ধানসিড়ি সম্পাদক মুহম্মদ মুহসিনের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন আহসান হাবীবের উপর প্রথম পূর্ণাঙ্গ সমালোচনা গ্রন্থের প্রণেতা কবি ও প্রাবন্ধিক তুষার দাশ।
সেমিনারে ‘আহসান হাবীব : ব্রাউনিং-এর স্বরের বাঙালি অভিযোজন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত গবেষক ফাহিমা ইয়াসমিন কেয়া।
উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার ইন্সটিটিউটের চেয়ারম্যান কবি শামীম রেজা, কবি হারিস মিজান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষকগণ, অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, নগরীর সরকারি কলেজসমূহের বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ।
আলোচকরা বলেন, আমাদের জানা মতে কবি আহসান হাবীবের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহত্তর বরিশালে ‘আড্ডা ধানসিড়ি’ই এযাবৎ একটি একাডেমিক সেমিনার ও উৎসবের আয়োজন করেছে।
সেই সাথে অকাল প্রয়াত কবি আবুল হাসানকে নিয়েও আলোচনা ও চর্চা করতে উদ্যেগী হওয়ার জন্য তারা ‘আড্ডা-ধানসিড়ি’কে অনুরোধ করেন।
আড্ডা ও সেমিনার শেষে আড্ডা ধানসিড়ির আড্ডারুগণ অনুষ্ঠানের ব্যানার ও টি-শার্ট পরে শোভাযাত্রা করে মুক্তিযোদ্ধা পার্কে উপস্থিত হন।
সেখান থেকে অপরাহ্নে উৎসবের আমেজে আড্ডারুগণ কীর্তনখোলায় নৌভ্রমণে বের হন এবং নেচে গেয়ে একটি উৎসবময় দিন অতিবাহিত করেন।