পুষ্টি ও স্বাদ একসঙ্গে মিলবে ডাব–চিংড়ির সালাদে

গরমের দিনে ভারী খাবারের বদলে চাইলে তৈরি করতে পারেন পুষ্টিকর ও ভিন্ন স্বাদের ডাব–চিংড়ির সালাদ। ডাবের শাঁস, চিংড়ি, তাজা সবজি আর নুডলসের মিশেলে এটি হতে পারে দুপুর বা সন্ধ্যার হালকা খাবারের দারুণ একটি পদ। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের জন্য স্বাস্থ্যকর কিছু পরিবেশন করতে চাইলে এই সালাদ হতে পারে চমৎকার পছন্দ।

উপকরণ

  • চিংড়ি মাছ – ১০০ গ্রাম
  • সেদ্ধ নুডলস – ১ কাপ
  • সেদ্ধ ডিম – ১টি
  • টমেটো – ১টি (কুচি করা)
  • পেঁয়াজ কুঁচি – আধা কাপ
  • পেঁয়াজ পাতা কুঁচি – আধা কাপ
  • সেদ্ধ বরবটি – আধা কাপ
  • কাঁচামরিচ কুঁচি – ২–৩টি
  • ডাবের শাঁস – ১ কাপ
  • সালাদ ড্রেসিং – ১ টেবিল চামচ
  • মাখন – ২ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো

প্রণালি

প্রথমে একটি ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ মাখন গরম করে চিংড়ি মাছ হালকা ভেজে তুলে রাখুন।

এরপর একই প্যানে বাকি মাখন দিয়ে পেঁয়াজ, টমেটো, বরবটি, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ ও সেদ্ধ নুডলস হালকা আঁচে ২–৩ মিনিট নেড়ে নিন।

এবার একটি বড় বাটিতে ভাজা চিংড়ি, ভাজা সবজি-নুডলস, ডাবের শাঁস, সালাদ ড্রেসিং ও লবণ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন।

সবশেষে সেদ্ধ ডিম টুকরো করে ওপর থেকে সাজিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।