জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’

শিল্পী পরিচিতি

জান্নাতুন নূর সাইমুম বাংলাদেশভিত্তিক দৃশ্যশিল্পী, যার শিল্পচর্চা চিত্রকলা ও টেক্সটাইলভিত্তিক বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিস্তৃত। ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির মধ্য থেকে বিষয় নিয়ে তিনি কাপড়, শাড়ি ও ব্যবহৃত পোশাকের মতো উপকরণে সেলাই, স্তর তৈরি ও এপ্লিকের মাধ্যমে কাজ করেন। এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি স্মৃতিকে স্পর্শযোগ্য পৃষ্ঠে ধারণ করার চেষ্টা করেন এবং একই সঙ্গে জীবন-অভিজ্ঞতা, সময় ও দৈনন্দিন জীবনের নীরব শ্রমের উপস্থিতি নিয়ে ভাবেন।

সাইমুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের চিত্রকলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর উভয় শিক্ষাবর্ষে ‘শিল্পী মুর্তজা বশীর স্মৃতিবৃত্তি’ লাভ করেন। তার কাজ দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২৪তম জাতীয় তরুণ শিল্পী চারুকলা প্রদর্শনী, নেদারল্যান্ডস দূতাবাস আয়োজিত ‘Transformation: Youth Art Exhibition’ এবং নেপাল ও ভারতে অনুষ্ঠিত ‘South Asian Playground (SAP)’-এর বিভিন্ন কার্যক্রম।

বোধ—১

 

বোধ—২

 

বোধ—৩

 

বোধ—৪

 

বোধ—৫

 

বোধ—৬

 

বোধ—৭

 

বোধ—৮

 

বোধ—৯


বোধ—১০

বোধ—১১

 

বোধ—১২

 


শিল্পীর কথা

‘বোধ’ সিরিজটি জীবনানন্দ দাশের কবিতা ‘বোধ’-এর সঙ্গে এক ধরনের ব্যক্তিগত সংযোগ থেকে তৈরি। জীবনের কিছু মুহূর্তে, যখন বাইরের পৃথিবী স্বাভাবিকভাবে চলতে থাকে, তখনও ভেতরে তৈরি হতে পারে এক ধরনের শূন্যতা, অস্থিরতা ও বিচ্ছিন্নতা। কবিতার সেই অনুভূতি আমাকে নিজের ভেতরের দ্বন্দ্ব ও অনুভূতিগুলোর দিকে ফিরে তাকাতে অনুপ্রাণিত করেছে।

সময়, স্মৃতি ও নস্টালজিয়া আমার শিল্পচর্চার গুরুত্বপূর্ণ অংশ। অতীতের কিছু মুহূর্ত ও অনুভূতি হারিয়ে গেলেও তাদের প্রভাব আমাদের মধ্যে থেকে যায়। কখনো কোনো স্মৃতি, কখনো কোনো অনুভূতি কিংবা কোনো পরিচিত দৃশ্য আমাদের আবার সেই সময়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। ‘বোধ’ সিরিজে সেই ফিরে আসার অনুভূতি ও স্মৃতিকে কাপড়ের ওপর এপ্লিকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।

কাপড়ের সঙ্গে শরীর, ব্যবহার, সময় ও স্মৃতির একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে। কাপড়ের টুকরো, তাদের স্তর, সংযোগ ও বিন্যাসের মধ্য দিয়ে ভেতরের কিছু অস্পষ্ট অনুভূতিকে দৃশ্যমান করার চেষ্টা করেছি। একটি অনুভূতি যেমন সম্পূর্ণ স্পষ্ট বা স্থির নয়, কাজগুলোর আকার ও গঠনেও সেই অনিশ্চয়তা ও অসম্পূর্ণতাকে ধরে রাখার চেষ্টা রয়েছে।