উদয় রহমান পেশায় সফ্টওয়্যার প্রকৌশলী। তার জন্ম বরিশাল শহরে। বড়ো হয়েছেন রাজধানী ঢাকায়। বসবাস করছেন জার্মানিতে। তার লেখা ছোটোগল্প ‘সুর’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাঠকের দৃষ্টি আকৃষ্ট হয়।
উদয় রহমান মূলত গান লেখেন, একই সঙ্গে তিনি কণ্ঠশিল্পীও। স্কুলজীবন থেকেই মাঝে মাঝে গল্প-উপন্যাস লেখার চেষ্টা করেন। বর্তমানে তিনি নিয়মিত লিখছেন ছোটোগল্প। যা পাঠকপ্রিয় হচ্ছে।
আপনার জন্ম বরিশালে, বেড়ে ওঠা ঢাকায়। বরিশাল এবং ঢাকার মধ্যে আপনার মনোজগৎ নির্মাণে কোনটির প্রভাব বেশি?
মনে হয় দুটোই। বরিশালের কথা ভাবলে আগে সেই ছেলেবেলার মানুষগুলোর কথা মনে পড়ে। বরিশালে সরকারি প্রাইমারি স্কুলে পড়তাম। একই বেঞ্চে বসে পড়ছি, অথচ একেকজনের জীবন একেক রকম। বন্ধুদের সঙ্গে মিশতে গিয়েই প্রথম টের পেয়েছি, কিছু সুযোগ আমি কত সহজে পেয়েছি। আমার বাসায় গেমে ভর্তি কম্পিউটার ছিল, গান শেখার হারমোনিয়াম ছিল, গাড়িতে করে স্কুলে আনা-নেওয়ার লোক ছিল। আমার বন্ধু সুজার এসবের কিছুই ছিল না। আমাদের বাসায় এসে এক ঘণ্টা গেম খেলতে পারলেই ওর দিনটা বিশেষ আনন্দে কাটত। আর ছিলেন আমার গানের ওস্তাদ, যিনি আমাকে শেখানোর জন্য জীবনে এক টাকাও নেননি। কী সব অদ্ভুত কথাবার্তা যে বলতেন! 'সুর' গল্পের করিম ওস্তাদের মধ্যে তার ছায়া আছে।
বাবা সরকারি চাকরি করতেন। এগারো বছর বয়সে ঢাকায় আসার আগেই তাই বরিশাল বিভাগের তিনটা শহরে থেকেছি, চারটা স্কুল বদলেছি।
কৈশোর কেটেছে ঢাকায়। ঢাকার সেরা স্কুলে পড়তে এসে কঠিন ডিসিপ্লিন মানতে শিখেছি। আবার স্কুলের বাইরেও শেখার জন্য একটা গোটা শহর ছিল। সাতমসজিদ রোডের আশপাশের একেকটা গলিতে কত রকম মানুষ, একেকজনের কথা বলার ধরন আলাদা, জীবন নিয়ে ভাবার ধরনও আলাদা।
এরপর ২০১৫ সালে পড়াশোনার জন্য দেশের বাইরে চলে আসি। সেই থেকে এগারো বছরে মালয়েশিয়া ও জার্মানিতে থেকেছি, বিশটা দেশে ঘুরেছি, নানা ভাবনার ও সংস্কৃতির মানুষের সঙ্গে মিশেছি। তাই কোনটার প্রভাব কতটুকু, সেই হিসাব মেলানো মুশকিল। আজ আমি যেভাবে মানুষ দেখি ও যেভাবে গল্প বলি, তার পেছনে এই সবকটা জীবনেরই কিছু না কিছু প্রভাব আছে।
আপনি কি নিজের অভিজ্ঞতা থেকে কখনো দূরত্ব তৈরি করতে চান, নাকি লেখার সময় সেই অভিজ্ঞতাই আপনাকে পরিচালিত করে?
অভিজ্ঞতা কাঁচা অবস্থায় লিখলে আত্মজীবনীর ডায়েরি হয়, গল্প হয় না। তাই একটু হয়তো দূরত্ব লাগে। আমি সাধারণত মানুষ, পটভূমি বা স্থান বদলে দিই, তবে অনুভূতিটা রেখে দিই। কারণ অনুভূতিটা আপনাকে লেখক হিসেবে জানতেই হবে।
জার্মানিতে বসবাস করে বাংলাদেশকে দেখার কি নতুন দিক তৈরি হয়েছে? দূরত্ব কি নিজের দেশ, ভাষা ও সংস্কৃতিকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করে, নাকি একধরনের স্মৃতিনির্ভর করে তোলে?
দূর থেকে দেশকে পুরোটা একসাথে দেখা যায়। কাছে থাকলে শুধু জ্যাম, অসংগতি, মিছিল, মারামারি আর মশাই চোখে পড়ে। তবে একটা বিপত্তিও আছে। যে বাংলাদেশকে আমি মিস করি, সেটা আসলে আমার জীবনেরই একটা ভার্শন। তখন জীবিকার চিন্তা ছিল না, পরিবার-সন্তান ছিল না, কোনো গুরুদায়িত্বও ছিল না, ছিল শুধু বন্ধু, আড্ডা আর গান, বাসায় আমার ছোট ভাইদের সাথে হুড়োহুড়ি, বৃষ্টি হলে মাকে আগের রাতে খিচুড়ি রান্না করতে বলে ঘুম, সকালে সেই খিচুড়ির সুগন্ধে ঘুম ভাঙা, বাবার সাথে সকালের হাঁটা, জুম্মার নামাজ পড়তে যাওয়া। আজ সেই আড্ডার বন্ধুদের জীবন অনেক বদলে গেছে, সাথে আমারও। যদিও আমার মা বাবা এখনো আগের মতোই আছেন। এটাই আমার এই দেশের জীবনের একমাত্র কনস্ট্যান্ট ব্যাপার।
তাই বলব দূরত্ব নতুন করে আবিষ্কার করতে শেখায়, আবার স্মৃতির ওপর নির্ভরও করায়। আমি মেনে নিয়েছি যে আমার লেখালেখির বাংলাদেশ ও আজকের বাংলাদেশ হুবহু এক না। ওটা কল্পনার একটা ভার্শন, আর গল্প লেখার জন্য ওই দেশটাকেই বেছে নেই।
কৈশোরে কোন লেখক বা বই আপনাকে প্রভাবিত করেছিল? এখন কার বই পড়ছেন? কার বই খুঁজছেন?
কৈশোর গেছে মুহম্মদ জাফর ইকবাল আর সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা ও মাসুদ রানায়। আরেকটু বড়ো হতেই হুমায়ূন আহমেদ, যিনি শিখিয়েছেন খুব সহজ বাক্যে কঠিন থেকে কঠিনতম কথা বলা যায়। সাথে সমরেশ, সত্যজিৎ, শীর্ষেন্দু আর জহির রায়হান। পরে মুরাকামি আর কাফকা এসে দেখালেন, অদ্ভুত ঘটনাও খুব শান্ত গলায় বলা যায়।
এখন পড়ছি টেড চিয়াংয়ের 'স্টোরিজ অব ইয়োর লাইফ অ্যান্ড আদার্স'। উনি তিরিশ বছরে মাত্র দুইটা গল্পের বই লিখেছেন, আর প্রতিটা গল্পে বিজ্ঞান আর বিশ্বাসকে একই টেবিলে বসান। ইন্টারেস্টিং!
খুঁজছি শহীদুল জহিরের গল্পসমগ্র। জার্মানিতে বসে বইগুলো হাতে পাওয়া কঠিন। কবি শোয়েব সর্বনামের উপদেশে পড়া শুরু করেছিলাম। কয়েকটা গল্প পড়েই একেবারে হুকড হয়ে যাই। আমার সমস্যা হলো, কারো লেখা পছন্দ হলে একেবারে তার লেখা সবকিছুই পড়ে ফেলি, এছাড়া শান্তি নাই। ইবুক ভার্শন তেমন না পাওয়ায় এখনো পড়ার ক্ষুধা মেটেনি।
বাংলা সাহিত্য কি আপনার পাঠ ও চিন্তার জগৎ নির্মাণে ভূমিকা রেখেছে?
অবশ্যই। আমি বাংলায় ভাবি, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় হাসি কাঁদি। শুধু ভূমিকা রেখেছে বললে কম বলা হয়, আমার ভাবনার ঘরটাই বাংলা সাহিত্যে বানানো। এগারো বছর বিদেশে আছি, কাজ করি ইংরেজি আর জার্মানে, কিন্তু কষ্ট পেলে বা অবাক হলে ভেতরের বাক্যটা এখনো বাংলাতেই তৈরি হয়।
বিদেশি লেখকেরা আমাকে নতুন গল্প বলার ধরণ আর বিষয়বস্তু চিনিয়েছেন ঠিকই, কিন্তু সেই জানালা দিয়ে আমি যা ভাবি বা দেখি, তা বাংলাতেই দেখি।
আমার কাছে বাংলা সাহিত্য মানে শুধু ছাপা বই না। ছোটোবেলায় নানি-দাদির মুখে শোনা গল্প, গানের কথা, জিন ভূতের গল্প, কুসংস্কার, প্রবাদ, এগুলোও বাংলা সাহিত্য। লিখতে বসলে আমি এখনো আগে মনে মনে সেভাবেই গল্পটা নিজেকে বা সহধর্মিণীকে বলি, তারপর লিখি।
অভিনব গল্পের ধারণা এবং সেই ধারণাকে ভাষা ও আঙ্গিকের মাধ্যমে কীভাবে শিল্পে রূপান্তর করেন?
ধারণা তো সবার মাথায়ই আসে। ঝামেলা শুরু হয় এরপর, যখন সেটাকে একটা মানুষের জীবনে বসাতে হয়। আমি তখন নিজেকে জিজ্ঞেস করি, এই জিনিসটা সত্যি হলে কার জীবন সবচেয়ে বেশি ওলটপালট হতো? যার কথা মাথায় আসে, সে-ই গল্পের প্রধান চরিত্র হয়ে যায়।
তারপর অনেকটা সময় যায় ওই চরিত্রের পেছনে ঘুরে। কোথায় থাকে, কী করে, কীসে ভয় পায়, কোন কথাটা কাউকে বলতে পারে না। আমার ধারণা, পাঠক আইডিয়ার জন্য গল্প পড়ে না। পড়ে ওই মানুষটার শেষ পর্যন্ত কী হলো, সেটা জানার জন্য।
আর এটা একবারে হয়ও না। আমার প্রথম ড্রাফট বেশিরভাগ সময়ই বক্তৃতার মতো শোনায়, পড়লে নিজেরই বিরক্ত লাগে। তখন কাটাছেঁড়া শুরু হয়, কয়েক দফা। শিল্প বলে কিছু যদি হয়েই থাকে, আমার মনে হয় সেটা ওই কাটাছেঁড়ার সময়ই হয়।
আপনার গল্পে বাস্তবতার ভেতর থেকে পরাবাস্তবতার জন্ম হয়, আবার বাস্তবে ফিরে আসে, এ বিষয়টি নিয়ে কীভাবে ভাবেন।
আমি আসলে আলাদা করে পরাবাস্তব কিছু লিখতে বসি না। যে জীবন দেখে বড়ো হয়েছি, সেখানে দুটিই মিশেই ছিল। কেউ মারা গেলে বাসার লোক বলত, গতকাল রাতে উনি স্বপ্নে এসে অমুক কথাটা বলে গেছেন, সবাই সেটা মেনেও নিত খুব সহজে। সন্ধ্যার পরে কোন গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না, কোন বাসার ছাদে রাতে নূপুরের আওয়াজ, কোন মাঠে জিন গোরুকে আছাড় দেয়, কোন পুকুরে সোনার কলসি ভেসে উঠে, রাতের বেলা লুকোচুরি খেললে ছায়াভূত কীভাবে বাচ্চাদের ছায়া জগতে নিয়ে যায়, আমার কাছে এগুলোর কোনোটাই বানানো গল্প না, ছেলেবেলার কল্পনাজগতের বড়ো অংশ।
লেখার সময় আমার মনে হয়, মানুষের জীবনে কিছু জিনিস থাকে যা সহজে বলা যায় না। শোক, অপরাধবোধ, কাউকে শেষ কথাটা না বলতে পারার কষ্ট। এগুলো বোঝাতে গেলে বাস্তবের ভাষা কম পড়ে যায়। তখন গল্পে একটু অস্বাভাবিক কিছু ঢুকেই পড়ে, আর অদ্ভুতভাবে ওটা দিয়েই আসল কথাটা সবচেয়ে সহজভাবে বলা যায়।
বাস্তবেও আবার ফিরে আসি, কারণ চরিত্রগুলোকে তো শেষে এই দুনিয়াতেই থাকতে হয়। তাদের ভাড়া দিতে হয়, চাকরিতে যেতে হয়, আনন্দ, কষ্ট সবই পেতে হয়। আমি ইচ্ছা করেই চেষ্টা করি ঘটনাটার কোনো চূড়ান্ত ব্যাখ্যা না দিতে। কেউ ভাববে সত্যিই কিছু একটা ঘটেছিল, কেউ ভাববে মানুষটার মনের ভুল। দুনিয়ার নানা বিষয়ও কিন্তু এমনই।
আপনার গল্পে বিজ্ঞান, ধর্ম, লোকবিশ্বাস, দর্শন ও প্রযুক্তির নানা অনুষঙ্গ আসে। এগুলো কি আপনার কাছে গল্প বলার উপকরণ, নাকি মানুষের অস্তিত্ব বোঝার পৃথক পৃথক কাঠামো?
আমার কাছে এগুলো খুব আলাদা জিনিস মনে হয় না। একজন আধ্যাত্মিক সাধকের জীবন অনেকটা শিশুর মতো, কল্পনায় ভরা। কিন্তু সেই জগতেরও নিজস্ব নিয়ম আছে, শৃঙ্খলা আছে, যা খুশি তা-ই ভাবা যায় না।
আবার বিজ্ঞানীরাও একরকম সাধক। তাদেরও শুরুটা হয় একটা অনুমান বা ভেতরের টান থেকে। পার্থক্য হলো, তারা সেই অনুমানকে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টাটাই করেন সারা জীবন গবেষণা করে।
আমি নিজে বড়ো হয়েছি রূপকথা আর গ্রামের জ্বিন-ভূতের গল্প শুনে। তারপর এল ডিজনি, হ্যারি পটার, আরেকটু বড়ো হয়ে গেম অব থ্রোনস। সেই মানুষটাই পরে গিয়ে বিজ্ঞান বিষয়ক দুইটা ডিগ্রি নিয়েছে। ফলে আমার ভাবনার ভেতরে এই দুই জগৎ পাশাপাশিই অবস্থান করে, কেউ কাউকে সরিয়ে দিতে পারেনি। একটা ঘটনা শুনলে আমার এক অংশ যুক্তি ও প্রমাণ খোঁজে, আরেক অংশ জিজ্ঞেস করে, যদি সত্যিই এমন হয়?
গল্পে বিজ্ঞান আর বিশ্বাস একসাথে আসে ওই জায়গা থেকেই। আমি পরিকল্পনা করে এদের মেশাই না, আমি এভাবেই ভাবি। আবেগ আর যুক্তির যুদ্ধ এক।
আপনার অনেকগুলো গল্প উত্তম পুরুষে লেখা। এই বর্ণনাভঙ্গি কেন?
স্বীকারোক্তির স্বরে গল্প বলার একটা আলাদা জোর আছে। আমি গানও করি, তাই হয়তো নিজের গলায় ছাড়া গল্পও বলতে পারি না। আর এভাবে গল্প বললে মনে হয় নিজেরই কোন একটা না পাওয়া জীবনের ভার্শন সবাইকে শোনাচ্ছি। গল্পের সব কথকের মধ্যেই নিজেকে একটু ঢোকানোর চেষ্টা করি। লিখতেও আরাম পাই।
এর পেছনে অবশ্য আমার কিছু প্রিয় লেখকের হাত আছে। স্কুলে শরৎচন্দ্রের 'বিলাসী' পড়েছিলাম, ন্যাড়া নামের একটা ছেলে নিজের মুখে গল্পটা বলে। পরে মুরাকামির বেশকিছু গল্পেও এই ভঙ্গি, যে খুব সাধারণ গলায় অদ্ভুত সব ঘটনা বলে যায়, বিশেষভাবে, 'কনফেশনস অব আ শিনাগাওয়া মাংকি' ও 'নরওয়েজিয়ান উড' আমার খুবই পছন্দ।
চেতন ভগতও আছেন। উনি দেখিয়েছেন, উত্তম পুরুষে বন্ধুর মতো করে গল্প বললে যে মানুষ বই পড়ে না, সেও পড়ে। আর সবচেয়ে পছন্দের গল্প এডগার অ্যালান পোর 'দ্য টেল-টেল হার্ট', যেখানে একজন খুনি পুরো গল্পজুড়ে পাঠককে বোঝাতে চায় সে পাগল না। ওই গল্প থেকে আরেকটা ব্যাপার শিখেছি। উত্তম পুরুষের বর্ণনাকারী ভুল করতে পারে, মিথ্যাও বলতে পারে। পাঠককে তখন নিজে ঠিক করতে হয়, লোকটাকে কতটুকু বিশ্বাস করবে। সর্বজ্ঞ লেখকের ওই স্বাধীনতা নেই।
আপনি কি প্রথমে পূর্ণাঙ্গ গল্প কল্পনা করেন, নাকি একটি দৃশ্য, চরিত্র কিংবা বিচ্ছিন্ন ভাবনা থেকে গল্পের জন্ম হয়?
পুরো গল্প কখনো একসাথে আসে না। আসে একটা দৃশ্য বা একটা ভাবনা।
'সুর' গল্প নিয়ে প্রথম ভাবনা শুরু হয়েছিল জার্মানির হ্যামেলিন শহরে ঘুরতে গিয়ে। এ শহরের বাঁশিওয়ালার গল্পটা ছোটোবেলায় পড়েছি, কিন্তু ওই শহরে গিয়ে জানলাম, সেখানকার একটা রাস্তায় আজও গানবাজনা পুরোপুরি নিষিদ্ধ। কারণ কথিত আছে, ওই রাস্তাতেই বাঁশিওয়ালার পেছনে শহরের ১৩০টা বাচ্চাকে শেষবার দেখা গিয়েছিল। তারপর তারা পাহাড়ের এক গুহায় চিরদিনের মতো হারিয়ে যায়।
ওখান থেকেই প্রশ্নগুলো আসতে শুরু করল। কোন সুর শুনলে মানুষ সম্মোহিত হতে পারে? সুরের কি আলাদা কোনো শক্তি আছে? কোরানের আয়াত কেন সুর করে পড়া হয়? কেন শিঙায় এক ফুঁ দিলেই সব শেষ, আরেক ফুঁতে সব আবার উঠে দাঁড়াবে? কেন 'কুন ফায়াকুন' বলা হলো আর আমরা অস্তিত্ব পেলাম? বৃষ্টির শব্দে কেন শান্তি লাগে, মায়ের গানের গলা কেন এত মধুর?
আসলে প্রশ্নগুলো নতুন না। পাঁচ বছর বয়স থেকে গান শিখছি আর গাইছি, তাই এগুলো সারা জীবনই আমার সাথে ছিল। দাদি কিন্তু ছোটোবেলায় আমাকে সত্যিই বলেছিলেন, রাতের বেলা গান বাজাতে নেই, বাজালে জ্বিন আসে।
এমন আরও অনেক প্রশ্ন নিয়ে আমি ঘুরে বেড়াই। গল্পগুলো সেই প্রশ্নগুলোকে সহজভাবে বলার একটা উপায়। শেষটা সাধারণত সবার শেষে পাই, কখনো কখনো পুরো গল্প কয়েকবার কাটাছেঁড়া করে লেখার পরে।
গল্পে দার্শনিক বক্তব্য ও প্রবচনধর্মী বাক্য প্রতিষ্ঠা করতে গেলে কি গল্পের স্বাভাবিকতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়?
ঝুঁকি তো আছেই, আমি নিজে অনেকবার সেই গর্তে পড়েছি। এখন একটা নিয়ম মানি। কোনো লাইন কেটে দিলে যদি গল্পের কাহিনিতে ক্ষত না হয়, তাহলে লাইনটা গল্পের ছিল না, শুধুই আমার বক্তব্য ছিল। প্রবচন তখনই টেকে, যখন তার আগে একটা ঘটনা সেটা ডিজার্ভ করে। আর কথাটা অবশ্যই চরিত্রকেই বলতে হবে, লেখক না।
প্রথম গল্পগ্রন্থ প্রকাশের পর নিজের লেখালেখিকে কীভাবে দেখছেন?
আমি ছোটোবেলা থেকে বহুবার মঞ্চে মানুষের সামনে গান করেছি। গানে একটা সুবিধা আছে, গাইতে গাইতেই দর্শকের মুখ দেখা যায়, ভালো লাগছে কি না সাথে সাথে বোঝা যায়। বই ঠিক উলটো। কে কোথায় বসে কোন গল্পটা পড়ছে, পড়ে কী ভাবছে, আমি কিছুই জানি না। বই বের হওয়ার পর এই না-জানাটা প্রথমে খুব অস্থির করেছিল।
তারপর পাঠকেরা ছবি পাঠাতে শুরু করলেন। কারও বিছানার পাশে বইটা, কারও বইয়ের তাকে, কারও চায়ের কাপের পাশে, কারও প্রিয়জনের হাতে উপহার, গল্প পড়ে একেক পাঠকের একেক ভাবনা, প্রতিক্রিয়া। তখন বুঝলাম, লেখার হাততালি দেরিতে আসে। এর স্বাদই আলাদা।
ফেসবুকের পোস্ট এডিট করা যায়, ছাপা বইতে তো যায় না। তাই কোন বাক্যটা কাটা উচিত ছিল, কোন গল্পের শেষটা আরও ভালো হতে পারত, এখন পরিষ্কার চোখে পড়ে। অস্বস্তি লাগে, কিন্তু মনে হয় এই অস্বস্তিটা না থাকলে পরের বইটা ভালো হবে না।
এক কথায় বললে, আগে লিখতাম শখে, এখন লিখি একটু ভয় নিয়ে। তবে মনের খোরাক মিটাতে এই ভয় পেতে আমি রাজি।
'সুর' প্রকাশের পর বিপুল জনপ্রিয়তা আপনাকে কীভাবে তাড়িত করছে?
আনন্দ আর উৎসাহ তো দিয়েছেই, সাথে একটু অস্বস্তিও। এখন যা-ই লিখি, কেউ না কেউ বলে "সুরের মতো হয়নি"। আমি এটাকে ভালো ফিডব্যাক হিসেবেই নিই। তবে আগের মতো শুধু নিজের মনের সুখের জন্য লিখতে পারছি না। পাঠক কেমন পছন্দ করবে, কতটা তারা রিলেট করবে এই ভাবনাগুলো না চাইতেও মাথায় চলে আসে।
আবার মাঝে মাঝে ভয় হয়, 'সুর'-এর মতো কিছু কি আর কখনো লিখতে পারব? হয়তো এর মধ্যে লিখেও ফেলেছি, কিংবা সামনে লিখব। তবে সুরের প্রতি ভালোবাসার অনুভূতিটা আমি বা পাঠক, কেউই আর প্রথমবারের মতো করে হয়তো পাব না।
মাইলসের সেই গানটার মতো, প্রথম প্রেমের মতো, প্রথম কবিতা এসে বলে— "হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে"
জনপ্রিয়তা কি আপনাকে একই ধরনের লেখা লিখতে উদ্বুদ্ধ করছে? বাজারের দিকে তাকিয়ে থাকতে প্ররোচিত করছে কিনা? আপনি কি প্রকাশকের শ্রমিকে পরিণত হবেন কিনা?
লোভ যে হয় না, তা বললে মিথ্যা বলা হবে। একটা লেখা মানুষ পছন্দ করলে মনে হয়, আরেকটা ওরকম লিখে ফেলি। কিন্তু আমি সবসময় চাই, একই গল্প বা একই ভাবনা যেন দুইটা গল্পে ফিরে না আসে।
আমার একটা সুবিধাও আছে। আমার জীবিকা লেখা থেকে আসে না, তাই বাজারের দিকে তাকিয়ে লেখার দরকার পড়ে না।
প্রকাশকের সাথে আমার সম্পর্কটা শ্রমিক-মালিকের না। আমি একজন নতুন লেখক, আর আমার প্রকাশক একান্ত শুভাকাঙ্ক্ষী একজন মেন্টরের মতো তার বিপুল অভিজ্ঞতা থেকে আমাকে পথ দেখান। তিনি যে পরামর্শগুলো দেন, তার কোনোটাই আমাকে বাজারের দিকে ঠেলে দেওয়ার জন্য না, সবই আমার লেখালেখির উন্নতির জন্য। আমার প্রথম বইটা এত যত্নে ছেপে মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ।
যেদিন অন্য কেউ আমার লেখার বিষয়াদি ঠিক করে দেবে, সেদিন লেখাটা আর আমার থাকবে না।
মনের খোরাক মেটানোই এখনো আমার লেখালেখির মূল লক্ষ্য। সাথে যদি কিছু পাঠকের ভালোবাসা পাই, কারও মনোজগতে একটু জায়গা পাই, সেটা বাড়তি পাওয়া।
জনপ্রিয় লেখকদের কথিত 'সিরিয়াস' লেখকরা পাত্তা দেন না, আপনি কি 'সিরিয়াস' লেখকদের সম্পর্কে জানেন?
কে পাত্তা দিল আর কে দিল না, এটা ভেবে লিখতে বসলে আমি কোনোদিন লেখা শুরুই করতে পারতাম না।
আমি নিজেকে সিরিয়াস সাহিত্যিক মনে করি না। গল্প লিখি আত্মার তৃপ্তির জন্য। পাঠকের প্রতিক্রিয়া শোনার লোভ হয়, তাই ফেসবুকেও অনেক লেখা পোস্ট করি। স্বপ্নপূরণের প্রত্যাশায় একটা বই লিখে ফেলেছি। তবে আমার গল্প বলা এখনো শেষ হয়নি, আরও অনেক কিছু বলার আছে। তাই আরো কিছুদিন লিখে যেতে চাই।
আমি চাই, আমার গল্পগুলো পড়ে পাঠক আমার ভাবনাগুলোকে নিজের ভাবনার জগতে একটু জায়গা দিক। এটুকুতেই আমার শান্তি। হয়তো একটা কথা জেনে অবাক হবেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি লেখক প্রথম আলোতে আমার 'ঘুম' গল্পটা পড়ে নিজে ফোন করে প্রশংসা করেছেন। এরপর থেকে পাত্তা পাওয়া না-পাওয়া নিয়ে আমি আরও কম ভাবি। তবে হ্যাঁ, হুমায়ূন আহমেদ স্যার যদি আজ থাকতেন আর আমার লেখা পড়ে পাত্তা না দিতেন, তাহলে একটু কষ্ট পেতাম।
বিশ্ববিদ্যালয়গুলোর বাংলা বিভাগ আপনার লেখায় 'সমাজবাস্তবতা' খুঁজবে কীভাবে?
বিশ বছরের সৎ শিক্ষক মেয়ের ক্যান্সারের এক কোটি টাকা জোগাড় করতে গিয়ে প্রশ্নফাঁসের কারবারির দরজায় দাঁড়ান। 'কেক'-এ করপোরেট অফিস কর্মীকে 'ফ্যামিলি' ডাকে, আর সে ডেস্কে মাথা রেখে মরে গেলে জানাজার আগে তার ল্যাপটপের পাসওয়ার্ড চায়। 'অনুমতি'-তে মিরপুরের এক মধ্যবিত্ত মেয়ে নিজের বাবা-মায়ের নামে মামলা করতে যায়, কারণ তাকে না জিজ্ঞেস করে এই অভাবের সংসারে আনা হয়েছে। 'বলি'-তে জমিদার নায়েবকে দিয়ে সতেরো বছর জুলুম করিয়ে শেষে তাকেই হাটের মাঝখানে মুণ্ডুপাত করার নির্দেশ দেন, আর প্রজারা জমিদারের জয়ধ্বনি দেয়।
'পাগলা'-তে সৌদিতে কাজ করতে যাওয়া বউ লাশ হয়ে ফেরে। 'বোকা'-তে এক ভাই যুক্তিবান আর সফল, আরেক ভাই সহজ-সরল, আর গল্পের শেষে পাঠক আর নিশ্চিত থাকে না, সমাজ যাকে বোকা ডাকে সে-ই আসলে বোকা কি না।
চিকিৎসার খরচে নিঃস্ব হওয়া পরিবার, প্রশ্নফাঁস, কর্পোরেট জীবনের শোষণ, প্রবাসী নারী শ্রমিক, বেকারত্ব—এর কোনটা কি সমাজের বাইরের? আমি শুধু গল্পের কপালে 'সমাজবাস্তবতা' লিখে দিই না। ওটা লিখে দেওয়া বাংলা বিভাগের কাজ, আমার কাজ গল্পটা এমনভাবে বলা যাতে ছাত্র সিলেবাসে না থাকলেও পড়ে।
আপনি কি সমকালীন লেখকদের অহংকার, তাচ্ছিল্য ও নীরবতার স্পর্শ পেয়েছেন?
নীরবতার মানে বোঝা একটু মুশকিল। আমি নিজেও কত লেখা পড়ে কিছু লিখি না, অথচ তার কোনো কোনোটা অনেক দিন মনে থাকে। তাই কেউ আমার লেখা নিয়ে চুপ থাকলেই আমি ধরে নিই না যে তিনি আমাকে তাচ্ছিল্য করছেন। আমার লেখা কারও ভালো না-ও লাগতে পারে, সেটাও খুব স্বাভাবিক।
আমি বরং তাদের কথাই বলতে পারি, যারা আগ্রহ নিয়ে পড়েছেন, কোথায় ভালো লেগেছে আর কোথায় খটকা লেগেছে জানিয়েছেন। আর অবাক হয়েছি উলটো অভিজ্ঞতাটা পেয়ে। কয়েকজন অগ্রজ সম্পাদক আর লেখক নিজে থেকে আমার লেখা পড়েছেন, ভুল ধরিয়ে দিয়েছেন, কীভাবে আরও ভালো লেখা যায় সেই পরামর্শ দিয়েছেন।
একজনের কথা না বললেই নয়, সাহিত্যিক ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। তিনি আমাকে দারুণ সব ছোটোগল্প পড়ার পরামর্শ দিয়েছেন, আর আমার গল্পে কী যোগ করলে বা কী বদলালে সেটা আরও সার্থক একটা গল্প হয়ে উঠতে পারে, সেই উপদেশও দিয়েছেন।
বাংলাদেশের ছোটোগল্পের কী রকম সংকট আপনার চোখে পড়েছে?
পাঠক হিসেবে বললে, ভালো ছোটোগল্পের অভাব আছে। আমার ধারণা, এর একটা বড়ো কারণ সিরিয়াস লেখকদের অনেকেই হয়তো ছোটোগল্প লিখতে চান না। পাঠক বই হিসেবে উপন্যাসই হাতে পেতে চায়। লেখকের সেরা ভাবনাটা তাই উপন্যাসের দিকেই চলে যায়।
ছাপার জায়গাও কমে এসেছে। বছরে একবার ঈদসংখ্যা, আর হাতে গোনা কয়েকটা পত্রিকার সাপ্তাহিক সাহিত্য পাতা, মোটামুটি এই হলো পুরো মাঠ। সেখানে নতুন লেখকের গল্পের জায়গা হওয়া খুব কঠিন। অনেকে তাই ফেসবুকেই লেখেন। আশ্চর্যজনকভাবে বেশ ভালো পাঠকপ্রিয়তা অনেকেই পাচ্ছেন।
এখানে আছে পাঠকের মনোযোগের ব্যাপারটা। সোশাল মিডিয়ার গল্পকে পাল্লা দিতে হয় রিল আর নোটিফিকেশনের সাথে। প্রথম তিন লাইনে পাঠকের অ্যাটেনশন ধরতে না পারলে পাঠক পরের পোস্টে চলে যায়। তাক লেখক গল্পের শুরুতে হুক রাখে। কিন্তু যে গল্প ধীরে ধীরে খোলে, তার জন্য সময়টা কঠিন।
তবু আমি হতাশ না। একটা গল্প ভালো লাগলে এখনো হাজার হাজার মানুষ সেটা পড়েন, শেয়ার করেন, লেখককে খুঁজে বের করে মেসেজ পাঠান, তার বই বের হলে কিনে পড়েন। এটা আমি নিজের বেলায় দেখেছি। পাঠক ঠিকই আছে। আমার চোখে সংকটটা হলো, তাদের হাতে ভালো গল্প পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটা হয়তো দুর্বল।