উৎসবের টেবিলে রাখুন নারিকেল দিয়ে সুস্বাদু ছোলার ডাল

ছোলার ডাল বাঙালির রান্নাঘরের পরিচিত একটি পদ। তবে সামান্য কিছু উপকরণ যোগ করলেই এই সাধারণ ডাল হয়ে উঠতে পারে বিশেষ স্বাদের। কোরানো নারিকেল আর ঘির সুবাসে তৈরি এই ছোলার ডাল ভাত, লুচি, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ মানিয়ে যায়। উৎসবের দিন হোক বা ছুটির সকালের নাশতা—সহজ এই রেসিপিটি যোগ করতে পারে ভিন্ন মাত্রা।

উপকরণ

  • ছোলার ডাল – আধা কেজি
  • আদা বাটা – ১ চা-চামচ
  • কোরানো নারিকেল – ১ কাপ
  • তেজপাতা – ২–৩টি
  • ঘি – ২ টেবিল চামচ
  • আস্ত জিরা – ১ চা-চামচ
  • শুকনা মরিচ – ৩–৪টি
  • সাদা তেল – ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া – ১/৪ চা-চামচ
  • দারুচিনি – ৩–৪ টুকরা
  • এলাচ – ৫–৬টি
  • লবণ – স্বাদমতো

প্রণালি

প্রথমে ছোলার ডাল ভালোভাবে ধুয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ডালের সঙ্গে আদা বাটা, হলুদ গুঁড়া, লবণ, তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে সেদ্ধ করুন। খেয়াল রাখবেন, ডাল যেন সেদ্ধ হলেও একেবারে গলে না যায়।

অন্য একটি কড়াইয়ে তেল গরম করে আস্ত জিরা, শুকনা মরিচ ও তেজপাতার ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বের হলে সেদ্ধ ডাল ঢেলে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন।

এদিকে আলাদা প্যানে সামান্য ঘিতে কোরানো নারিকেল হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর ভাজা নারিকেল ডালের সঙ্গে মিশিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন। সবশেষে বাকি ঘি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।