতি হয়। একসময় সেগুলো জায়গা পায় ময়লার ঝুড়িতে। ফ্রিজ পরিষ্কার রাখা এবং খাবারের অপচয় কমানোর সচেতনতা তৈরির উদ্দেশেই পালিত হয় ‘থ্রো আউট ইওর লেফটওভারস ডে’ বা বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার দিন।

এ প্রসঙ্গে মার্কিন লেখক ক্যালভিন ট্রিলিনের একটি মজার উক্তি রয়েছে। তিনি লিখেছেন, ‘আমার মায়ের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তিনি টানা ৩০ বছর পরিবারকে কেবল আগের দিনের বেঁচে যাওয়া খাবারই পরিবেশন করেছেন। অথচ সেই মূল খাবারটি কী ছিল, তা আজও খুঁজে পাওয়া যায়নি।’

যেভাবে শুরু হলো এই দিবস

সারা বছরই অনেক বাড়িতে খাবার সংরক্ষণের পর তা ভুলে যাওয়ার ঘটনা ঘটে। ফ্রিজের প্লাস্টিকের বক্স কিংবা খাবার ঢেকে রাখা প্লেটের আড়ালে পড়ে থেকে একসময় সেসব খাবার নষ্ট হয়ে যায়। খাবারের অপচয়ের পেছনে রয়েছে কয়েকটি কারণ।

এর অন্যতম হলো প্রয়োজনের তুলনায় বেশি খাবার কেনা ও রান্না করা। পরিবার বা অতিথিদের জন্য ঠিক কতটা খাবার প্রয়োজন, তা হিসাব করা অনেকের কাছেই কঠিন। ফলে খাবার কম পড়ে যাওয়ার আশঙ্কায় প্রয়োজনের চেয়ে বেশি রান্না করা হয়। পরে অতিরিক্ত খাবার ফ্রিজে তুলে রাখা হলেও অনেক সময় সেগুলোর কথা আর মনে থাকে না।

আরেকটি কারণ হলো, আগের দিনের খাবারকে অনেকেই বাসি বা কম সুস্বাদু মনে করেন। তাদের ধারণা, সদ্য রান্না করা খাবারের মতো আগের দিনের খাবার আর ভালো থাকে না। তবে এই ধারণা সব ক্ষেত্রে ঠিক নয়। পিৎজার মতো অনেক খাবার পরদিন গরম করে খেলেও বেশ সুস্বাদু লাগে। তাই খাবার সংরক্ষণ, পরে তা খাওয়ার অভ্যাস এবং প্রয়োজন অনুযায়ী রান্নার পরিমাণ নির্ধারণের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

‘থ্রো আউট ইওর লেফটওভারস ডে’ পুরোনো ও নষ্ট হয়ে যাওয়া খাবার সরিয়ে ফেলার পাশাপাশি খাবারের অপচয়ের পেছনে থাকা অভ্যাসগুলো নিয়ে ভাবার সুযোগ করে দেয়।

যেভাবে পালন করবেন

দিনটি পালনের প্রথম কাজ হতে পারে ফ্রিজ পরিষ্কার করা। অনেক দিন ধরে পড়ে থাকা খাবার পরীক্ষা করে দেখুন। যেসব খাবার নষ্ট হয়ে গেছে বা খাওয়ার অনুপযোগী, সেগুলো ফেলে দিন। এরপর ফ্রিজ গুছিয়ে নতুন করে খাবার সংরক্ষণের ব্যবস্থা করুন।

পাশাপাশি খাবার কেনা ও রান্নার অভ্যাসেও পরিবর্তন আনতে পারেন। ছাড়ের সুযোগে প্রয়োজনের অতিরিক্ত খাবার কিনে ফেলার প্রবণতা এড়িয়ে চলুন। রান্নার সময় পরিবারের সদস্যসংখ্যা ও প্রত্যেকের খাবারের পরিমাণ বিবেচনা করুন। আগের রান্নায় কতটা খাবার অবশিষ্ট ছিল, সেটিও হিসাবের মধ্যে রাখুন। সে অনুযায়ী পরেরবার রান্নার পরিমাণ কমিয়ে আনুন।

এতে একদিকে যেমন খাবারের অপচয় কমবে, অন্যদিকে বাজারের খরচও সাশ্রয় হবে। মনে রাখতে হবে, ফ্রিজে খাবার তুলে রাখলেই তার অপচয় রোধ হয় না; সময়মতো সেগুলো খাওয়ার পরিকল্পনাও থাকতে হয়।