চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মাননাগুলোর একটি লু সুন সাহিত্য পুরস্কার জিতেছেন ৫৬ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার ও কবি ওয়াং জিবিং। তার কাব্যগ্রন্থ ‘লো ফ্লাইট’ কবিতা বিভাগে এ পুরস্কার পেয়েছে।
পূর্ব জিয়াংসু প্রদেশে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও নিজের সহকর্মীদের অভিজ্ঞতা থেকে কবিতার উপাদান সংগ্রহ করেন ওয়াং। ডেলিভারি রাইডারদের প্রতিদিনের লড়াই, ক্লান্তি, স্বপ্ন ও টিকে থাকার গল্পই উঠে এসেছে তার কবিতায়।
‘লো ফ্লাইট’ লেখার আগে তিনি ১৪০ জনের বেশি সহকর্মী ডেলিভারি রাইডারের সাক্ষাৎকার নেন। পাশাপাশি প্রশ্নপত্রের মাধ্যমে ৬০টির বেশি উত্তর সংগ্রহ করেন। চায়না রাইটার্স অ্যাসোসিয়েশনের মূল্যায়নে বলা হয়, সহজ-সরল ও আন্তরিক ভাষায় লেখা এসব কবিতা ডেলিভারিকর্মীদের অন্তর্জগতের জীবন্ত ছবি তুলে ধরেছে।
পুরস্কার পাওয়ার পরও ডেলিভারি রাইডারের কাজ ছাড়তে চান না ওয়াং। তিনি বলেন, সংসার চালানোর জন্য এখন আর এ কাজ করার প্রয়োজন নেই; তবে কাজের পরিবেশ তার ভালো লাগে এবং এতে শরীরও ফিট থাকে। তিনি সাধারণ জীবনযাপন করতে চান এবং সাধারণ মানুষের গল্প লিখে যেতে চান।
দরিদ্র পরিবারের সন্তান ওয়াং ছোটবেলাতেই পড়াশোনা ছেড়ে নানা ধরনের কাজ শুরু করেন। রাজমিস্ত্রি ও আবর্জনা সংগ্রাহক হিসেবে কাজ করার পর ২০১৯ সালে ফুড ডেলিভারি রাইডার হন। পড়াশোনা বেশি দূর এগোয়নি, কিন্তু বই পড়ার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। বছরের পর বছর ধরে তিনি ছয় হাজারের বেশি কবিতা লিখেছেন।
‘লো ফ্লাইট’ তার তৃতীয় কাব্যগ্রন্থ। ২০২৪ সালে প্রকাশিত বইটির আগে তার আরও দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আগামী ডিসেম্বরে বইটির ইংরেজি অনুবাদও প্রকাশিত হওয়ার কথা।