অমর একুশে গ্রন্থমেলা ২০২৩

গল্পগুলো নারী ইস্যুতে লেখা, থ্রিলার ধর্মীও : মোজাফফর হোসেন

প্রশ্ন : এ বছর বইমেলায় আপনার কি নতুন বই এসেছে?
উত্তর : হ্যাঁ, আমার দুটো গল্প সংকলন প্রকাশিত হয়েছে। পাঠক সমাবেশ থেকে ‘বানোয়াট জীবনের বাস্তব গল্পগুলো’ অন্যটি “নো ওম্যান'স ল্যান্ড” পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে। 

প্রশ্ন : কী কী গল্প থাকছে বইগুলোতে? 
উত্তর : ‘বানোয়াট জীবনের বাস্তব গল্পগুলো’য় আমার বিভিন্ন সময়ে লেখা ছোটগল্পগুলো সংকলিত হয়েছে। এ সংকলনে ৬টি গল্পগ্রন্থের মোট ৮০টির মতো গল্প রয়েছে। 
“নো ওম্যান'স ল্যান্ড” নতুন বই, এতে ১৭টি গল্প আছে। গল্পগুলো নারী ইস্যুতে লেখা এবং একটু থ্রিলার ধর্মীও বটে- সাইকো থ্রিলার। কিছু চরিত্র আছে যারা একটু ভায়োলেন্সের মাধ্যমে কাজ করে নারী ইস্যুতে। সেরকম প্লট থেকেই গল্পগুলো লেখা।

প্রশ্ন : নারী ইস্যুতে গল্প লেখার ভাবনা কীভাবে এলো?
উত্তর : সেন্ট্রাল থিম মূলত রেইপ, ভায়োলেন্স এবং উপস্থিত বুদ্ধি নিয়ে লেখা। এই থিমের বাইরেও কিছু গল্প আছে। 

প্রশ্ন : বইমেলা কেন্দ্রিক বই প্রকাশের ব্যাপারটিকে কীভাবে দেখেন?
উত্তর : আমি নিজে বইমেলা কেন্দ্রিক বই করি না। বইমেলা হচ্ছে উৎসব, বইমেলার মাধ্যমে আমরা উদযাপন করি প্রকাশনা শিল্পকে। বই সারাবছরই প্রকাশিত হওয়া উচিত এবং সেটাই বাঞ্চনীয়। কারণ এতে বইয়ের কোয়ালিটি এবং প্রকাশনার মান ভালো থাকে। 
এই যে বইমেলার আগে প্রয়োজনীয় সবকিছুর মূল্য বৃদ্ধি পায়, তাতে সেটা হবে না আর। এছাড়া সময় স্বল্পতার জন্য- ভালো প্রুফ রিডিং হয় না, প্রচ্ছদ শিল্পীরাও খুব তাড়াহুড়ো করে কাজ করেন; ফলে অসম্পাদিত বই প্রকাশিত হয়। কিন্তু সারাবছর কাজ হলে আমি মনে করি প্রকাশনা, সম্পাদনা, বাইন্ডিং এন্ড ডিজাইন, লেখার মান সব কিছুই ভালো হবে। 

প্রশ্ন : বইমেলা কেন্দ্রিক বই প্রকাশের প্রবণতা কেন এতো বেশি বলে মনে করেন?
উত্তর : আমাদের সিজনাল রাইটারদের জন্য এটা বেশি হয়। দেখা যায়, প্রত্যেক লেখকই সারাবছরই লেখেন- কিন্তু যারা সিজনাল রাইটার তারা মেলা-কেন্দ্রিক লেখেন এবং তারা অপেক্ষা করেন মেলার জন্য। সিজনাল পাবলিশার্সও আছে কিছু, যারা মেলা কেন্দ্রিক বই প্রকাশ করে, সারাবছর বই প্রকাশ করে না। তারা হয়তো মেলা শেষে অন্য কাজ করেন, অন্য ব্যবসা করেন। এই দিকটি অবশ্যই প্রকাশনা শিল্পের জন্য ভালো দিক না।

বইয়ের তথ্য:
বইয়ের নাম : বানোয়াট জীবনের বাস্তব গল্পগুলো
প্রকাশনী : পাঠক সমাবেশ
প্রচ্ছদ : আনিসুজ্জামান সোহেল
দাম : ১৫০০ টাকা
স্টল : প্যাভিলিয়ন ৭

বইয়ের নাম : নো ওম্যান'স ল্যান্ড
প্রকাশনী : পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
প্রচ্ছদ : আনিসুজ্জামান সোহেল
দাম : ৪৫০ টাকা
স্টল : প্যাভিলিয়ন ৯