শুধু মেয়াদ নয়, সংরক্ষণের ভুলেও নষ্ট হতে পারে ওষুধ—বর্ষায় প্রয়োজন বাড়তি সতর্কতা

বর্ষা মানেই শুধু সর্দি-কাশি বা সংক্রমণের ঝুঁকি নয়, বাড়িতে রাখা ওষুধও এই সময়ে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। ভ্যাপসা গরম এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় ট্যাবলেট, ক্যাপসুল, এমনকি ইনসুলিনের কার্যকারিতাও কমে যেতে পারে। তাই এই মৌসুমে ওষুধ সংরক্ষণে বাড়তি সতর্কতা জরুরি বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

বর্ষাকালে অনেকেই লক্ষ্য করেন, ট্যাবলেট নরম বা চটচটে হয়ে যাচ্ছে, ক্যাপসুলের গঠনও বদলে যাচ্ছে। চিকিৎসকদের মতে, এর প্রধান কারণ বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প। ওষুধের স্ট্রিপ থেকে একটি ট্যাবলেট বের করার সময় যদি প্যাকেটের অন্য অংশে ফাঁক তৈরি হয়, তবে সেই পথ দিয়ে আর্দ্রতা ঢুকে বাকি ওষুধও নষ্ট হতে পারে।

বেঙ্গালুরুর চিকিৎসক অরবিন্দ এসএনের মতে, ট্যাবলেট বা ক্যাপসুল আর্দ্রতা শোষণ করলে দ্রুত কার্যকারিতা হারাতে শুরু করে। তখন সেগুলো নরম, চটচটে বা বিকৃত হয়ে যেতে পারে। কিছু ওষুধ আবার তাপ-সংবেদনশীল হওয়ায় সামান্য বেশি গরমেও নষ্ট হয়ে যায়। ইনসুলিন, ভ্যাকসিন, কিছু সিরাপ ও নির্দিষ্ট ধরনের ট্যাবলেট এই তালিকায় রয়েছে। তাই এসব ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে প্যাকেটে দেওয়া নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব ওষুধ ফ্রিজে রাখার কথা উল্লেখ থাকে, সেগুলো অবশ্যই নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

বিশেষজ্ঞরা জানান, জানালার ধারে বা এমন জায়গায় ওষুধ রাখা উচিত নয়, যেখানে সরাসরি রোদ বা বৃষ্টির ছিটেফোটা লাগতে পারে। এমনকি জানালা বন্ধ থাকলেও সেখান দিয়ে তাপ প্রবেশ করতে পারে, যা ওষুধের গুণাগুণ নষ্ট করতে পারে।

কীভাবে ওষুধ সংরক্ষণ করবেন

  • ওষুধ সবসময় শুষ্ক, ঠান্ডা এবং সরাসরি রোদ পড়ে না—এমন জায়গায় রাখুন।
  • ইস্ত্রি, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেইটনার বা তাপ উৎপন্ন করে এমন বৈদ্যুতিক যন্ত্রের পাশে ওষুধ রাখবেন না।
  • ওষুধের স্ট্রিপ থেকে ট্যাবলেট বের করার সময় এমনভাবে কাটুন, যাতে অন্য অংশ দিয়ে বাতাস বা আর্দ্রতা ঢুকতে না পারে। ফাঁক তৈরি হলে সেটি ভালোভাবে মুড়ে রাখুন।
  • নিয়মিত সঙ্গে ওষুধ বহন করলে কাগজের খামের বদলে বায়ুনিরোধী পাত্র বা কৌটা ব্যবহার করুন।
  • ব্যাগে রাখা ওষুধ বৃষ্টির পানিতে ভিজে গেলে বা অতিরিক্ত গরমে থাকলে তা ব্যবহার না করে আগে ভালোভাবে পরীক্ষা করুন।

ইনসুলিন সংরক্ষণে বাড়তি সতর্কতা

ডায়াবেটিসের চিকিৎসক প্রণব ঘোড়ির মতে, ইনসুলিন কোথায় এবং কীভাবে রাখতে হবে, তা সাধারণত প্যাকেটের গায়েই উল্লেখ থাকে। বেশির ভাগ ইনসুলিন নির্দিষ্ট সময় পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা গেলেও সরাসরি রোদ, অতিরিক্ত গরম বা বৃষ্টির পানির সংস্পর্শে এলে তা নষ্ট হয়ে যেতে পারে। কিছু ধরনের ইনসুলিন আবার অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে হয়। তাই ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া এবং সেই অনুযায়ী সংরক্ষণ করাই সবচেয়ে নিরাপদ।