বর্ষায় এসি ঠিকমতো কাজ করছে না? কারণ ও প্রতিকার জানুন

বর্ষাকালে অনেকেরই একই অভিযোগ—এসি ১৮ ডিগ্রিতে সেট করেও ঘর যেন ঠান্ডা হতে চায় না। ফলে অনেকেই ধরে নেন, যন্ত্রে সমস্যা হয়েছে বা গ্যাস কমে গেছে। তবে সব সময় এমনটা নাও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষার অতিরিক্ত আর্দ্রতাই অনেক সময় এসির কার্যকারিতা কমিয়ে দেয়। কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে ঘর দ্রুত ঠান্ডা হবে, পাশাপাশি বিদ্যুতের বিলও কিছুটা কমানো সম্ভব।

কেন কমে যায় এসির কার্যকারিতা?

বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। তাই এসিকে শুধু বাতাস ঠান্ডা করলেই হয় না, একই সঙ্গে বাতাসের আর্দ্রতাও কমাতে হয়। এই অতিরিক্ত কাজের কারণেই ঘর ঠান্ডা হতে তুলনামূলক বেশি সময় লাগে। ফলে অনেকের মনে হয়, এসি ঠিকমতো কাজ করছে না।

কী করলে এসি আরও কার্যকর হবে?

ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন

এসি ফিল্টারে ধুলো জমে গেলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। এতে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয় এবং শীতল হতে সময় লাগে। তাই বর্ষাকালে নির্দিষ্ট সময় পরপর ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন।

দরজা-জানালা বন্ধ রাখুন

এসি চলার সময় দরজা বা জানালা খোলা থাকলে বাইরে থেকে গরম ও আর্দ্র বাতাস ঘরে ঢোকে। এতে এসিকে বারবার একই কাজ করতে হয়, ফলে বিদ্যুৎ খরচও বেড়ে যায়।

‘ড্রাই মোড’ ব্যবহার করুন

অনেকেই দ্রুত ঠান্ডার আশায় তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামিয়ে দেন। কিন্তু বর্ষায় ২৪ থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রাই সাধারণত যথেষ্ট। এর সঙ্গে ‘ড্রাই মোড’ চালু করলে বাতাসের আর্দ্রতা কমে এবং ঘর আরও আরামদায়ক লাগে।

সিলিং ফ্যান চালান

এসি চলার সময় কম গতিতে সিলিং ফ্যান চালালে ঠান্ডা বাতাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘর দ্রুত শীতল হয় এবং এসির ওপর চাপও কিছুটা কমে।

আউটডোর ইউনিট পরিষ্কার রাখুন

এসি-র বাইরের ইউনিটে ধুলো, শুকনো পাতা বা ময়লা জমে থাকলে তাপ বের হতে বাধা সৃষ্টি হয়। ফলে যন্ত্রের শীতল করার ক্ষমতা কমে যেতে পারে। তাই এই অংশটিও নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

সময়মতো সার্ভিসিং করান

দীর্ঘদিন এসির সার্ভিসিং না হলে, ফিল্টার ও কয়েল অপরিষ্কার থাকলে বা রেফ্রিজারেন্ট গ্যাসের পরিমাণ কমে গেলে শীতল করার ক্ষমতা কমে যেতে পারে। তাই মৌসুম শুরুর আগে বা নিয়মিত বিরতিতে পেশাদার টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করিয়ে নেওয়াই ভালো।

শুধু তাপমাত্রা কমালেই সমাধান নয়

অনেকেই মনে করেন, তাপমাত্রা যত কম সেট করা হবে, ঘর তত দ্রুত ঠান্ডা হবে। বাস্তবে বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা তাপ নয়, আর্দ্রতা। তাই এসির সঠিক মোড ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ঘর যতটা সম্ভব বন্ধ রাখার মতো ছোট ছোট অভ্যাসই যন্ত্রের কার্যকারিতা বাড়াতে এবং বিদ্যুতের খরচ কমাতে সাহায্য করতে পারে।