রাতে নাকি সকালে, কখন চুলে তেল লাগালে বেশি উপকার

চুলের যত্নে তেল ব্যবহার বহু বছরের অভ্যাস। ছোটবেলা থেকে অনেকেই শুনে এসেছেন, নিয়মিত তেল মালিশ করলে চুল লম্বা হয়, গোড়া মজবুত থাকে এবং চুল পড়া কমে। তবে প্রশ্ন হলো, তেল মাখার সঠিক সময় কোনটি—রাতে ঘুমানোর আগে, নাকি সকালে গোসলের আগে?

বিশেষজ্ঞদের মতে, শুধু তেল ব্যবহার করলেই হবে না, কখন এবং কীভাবে তেল লাগানো হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

কেন চুলে তেল লাগাবেন

মাথার ত্বকে হালকা হাতে তেল মালিশ করলে রক্তসঞ্চালন বাড়তে পারে। এতে চুলের ফলিকলে পর্যাপ্ত পুষ্টি ও অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, যা চুলের গোড়া শক্ত রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি তেল চুলের শুষ্কতা কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং চুলকে মসৃণ ও সহজে আঁচড়ানোর উপযোগী করে।

নারকেল, আমলকি বা আর্গান তেল—প্রতিটি তেলেরই আলাদা গুণ রয়েছে। এসব তেলে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বক ও চুলের পরিচর্যায় সহায়ক হতে পারে।

রাতে তেল লাগালে কী উপকার

অনেকেই রাতে হালকা গরম তেল দিয়ে মাথায় মালিশ করতে পছন্দ করেন। এতে শরীর ও মাথা কিছুটা আরাম পায়, মানসিক চাপ কমতে পারে এবং ভালো ঘুমেও সহায়তা করে।

তবে সারারাত মাথায় অতিরিক্ত তেল রেখে ঘুমানোর অভ্যাস সবসময় ভালো নয়। বেশি তেল থাকলে বালিশের ধুলাবালি সহজেই চুলে লেগে যেতে পারে। আবার অতিরিক্ত তৈলাক্তভাব মাথার ত্বকে অস্বস্তি বা চুলকানির কারণও হতে পারে।

সকালে তেল লাগানো কি ভালো

অনেক বিশেষজ্ঞের মতে, গোসলের আগে অল্প সময়ের জন্য তেল লাগানোই বেশি কার্যকর। গোসলের ১৫ মিনিট থেকে এক ঘণ্টা আগে মাথার ত্বকে হালকা মালিশ করে তেল লাগালে চুল প্রয়োজনীয় সুরক্ষা পায়, আবার অতিরিক্ত ধুলো-ময়লাও জমে না।

শুকনো না ভেজা চুল—কোনটিতে তেল লাগাবেন

চুল শুকনো বা সামান্য ভেজা—দুই অবস্থাতেই তেল লাগানো যায়। তবে নারকেল তেলের মতো ঘন তেল সাধারণত শুকনো চুলে ভালো কাজ করে। কারণ, শুষ্ক চুল তেলের পুষ্টি সহজে গ্রহণ করতে পারে।

তবে একটি বিষয় সবসময় মাথায় রাখা জরুরি—মাথার ত্বক ও চুল পরিষ্কার থাকলেই তেল সবচেয়ে ভালোভাবে কাজ করে। তাই ময়লাযুক্ত বা অপরিষ্কার চুলে তেল না লাগিয়ে আগে চুল পরিষ্কার করে নেওয়াই ভালো।

শুধু তেল নয়, দরকার সঠিক অভ্যাসও

চুল সুস্থ রাখতে শুধু তেল লাগানোই যথেষ্ট নয়। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, ভালো ঘুম এবং প্রয়োজন অনুযায়ী চুল পরিষ্কার রাখার অভ্যাসও সমান গুরুত্বপূর্ণ। আর তেল লাগানোর সময় খুব জোরে ঘষাঘষি না করে আঙুলের ডগা দিয়ে হালকা মালিশ করাই সবচেয়ে উপকারী।