প্রেম, কাম ও বিকার নিয়ে রচিত ‘কয়েকজন দেহ’ : স্বকৃত নোমান

প্রশ্ন : প্রতিবারের মতো এবারও কি বই মেলায় আপনার একাধিক বই প্রকাশিত হয়েছে?
স্বকৃত নোমান : তিনটি বই প্রকাশিত হয়েছে। নতুন গল্পগ্রন্থ ‘কয়েকজন দেহ’, ‘রাজনটী’ উপন্যাসের যুগপূর্তি সংস্করণ এবং ‘উজানবাঁশি’ উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে

প্রশ্ন : নতুন গল্পগ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে পাঠকদের কিছু বলুন। 
স্বকৃত নোমান : ‘কয়েকজন দেহ’ গত দুই বছরে লেখা পনেরোটি গল্পের সংকলন। প্রেম সর্বোৎকৃষ্ট মানবীয় অনুভূতি। এ কেবলই অনুভূতি, ক্রিয়া নয়। প্রেমের পরবর্তী ধাপ কাম। এ কেবল অনুভূতি নয়, ক্রিয়াও। এই ক্রিয়ার মাধ্যমে অব্যাহত রয়েছে সৃষ্টি-প্রক্রিয়া। কিন্তু কামের রয়েছে শৃঙ্খলা। কাম যখন প্রেমবর্জিত ও শৃঙ্খলাচ্যূত হয়- তখন ঘটে এর বিকার। নারী-পুরুষের দেহকেন্দ্রিক প্রেম, কাম ও বিকার নিয়ে রচিত এ বইয়ের অধিকাংশ গল্প। বাকি গল্পগুলো মানবেতর প্রাণিসহ নানা বিষয়ে রচিত। পনেরোটি গল্প নিয়ে পঞ্চম গল্পের বই ‘কয়েকজন দেহ’।

প্রশ্ন : নতুন নতুন ভাবনা নিয়ে গল্প লেখার প্রেরণা পান কীভাবে?
স্বকৃত নোমান : লেখালেখি আমার দৈনন্দিন কাজ। উপন্যাস ও গল্প লেখাই আমার প্রধান কাজ। কখনো দৈনিক পত্রিকার জন্য, কখনো আন্তরাত্মার তাড়নায় কখনওবা কোনো ঈদ সংখ্যায় সম্পাদকের তাড়নায় গল্পগুলো লেখা হয়েছে।
‘কয়েকজন দেহ’র গল্পগুলো লিখেছি বাংলাদেশের সমাজে বিরাজমান নানা বাস্তবতাকে তুলে ধরতে। গল্পগুলোর বিষয় আমাদের সমাজে বিদ্যমান। আমি সেগুলোকে গল্পের রূপ দিয়েছি কেবল। আর ‘রাজনটী’ উপন্যাসটি এক যুগ আগে লেখা। পাঠকের চাহিদা বিবেচনায় এবার প্রকাশিত হলো এর যুগপুর্তি সংস্করণ। ‘উজানবাঁশি’ ২০২১ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি দুটি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়। বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার এবং আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার।

বইয়ের তথ্য:
বইয়ের নাম : কয়েকজন দেহ
প্রকাশনী : পাঠক সমাবেশ
দাম : ৪৯৫ টাকা
স্টল : প্যাভিলিয়ন ৭

বইয়ের নাম : উজানবাঁশি
প্রকাশনী : পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
দাম : ৮৫০ টাকা
স্টল : প্যাভিলিয়ন ৯