মুসাফির

চারিদিক ঘোর অমানিশা, তবু মনে ভয় নেই,
বেদনার ক্ষণ ভাবি যতবার—
পাঁজর ভাঙে ততবার,
নিয়তিরই নিষ্ঠুর ছলে জীবনের ক্ষয় সেই।

আলো-মোড়া সুখের স্মৃতি খুঁজি পথে পথে,
চোখের তারায় আঁকি সুখ,
মিছে সাধনায় বাড়ে দুখ,
তবু আশায় পথ চেয়ে রই অবুঝের মতো।

আশার ঠিকানা হারায় ধীরে সময়েরই স্রোতে,
চেনা সুখের নীড় ছাড়িয়ে,
চেনা মুখ সব যায় হারিয়ে,
জীবন-জ্বালায় দগ্ধ হৃদয় বিরহেরই ক্ষতে।

দীর্ঘ রজনী, শ্রান্ত সফর, সীমাহীন দূরে,
কুয়াশা-ঢাকা পথের কিনার,
নীরব দাঁড়ায় প্রাচীন মিনার,
চলেছি কোথায়, কোন অজানায়, দিগন্ত ঘুরে ঘুরে!

শহরজুড়ে স্তব্ধতা আর ঘুমন্ত পথের রাত,
নিশুতি রাতের ঘন কুয়াশায়,
জ্যোৎস্না-ঢাকা মায়া ছায়ায়,
নীরব প্রহর ছুটে চলে যান্ত্রিক রথ অবিরত।