বাংলা ভাষায় লাতিন আমেরিকার কথাসাহিত্য নিয়ে পাঠ ও সমালোচনামূলক মূল্যায়নের বইয়ের ঘাটতি দীর্ঘদিনের। সেই ঘাটতি পূরণের উদ্যোগ হিসেবে প্রকাশিত হয়েছে ‘পাঠ ও মূল্যায়ন: লাতিন আমেরিকান কথাসাহিত্য (আস্তুরিয়াস, কার্পেন্তিয়ের, মার্কেজ)’। মুহম্মদ মুহসিন সম্পাদিত বইটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন।
লাতিন আমেরিকার সাহিত্যের ইতিহাস নিয়ে তরুণ কুমার ঘটকের 'লাতিন আমেরিকার সাহিত্যের ইতিহাস' বহুল উদ্ধৃত হলেও, নির্দিষ্ট সাহিত্যকর্মকে সমালোচনামূলকভাবে পাঠ ও মূল্যায়নের ক্ষেত্রে বাংলায় বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম। নতুন এই সংকলনের লক্ষ্য সেই জায়গাটিই পূরণ করা।
বইটিতে লাতিন আমেরিকার ‘বুম’ পর্ব থেকে সমকাল পর্যন্ত বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা মিগুয়েল আনহেল আস্তুরিয়াস, আলেহো কার্পেন্তিয়ের এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নির্বাচিত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সমালোচনা, সাক্ষাৎকার ও তাত্ত্বিক পাঠ একত্র করা হয়েছে।
আস্তুরিয়াস-পর্বে রয়েছে তার সংক্ষিপ্ত পরিচিতি, মায়া সংস্কৃতির সঙ্গে তার সাহিত্যের সম্পর্ক, 'মুলাতা দে তাল', 'দি প্রেসিডেন্ট', 'মেন অব মেইজ'সহ বিভিন্ন রচনা নিয়ে আলোচনা। পাশাপাশি রয়েছে নিজের সাহিত্য নিয়ে আস্তুরিয়াসের একটি সাক্ষাৎকার।
কার্পেন্তিয়েরকে নিয়ে অংশে তার সাহিত্যিক পরিচিতির পাশাপাশি 'এক্সপ্লোশন ইন আ ক্যাথেড্রাল', 'দি লস্ট স্টেপস' এবং তার অন্যান্য গ্রন্থ ও সংশ্লিষ্ট তত্ত্ব নিয়ে আলোচনা রয়েছে। কার্পেন্তিয়েরের সঙ্গে অরলান্দো কাস্তেয়ানোসের আলাপচারিতাও স্থান পেয়েছে সংকলনে।
বইটির সবচেয়ে বড়ো অংশজুড়ে রয়েছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তার সংক্ষিপ্ত পরিচিতির পাশাপাশি 'নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল', 'ইন ইভিল আওয়ার', 'লাভ ইন দ্য টাইম অব কলেরা', 'ক্রনিকল অব আ ডেথ ফোরটোল্ড' এবং 'দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ' নিয়ে বিভিন্ন লেখকের বিশ্লেষণ রয়েছে। মার্কেজের সাহিত্য ও আমেরিকা আবিষ্কারের সম্পর্ক, প্রেম ও ক্ষমতার রাজনীতি, আধুনিকতা ও প্রান্তিকতা এবং সময়ের ধারণাও আলোচনায় এসেছে।
সংকলনে রয়েছে মার্কেজের নোবেল বক্তৃতা 'দ্য সলিটিউড অব লাতিন আমেরিকা'-এর বাংলা অনুবাদও। ফলে বইটি শুধু সাহিত্যকর্মের পরিচিতি নয়, লাতিন আমেরিকান কথাসাহিত্যের নন্দনতত্ত্ব, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও তাত্ত্বিক পাঠের একটি সমন্বিত সংকলন হিসেবেও পাঠকের সামনে হাজির হয়েছে।
সম্পাদকের ভাষ্য অনুযায়ী, বিশ্বসাহিত্যের এসব গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের শ্রেষ্ঠত্বের নির্ণায়ক ও সমালোচনামূলক পাঠ বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়াই বইটির অন্যতম উদ্দেশ্য।
সম্পাদক: মুহম্মদ মুহসিন
প্রকাশক: কাগজ প্রকাশন
মুদ্রিত মূল্য: ৫৫০ টাকা