আন্তর্জাতিক সম্মেলন ‘ব্রিজিং কালচারস: অ্যাডভান্সড ডিসকোর্সেস (আইসিবিসি ২০২৬)’-এর তৃতীয় দিনে চারটি অনলাইন প্যারালাল সেশনে ২৫টি গবেষণাপত্র উপস্থাপন করেছেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা।
সোমবার সিটি ইউনিভার্সিটিতে আয়োজিত এসব সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকেরা অংশ নেন। এতে সাহিত্য, সংস্কৃতি, অনুবাদ, তুলনামূলক সাহিত্য, সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উপনিবেশবাদ, অভিবাসন, পরিচয় ও সাংস্কৃতিক স্মৃতির নানা দিক নিয়ে আলোচনা হয়।
গবেষণাপত্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভাষা শিক্ষা ও একাডেমিক লেখালেখি, নিউরোকগনিটিভ ভাষা প্রক্রিয়াকরণ, ডিজিটাল নজরদারি, সামাজিক যোগাযোগমাধ্যমে সাংস্কৃতিক পরিচয় নির্মাণ, পরিবেশগত পরিবর্তন এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্যের মতো সমসাময়িক বিষয়ও গুরুত্ব পায়।
এ ছাড়া বাংলা ও বিশ্বসাহিত্যের তুলনামূলক বিশ্লেষণের পাশাপাশি নদী, পরিবেশ, নগরজীবন, প্রান্তিক জনগোষ্ঠী, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় শোষণ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে গবেষণাও উপস্থাপিত হয়। বিভিন্ন শাস্ত্রের গবেষকদের অংশগ্রহণ সম্মেলনের আন্তবিষয়ক জ্ঞানচর্চার পরিসরকে সমৃদ্ধ করেছে।
গবেষণাপত্র উপস্থাপনা ও আলোচনায় সমকালীন বৈশ্বিক বাস্তবতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং নতুন গবেষণার সম্ভাবনা উঠে আসে।
আইসিবিসি ২০২৬ যৌথভাবে আয়োজন করছে সিটি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়টির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, আইবিসি ফাউন্ডেশন এবং আইডিয়াস জার্নাল। আগামী ২৬ নভেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী সরাসরি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে।