গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে একটি সাহিত্য অনুষ্ঠানে কবি অহ নওরোজের কবিতার বই ‘সান্ধ্যসনেটসমূহ’-এর পাঠ-উন্মোচন করা হয়েছে।
বইটি প্রকাশ করেছে কলকাতার প্রকাশনা প্রতিষ্ঠান ‘অভিযান পাবলিশার্স’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি চঞ্চল আশরাফ, কবি শামসেত তাবরেজী, অনুবাদক কবির চান্দ, প্রকাশক ষড়ৈশ্বর্য মুহম্মদ, বইটির প্রকাশক মারুফ হোসেন, কবি জাহিদ সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কবি নীলিমা নূর বই থেকে একটি কবিতা পাঠ করেন। এই পাঠের মধ্য দিয়েই আনুষ্ঠানিক পাঠ উন্মোচন হয়।
সূচনা বক্তব্যে জাহিদ সোহাগ ‘সান্ধ্যসনেটসমূহ’র ছন্দ ও বিষয় নিয়ে কথা বলেন।
স্বাগত বক্তব্য দেন ষড়ৈশ্বর্য মুহম্মদ।
কবির চান্দ অহ নওরোজের কবিতায় শব্দ ও ছন্দের ব্যবহার বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন।
রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘অহ নওরোজের মতো তরুণ কবিরা ছন্দ চর্চা করছে এটা বাংলা কবিতার জন্য ভালো লক্ষণ।’
দ্বিতীয় পর্বে ছিল ‘এই সময়ের কবিতা: রূপ-রূপান্তর’ শিরোনামে কবিতাবিষয়ক আলোচনা। কবিতার বিশ্লেষণমূলক আলোচনা করেন চঞ্চল আশরাফ ও শামসেত তাবরেজী। শেষ পর্বে ছিল এই সময়ের প্রতিনিধিত্বশীল কবিদের কবিতাপাঠ।
অহ নওরোজের জন্ম যশোর জেলার অভয়নগরে। তিনি ঢাকায় সম্পাদনা পেশার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ভাষাতত্ত্ব ও জার্মান সাহিত্য নিয়ে অধ্যয়নরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, “অতিলৌকিক কবিতাসমূহ” (জার্মান-বাংলা দ্বিভাষিক), “কম্বুরেখপদাবলি” উল্লেখযোগ্য। তিনি ২০২১ সালে পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার লাভ করেন।